দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর ক্যাম্পাসে হামলা এবং তার পরবর্তী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদের আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নিজের বার্তা পাঠান তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক হিসেবে প্রতিষ্ঠানের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন নবতিপর এই প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ।
ইমেল মারফত পাঠানো বার্তায় অমর্ত্য সেন লিখেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে, তা জেনে আমি হতবাক। এর আগে কখনও রাজনৈতিক হিংসা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার এমন প্রয়োজনীয়তা তৈরি হয়নি।” তিনি আরও বলেন, দেশের অন্যান্য সাধারণ নাগরিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণকারী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এখন অত্যন্ত জরুরি। নিজের দীর্ঘ স্মৃতির কথা স্মরণ করে তিনি জানান, প্রায় ৭০ বছর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর অধ্যাপনা জীবন শুরু করেছিলেন এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আত্মিক ও নিবিড় যোগ রয়েছে।
শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের নেপথ্যে থাকা সাম্প্রদায়িক ভাবনার বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানিয়েছেন অমর্ত্য সেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “হিংসা থেকে মুক্তির অধিকার আমাদের সকলের রয়েছে।” উল্লেখ্য, সম্প্রতি এসআরএফটিআই ক্যাম্পাসে অনুষ্ঠান ও বহিরাগতদের হামলা ঘিরে চলা ছাত্র বিক্ষোভ এবং এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। এর আগে অভিনেতা নসীরুদ্দীন শাহ এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরাও এই আন্দোলনে সংহতি জানিয়েছেন। এবার নোবেলজয়ী অমর্ত্য সেনের এই কড়া বার্তা শিক্ষাঙ্গনের নিরাপত্তা এবং ছাত্র আন্দোলনের ইস্যুকে আরও জোরালো করে তুলল।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।