ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR)-এর বিরুদ্ধে এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবিতে কেরলের কোচিনে রাজেন্দ্র ময়দানে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করল ‘কক্রোচ জনতা পার্টি’ (CJP)। ‘কোচিনে যন্তর মন্তর’ শীর্ষক এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চরম আক্রমণ শানান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও প্রখ্যাত অভিনেতা-অধিকার রক্ষা কর্মী প্রকাশ রাজ। দিল্লি পুলিশের গ্রেফতারির পর জামিনে মুক্ত হয়ে এটিই ছিল কেরলে সিজেপির প্রথম বড় ধরণের গণবিক্ষোভ।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে অভিজিৎ দীপক মোদী সরকারের বৈদেশিক ও বাণিজ্যিক নীতি তুলে ধরে সরব হন। সিজেপির বিরুদ্ধে বহিরাগত শক্তির ইন্ধন থাকার শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়ে দীপক উল্টে প্রশ্ন তোলেন, “ট্রাম্পের সামনে ভারত সমর্পণ করেছে কি না? ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়ার কাজ আপনারা করেছেন, আমরা নয়। আর যাঁর কাছে দেশকে বিক্রি করেছেন, তিনি নিজেই আজ এক চরম সংকটে আটকে গেছেন।” পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, গোটা দেশজুড়ে পরিকল্পনা মাফিক সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।
প্রতিবাদ সভায় উপস্থিত অভিনেতা প্রকাশ রাজের পাশাপাশি সিজেপির শীর্ষনেত্রী আফরিন নওয়াজ ও দক্ষিণ ভারতের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিজয় রেড্ডি মল্লাঙ্গিও অংশ নেন। জাতীয় পতাকা তোলার অপরাধে পূর্বে জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে দীপক স্পষ্ট জানান, নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই লড়াই থামবে না। সিজেপির এই প্রতিবাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস সাংসদ শশী থরুর জানান, গণতন্ত্রে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং জনগণই শেষ সিদ্ধান্ত নেবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।