দিল্লির বাজারে ২৮ ফেব্রুয়ারি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১ লক্ষ ৭০ হাজার ৩০৫ টাকা। ২০ নভেম্বর তা নেমে এসেছে ১ লক্ষ ২৬ হাজার ৮৭৫ টাকায়। ন’মাসেরও কম সময়ে পতন প্রায় ২৫ শতাংশ। যাঁদের ঘরে সোনা আছে, তাঁদের প্রশ্ন, দাম কি আরও পড়বে? আর যাঁরা কেনার কথা ভাবছেন, তাঁরা জানতে চাইছেন, এই কি সোনা কেনার সুযোগ?

দুই প্রশ্নেরই উত্তর খুঁজতে হলে দামের পতনের পাশাপাশি তার আগের উত্থানটাও দেখতে হবে। গত কয়েক বছরে সোনার দাম এতটা বেড়েছিল কেন?

পতনের আগের দৌড়

গুগল ফিনান্সের হিসাবে, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার ৭১৫ টাকা। দু’বছর পরে, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি, তা বেড়ে হয় ৬৪ হাজার ১৮৫ টাকা। তার পরের দু’বছরে দাম বাড়ে অনেক দ্রুত। এ বছর ফেব্রুয়ারিতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছয়। ২৮ ফেব্রুয়ারি, যেদিন আমেরিকা ও ইজরায়েল ইরানে হামলা চালায়, সেদিন ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৭০ হাজার ৩০৫ টাকা।

অর্থাৎ, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দু’বছরে সোনার দাম বেড়েছিল ১৬৫ শতাংশ। চার বছরের হিসাবে বৃদ্ধি ছিল ২৩০ শতাংশ। তার পর থেকে দাম এক-চতুর্থাংশ পড়েছে। তা সত্ত্বেও ২০ নভেম্বরের দর ২০২২ সালের ফেব্রুয়ারির চেয়ে ১৪৫ শতাংশ বেশি। এমনকি ২০২৪ সালের ফেব্রুয়ারির তুলনাতেও দাম ৯৮ শতাংশ বেশি। সহজ কথায়, এতটা পড়ার পরেও সোনার দাম পৌনে তিন বছর আগের প্রায় দ্বিগুণ।

এ বছরের পতন যতটা তীব্র, তার আগের উত্থান ছিল আরও ব্যতিক্রমী। সেই উত্থানের কারণ বুঝতে গেলে গোড়ায় একটা প্রশ্ন করতে হয়। মানুষ সোনা কেনে কেন?

সোনা কেনেন কারা, কেনই বা কেনেন?

বিশ্ব স্বর্ণ পরিষদের হিসাবে, বছরে গড়ে সোনার নিট চাহিদা প্রায় ৩,২০০ টন। এই চাহিদার চারটি প্রধান উৎস। মোট চাহিদার প্রায় ২৭ শতাংশ আসে গয়না থেকে, ৮ শতাংশ প্রযুক্তিক্ষেত্রে সোনার ব্যবহার থেকে, ২১ শতাংশ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের কেনাকাটা থেকে এবং ৪৩ শতাংশ বিনিয়োগ থেকে।

বিনিয়োগকারীরা সোনা কেনেন মূলত অন্য বিনিয়োগের ঝুঁকি সামলাতে। সরকারি বন্ড কিনলে সুদ পাওয়া যায়। কোনও সংস্থার শেয়ার কিনলে লভ্যাংশ মিলতে পারে। সোনা হাতে রাখলে তেমন কোনও নিয়মিত আয় হয় না। সোনার কদর তার ক্রয়ক্ষমতা ধরে রাখার গুণে।

ধরা যাক, আজ কোনও জিনিস কিনতে ১০০ টাকা লাগে। মূল্যবৃদ্ধির ফলে এক বছর পরে সেই জিনিসই কিনতে হয়তো ১০৫ টাকা লাগবে। অর্থাৎ, ১০০ টাকার নোটটির ক্রয়ক্ষমতা কমেছে। কিন্তু প্রথম বছর ওই ১০০ টাকায় যদি সোনা কিনে রাখা হত, পরের বছর সেই সোনাটুকুর দাম ১০৫ টাকা বা তারও বেশি হতে পারত। মূল্য ধরে রাখা বলতে এটাই বোঝায়।

বিশ্ব স্বর্ণ পরিষদের মতে, ১৯৭১ সাল থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা যায়, আমেরিকা ও গোটা বিশ্বে ভোগ্যপণ্যের দাম যে হারে বেড়েছে, দীর্ঘ মেয়াদে সোনার দাম বেড়েছে তার চেয়ে দ্রুত। মূল্যবৃদ্ধির হার যখন বেশি থেকেছে, সোনা থেকে লাভও সাধারণত বেশি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই চড়া মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তার সময় বহু মানুষ সোনার দিকে ঝোঁকেন।

যুদ্ধ আর মূল্যবৃদ্ধির মধ্যেই সোনার দাম পড়ল কেন?

আপাতদৃষ্টিতে ব্যাপারটা বেমানান। ঠিক যখন বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়ল, জিনিসপত্রের দামও চড়তে শুরু করল, তখনই সোনার দর নামতে লাগল কেন?

সিএমই গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর ও মুখ্য অর্থনীতিবিদ এরিক নরল্যান্ড একটি গবেষণাপত্রে লিখেছেন, এর প্রধান কারণ সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশা বদলে যাওয়া। আগে বাজার ধরে নিয়েছিল, সুদ কমবে। পরে বিনিয়োগকারীরা ধরে নিতে শুরু করলেন, সুদ বাড়বে।

নরল্যান্ডের পর্যবেক্ষণ, কেভিন ওয়ার্শ মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের নতুন প্রধান হতে চলেছেন, এই খবর প্রকাশ্যে আসতেই সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দামে টান পড়তে শুরু করে। তার আগে বাজারের ধারণা ছিল, মূল্যবৃদ্ধি চলতে থাকবে এবং তা ঠেকাতে ফেড বিশেষ কোনও পদক্ষেপ করবে না।

ওয়ার্শের পরিচিতি অবশ্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্নে কড়া অবস্থান নেওয়ার জন্য। সুদ বাড়ানোর সমালোচক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তাঁকে বেছে নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে ওয়ার্শ মূল্যবৃদ্ধি ঠেকাতে সুদ বাড়ানোর পথেই এগিয়েছেন। নরল্যান্ড জানাচ্ছেন, জুনে ফেড প্রথমে সুদ কমানোর পক্ষে তার আগের অবস্থান থেকে সরে আসে। সেপ্টেম্বরে সুদের হার বাড়ায় এবং ফের বাড়ানোর ইঙ্গিতও দেয়। বাজার এখন মনে করছে, আগামী এক থেকে দু’বছরে ফেড ধাপে ধাপে সুদের হার আরও এক শতাংশ-বিন্দু পর্যন্ত বাড়াতে পারে।

এর প্রভাব সোনার উপরে দু’ভাবে পড়ে। প্রথমত, সুদ বাড়লে সরকারি বন্ডের মতো বিনিয়োগ থেকে বেশি আয় করার সুযোগ তৈরি হয়। তখন সুদহীন সোনা ধরে রাখার আকর্ষণ কমে। দ্বিতীয়ত, চড়া সুদে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে বলে যদি বিনিয়োগকারীদের বিশ্বাস জন্মায়, তা হলে ক্রয়ক্ষমতা বাঁচাতে সোনা কেনার তাগিদও কমে। তা ছাড়া, সুদ বাড়ানোর পথে ফেড একা হাঁটছে না। ব্যাঙ্ক অব জাপান থেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, বড় অর্থনীতিগুলির বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাঙ্ক আমেরিকার আগেই সুদ বাড়াতে শুরু করেছিল।

সোনার দাম কি আরও নামতে পারে?

এই প্রেক্ষাপটে প্রশ্নটা উল্টে করাও যায়। সোনার দাম এখনও এত চড়া কেন? গত কয়েক বছরে মূলত চারটি কারণে সোনার দর বেড়েছিল।

প্রথমত, বিশ্বের বড় অর্থনীতিগুলির সরকার বিপুল পরিমাণ ঋণ নিয়েছে। এত বেশি ঋণ মূল্যবৃদ্ধির চাপ বাড়ায়। দ্বিতীয়ত, অধিকাংশ দেশে মূল্যবৃদ্ধির হার কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারিত লক্ষ্যমাত্রার উপরেই থেকেছে। সব পণ্য ও পরিষেবা মিলিয়ে মূল্যবৃদ্ধির হিসাব ধরলেও তা-ই, আবার খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে হিসাব করলেও তা-ই।

তৃতীয় কারণ ভূরাজনৈতিক অস্থিরতা। তীব্র অনিশ্চয়তার সময়ে সোনা সাধারণত অধিকাংশ বিনিয়োগের চেয়ে ভাল ফল দেয়। চতুর্থ কারণ, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নিজস্ব কেনাকাটা। ২০০৮ সালের আর্থিক সঙ্কটের পর থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সব মিলিয়ে যত সোনা বিক্রি করেছে, কিনেছে তার চেয়ে বেশি। এখন দাম কিছুটা নেমে আসায় তারা আবার কেনাকাটা বাড়াতে পারে।

সোনার দাম তাই আরও নামতে পারে। সুদ বাড়তে থাকলে দামের উপর চাপ থাকবে, যেমনটা ২০২৬ সালে দেখা গিয়েছে। তবে সরকারগুলির বিপুল ঋণ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখনও বহাল। তার সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের কেনাকাটা বাড়লে সোনার চাহিদাও জোর পাবে। আগামী দিনে চড়া সুদের প্রভাব কতটা প্রবল হয়, আর এই চাহিদা কতটা তা সামাল দিতে পারে, তার উপরেই নির্ভর করবে সোনার দাম কোন দিকে যায়।