আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাম মন্দিরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সমাজবাদী পার্টির (SP) সভাপতি অখিলেশ যাদবের প্রথমবার অযোধ্যার রাম মন্দির দর্শনে যাওয়ার পরিকল্পনার কথা সামনে আসতেই তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পবিত্র অযোধ্যা নগরীতে আয়োজিত ১০ম ‘দীপ উৎসব’ (Deepotsav)-এর বর্ণাঢ্য মঞ্চ থেকে নাম না করে সমাজবাদী পার্টি সুপ্রিমোকে কড়া বার্তা দিয়ে যোগী জানান, অখিলেশ অযোধ্যায় আসতে পারেন, তবে তার আগে ১৯৯০ সালের ঘটনার জন্য রামভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
দশম দীপ উৎসবে হাজার হাজার মাটির প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “যাঁরা একদা অযোধ্যাকে রক্তাক্ত করেছিলেন, আজ তাঁরাও অযোধ্যাকে স্মরণ করছেন। ভগবান অত্যন্ত দয়ালু, তিনি সবাইকে ক্ষমা করেন। কিন্তু ক্ষমতার অহংকার চূর্ণ করতে ঈশ্বরের বেশি সময় লাগে না। তাঁরা অবশ্যই অযোধ্যায় আসুন, তবে তার আগে রামভক্তদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত।” যোগী মূলত ১৯৯০ সালে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের আমলে রাম মন্দির আন্দোলনের সময় কারসেবকদের ওপর পুলিশি গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করে এই মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রামভক্তদের তৈরি ইতিহাস ও এই ভক্তির পর আর কেউ ভক্তদের ওপর গুলি চালানোর সাহস দেখাবে না।
অন্যদিকে, আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছে সমাজবাদী পার্টি। এসপি নেতা পবন পান্ডে নিশ্চিত করেছেন যে, আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদব তাঁর স্ত্রী তথা মৈনপুরীর সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে রামলালা ও হনুমানগড়িতে পুজো দেবেন। উল্লেখ্য, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মিত হলেও অখিলেশ এযাবৎকাল সেখানে যাননি। সমাজবাদী পার্টির এই পদক্ষেপকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা এবং ‘সুবিধাবাদী রাজনীতি’ বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।