অভিজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়: ডাক্তারি প্রবেশিকা নিট নিয়ে বারবার বিতর্কে ধরা পড়েছে দেশের পরীক্ষা ব্যবস্থার একাধিক দুর্বলতা। ২০২৪ সালের নিটে প্রশ্ন ফাঁস হয়েছিল, পরীক্ষায় নানা অনিয়ম ধরা পড়েছিল, কোনও কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরও ছিল অস্বাভাবিক। সেই বিতর্কের পর গঠিত রাধাকৃষ্ণন কমিটি পরীক্ষা সংস্কারে ১০১টি সুপারিশ করেছিল।

অথচ ২০২৬ সালের মে মাসে নিট ঘিরে ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে, পরীক্ষা বাতিলও হয়। জুনে পুনরায় পরীক্ষা নেওয়ার পর ছাত্রছাত্রীরা ব্যাপক বিক্ষোভ দেখান। একই প্রশ্নের পুনরাবৃত্তি, ভুল প্রশ্ন এবং কর্তৃপক্ষের প্রকাশিত উত্তরতালিকায় অসংগতি প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর আস্থা আরও কমিয়েছে।

২০২৬ সালের জুলাইয়ে নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গড়ে কেন্দ্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত পরীক্ষা-সহ দেশের বিভিন্ন পরীক্ষায় সার্বিক সংস্কারের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয় তাকে। প্রথমে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। ৫০ হাজারেরও বেশি পরামর্শ জমা পড়েছে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বিস্তর আলোচনাও হয়েছে। রিপোর্ট দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

এখনও কোনও অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশিত হয়নি। ফলে ২০২৭ সালের নিট পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় রয়েছেন। সম্ভাব্য প্রস্তাব হিসেবে শোনা যাচ্ছে কম্পিউটারে পরীক্ষা নেওয়া, সুরক্ষিত প্রশ্নভান্ডার তৈরি, পরীক্ষা শুরুর অল্প আগে সেখান থেকে প্রশ্ন বেছে প্রশ্নপত্র তৈরি এবং ডিজিটাল পথে তা পরীক্ষাকেন্দ্রে পাঠানোর কথা। এই সংস্কারগুলি কতটা কার্যকর হতে পারে? সীমাবদ্ধতা কোথায়? আগামী বছরের পরেও পরীক্ষায় ন্যায্যতা বজায় রাখতে এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির জবাবদিহি নিশ্চিত করতে কী করা দরকার?

আগের সংস্কার সত্ত্বেও কেন বারবার সংকটে নিট?

২০২৪ সালের বিতর্কের পর ড. রাধাকৃষ্ণন কমিটি পরীক্ষার নিরাপত্তা, প্রযুক্তি, পরিকাঠামো এবং পরীক্ষা পরিচালনার নিয়মকানুন নিয়ে সুপারিশ করেছিল। ২০২৬ সালের সংকট প্রশ্ন তুলেছে, সেই সুপারিশ কতটা কার্যকর হয়েছিল, তার উপর নজরদারিই বা ছিল কতটা।

প্রশ্ন তৈরি ও যাচাই থেকে শুরু করে প্রশ্নপত্র পরিবহণ ও সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্র পরিচালনা, এমনকি উত্তরপত্রের মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপেই ফাঁক রয়েছে। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত লোকেরাই অনিয়মে জড়িত বলে যে অভিযোগ উঠেছে, তাতে উদ্বেগ আরও বেড়েছে। আগে কোথায় কী ভাবে ব্যবস্থা ভেঙে পড়েছিল, তা তদন্ত করে কোন সংস্থার কী দায় ছিল, স্থির করতে হবে। প্রস্তাবিত সংস্কারগুলি বাস্তবে কতটা কাজ করে, তা-ও যাচাই করতে হবে। এই কাজগুলি না হলে নতুন সুপারিশের মূল্য সামান্যই।

সারা দেশে কম্পিউটারে নিট নেওয়া কতটা সম্ভব?

কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (সিবিটি) প্রশ্নপত্র ছাপানো, মোড়কবন্দি করা, কেন্দ্রে পৌঁছে দেওয়া ও সেখানে সংরক্ষণের উপর নির্ভরতা কমে। কম্পিউটারের সাহায্যে পরীক্ষা পরিচালনা করা যায়, কে কোন তথ্য দেখতে পারবেন তা নিয়ন্ত্রণ করা যায়, উত্তরের মূল্যায়নও স্বয়ংক্রিয় ভাবে হয়। তবে ডিজিটাল ব্যবস্থারও দুর্বলতা আছে। প্রযুক্তি বিকল হতে পারে, সাইবার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সারা দেশে এমন পরীক্ষা নিতে হলে পর্যাপ্ত পরীক্ষাকেন্দ্র, সুরক্ষিত কম্পিউটার ব্যবস্থা, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এবং প্রশিক্ষিত কর্মী চাই। গোলমাল হলে কী ভাবে পরীক্ষা চলবে, তার বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। সব জায়গার পরিকাঠামো সমান নয়। সব পরীক্ষার্থীও কম্পিউটার ব্যবহারে সমান অভ্যস্ত নন। ফলে কে কতটা সহজে পরীক্ষায় বসতে পারবেন, সকলে সমান সুযোগ পাবেন কি না, সেই প্রশ্ন থাকে।

দেশজুড়ে এই পদ্ধতি চালু করার আগে পরিকাঠামোর হাল খতিয়ে দেখা দরকার। বড় পরিসরে পরীক্ষামূলক ভাবে এর প্রয়োগ এবং স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে প্রযুক্তিগত নিরীক্ষাও জরুরি। কেবল পরীক্ষার মাধ্যম বদলালেই নিরাপত্তা বা ন্যায্যতার নিশ্চয়তা মিলবে না।

সুরক্ষিত প্রশ্নভান্ডার আর শেষ মুহূর্তে ডিজিটাল পথে প্রশ্ন পাঠালে কি ফাঁস ঠেকানো যাবে?

প্রশ্ন তৈরির সময় থেকেই নিরাপত্তার ব্যবস্থা চাই। প্রশ্ন লেখা, তা পর্যালোচনা করা, পাঠ্যসূচির সঙ্গে মিলিয়ে দেখা, অনুবাদ এবং সঠিক উত্তর যাচাই—প্রতিটি ধাপেই অনিয়মের সুযোগ থাকে। বিশেষত, অল্প কয়েক জনের হাতেই যদি সব ধাপের তথ্য দেখার অধিকার থাকে।

প্রস্তাবিত প্রশ্নভান্ডারে এমন বিপুলসংখ্যক প্রশ্ন রাখা হবে, যার প্রতিটি স্বাধীন ভাবে যাচাই করা হয়েছে। পরীক্ষা শুরুর অল্প আগে সেখান থেকে প্রশ্ন বেছে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা যেতে পারে। তার পর সেটি এনক্রিপ্ট করে, অর্থাৎ কেবল নির্দিষ্ট প্রাপকই যাতে তা খুলে পড়তে পারেন সেই ব্যবস্থা করে, ডিজিটাল পথে কেন্দ্রে পাঠানো যাবে। এতে আগেভাগে চূড়ান্ত প্রশ্নপত্র হাতে পাওয়ার সুযোগ কমবে, ছাপা প্রশ্নপত্র বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনও কমবে।

তবে প্রশ্নভান্ডার, প্রশ্ন বাছাইয়ের সফটওয়্যার, সার্ভার, এনক্রিপশনের চাবি এবং প্রশ্নপত্র পাঠানোর নেটওয়ার্ক—প্রতিটি ক্ষেত্রে কার কতটা প্রবেশাধিকার থাকবে, তা নির্দিষ্ট করতে হবে। কে কখন কী করেছেন, পরে যাতে তা খতিয়ে দেখা যায়, তার রেকর্ড রাখতে হবে। স্বাধীন সাইবার নিরাপত্তা নিরীক্ষাও প্রয়োজন। প্রশ্নকর্তা ও যাচাইকারীদের কাজ থেকে শুরু করে চূড়ান্ত প্রশ্ন বাছাই এবং তা কেন্দ্রে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়ার উপরেই নির্ভর করছে প্রশ্নপত্রের সুরক্ষা।

একাধিক দফায় পরীক্ষা হলে মেধাতালিকায় ন্যায্যতা বজায় থাকবে কী ভাবে?

কম্পিউটারে একাধিক দফায় নিট নিলে এক-এক দফায় এক-এক রকম প্রশ্নপত্র দিতে হবে। অথচ সব পরীক্ষার্থীর জন্য মেধাতালিকা একটিই। সব দফার প্রশ্নপত্র যাতে সমান কঠিন হয়, তা নিশ্চিত করাই তাই বড় চ্যালেঞ্জ।

পরিসংখ্যানের সাহায্যে বিভিন্ন দফার নম্বরকে তুলনীয় করে তোলার পদ্ধতিকে বলা হয় ‘নর্মালাইজেশন’। এ ক্ষেত্রে পার্সেন্টাইল ব্যবহার করা যেতে পারে। পার্সেন্টাইল থেকে বোঝা যায়, নিজের দফার অন্য পরীক্ষার্থীদের তুলনায় এক জনের ফল কেমন। কিন্তু এই পদ্ধতি কতটা নির্ভরযোগ্য হবে, তা নির্ভর করে প্রশ্নপত্রগুলি আদৌ কতটা তুলনীয় এবং হিসাবের ভিত্তি হিসেবে কী কী অনুমান করা হয়েছে, তার উপর। নম্বরে সামান্য সমন্বয়েও মেধাতালিকায় স্থান বদলে যেতে পারে। বদলে যেতে পারে ডাক্তারিতে ভর্তির সুযোগও।

বড় পরিসরে পরীক্ষামূলক প্রয়োগ ও স্বাধীন যাচাইয়ের মাধ্যমে এনটিএ-কে দেখাতে হবে, প্রতিটি প্রশ্নপত্রে পাঠ্যসূচির বিভিন্ন অংশ থেকে তুলনীয় অনুপাতে প্রশ্ন এসেছে, প্রশ্নের কঠিনতার মাত্রাও কাছাকাছি। পরীক্ষার্থীদের দক্ষতার তারতম্য ধরার ক্ষমতাও প্রতিটি প্রশ্নপত্রের সমান হওয়া দরকার। নম্বর সমন্বয়ের পদ্ধতি ও তার সীমাবদ্ধতা প্রকাশ করতে হবে, যাতে হিসাবটি যাচাই করা যায়। এক দফার প্রশ্ন যদি অন্য দফার চেয়ে গোড়াতেই অনেক বেশি কঠিন হয়, নর্মালাইজেশন দিয়ে সেই অসাম্য মেটানো যায় না।

পরীক্ষায় বসার যোগ্যতা, সময়সূচি, দফার সংখ্যা ও পরীক্ষার ধরন বদলেও কিছু ঝুঁকি কমানো যেতে পারে। তবে এমন পরিবর্তনের কথা আগাম জানিয়ে ধাপে ধাপে চালু করা দরকার। সময় থাকতে সরকারি ঘোষণা না হলে ২০২৭ সালের নিটে বড় ধরনের কাঠামোগত বদল আনার পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

দু’ধাপে নিট নিলে কি নম্বর সমন্বয়ের সমস্যার সমাধান হবে?

আইআইটি-জেইই-র মেন ও অ্যাডভান্সডের আদলে দু’ধাপে নিট নেওয়া একটি সম্ভাব্য বিকল্প। প্রথম ধাপের বাছাই পরীক্ষায় বসবেন যোগ্যতাসম্পন্ন সব প্রার্থী। আগে থেকে ঘোষিত কাট-অফ অনুযায়ী, অথবা মেধাক্রমে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে, দ্বিতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে। চূড়ান্ত পরীক্ষা যদি সকলের জন্য একই সময়ে হয়, সেই পরীক্ষায় নম্বর সমন্বয়ের প্রয়োজন থাকবে না।

এ ক্ষেত্রেও কয়েকটি প্রশ্নের মীমাংসা জরুরি। চূড়ান্ত পরীক্ষায় বসার যোগ্যতা কী হবে? বাছাই হবে কী ভাবে? পাঠ্যসূচি, প্রশ্নের ধরন, কঠিনতার মাত্রা, নম্বর দেওয়ার নিয়ম এবং কাট-অফ কী হবে? দু’বার পরীক্ষা নেওয়ার খরচ ও আয়োজনের ভার বাড়বে। তবে উপরের সারির পরীক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ আরও ন্যায্য হবে।

দ্বাদশ শ্রেণির নম্বর কি নিটে গণ্য হবে? বছরে দু’বার কি পরীক্ষা নেওয়া যায়?

মঙ্গলবার, ১৭ নভেম্বর, জানা যায় নিলেকানি টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় একাধিক রাজ্য প্রস্তাব দিয়েছে, নিট-ইউজি-তে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নম্বরকেও নির্দিষ্ট গুরুত্ব দেওয়া হোক। বছরে একাধিক বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

বোর্ডের নম্বর গণ্য হলে পড়াশোনায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি মিলতে পারে। কিন্তু এক-এক বোর্ডের পরীক্ষার ধরন ও নম্বর দেওয়ার মানদণ্ড এক-এক রকম। ফলে ভর্তির ক্ষেত্রে ওই নম্বরকে কতটা গুরুত্ব দিলে সকলের প্রতি সুবিচার হবে, তা স্থির করা কঠিন। আবার বছরে দু’বার নিট হলে পরীক্ষার্থীরা ফল ভাল করার দ্বিতীয় সুযোগ পাবেন। তবে পরীক্ষা আয়োজনের খরচ বাড়বে। দুই পরীক্ষার নম্বর কী ভাবে তুলনীয় করা হবে, ভর্তির সময়সূচিই বা কী হবে, সেই প্রশ্নও উঠবে।

জেইই-র আদলে দু’ধাপে নিট নিলে এই দুই উদ্বেগ সামলানোর একটি পথ খুলতে পারে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসার যোগ্যতা নির্ধারণে দ্বাদশ শ্রেণির নম্বর ব্যবহার করা যেতে পারে। চূড়ান্ত পরীক্ষাটি তখন সকলের জন্য একই সময়ে নেওয়া হবে।

বয়স, যোগ্যতা বা কত বার নিটে বসা যাবে, তা নিয়ে কি সুপারিশ আসতে পারে?

সীমিত সংখ্যক ডাক্তারি আসনের জন্য প্রতিযোগিতা করেন ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এখন নিটে কত বার বসা যাবে, তার কোনও সীমা নেই। বয়সেরও ঊর্ধ্বসীমা নেই। এমনকি ষাট পেরিয়েও কেউ চাইলে বারবার পরীক্ষা দিতে পারেন। ফলে এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো নিটেও বয়সের ঊর্ধ্বসীমা এবং পরীক্ষায় বসার সুযোগ নির্দিষ্ট করে দিলে প্রার্থীর সংখ্যা কমতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি প্রশ্ন তৈরিতে সাহায্য করবে, পরীক্ষার মান বাড়াবে?

সুরক্ষিত ভান্ডার থেকে আগে যাচাই করা প্রশ্ন বেছে নেওয়ার কাজ প্রচলিত সফটওয়্যারেই সম্ভব। তার জন্য জেনারেটিভ এআই লাগে না। তবে নতুন প্রশ্ন তৈরি, পাঠ্যসূচির কোন অংশের সঙ্গে কোন প্রশ্নের যোগ তা চিহ্নিত করা, অনুবাদ, সম্ভাব্য উত্তরের বিকল্প তৈরি এবং প্রশ্ন কতটা কঠিন হবে তা নির্ধারণে জেনারেটিভ এআই সাহায্য করতে পারে। তাতে প্রশ্নভান্ডারের আকার ও বৈচিত্র্য বাড়বে।

এআইয়ের তৈরি প্রশ্নে অবশ্য তথ্যগত ভুল থাকতে পারে। প্রশ্নের ভাষা অস্পষ্ট হতে পারে, নির্ধারিত উত্তরটি ভুল হতে পারে। পাঠ্যসূচির বাইরে থেকে প্রশ্ন চলে আসতে পারে, অনুবাদেও ত্রুটি থাকতে পারে। প্রশ্ন তৈরিতে এআইয়ের সাহায্য নেওয়া গেলেও প্রতিটি প্রশ্ন বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করানো জরুরি।

পরীক্ষার্থীদের আস্থা ফেরাতে নিলেকানি টাস্ক ফোর্সের কাছে প্রত্যাশা কী?

টাস্ক ফোর্সকে জানাতে হবে, কোন সংস্কার কবে, কী ভাবে কার্যকর হবে। কোন সংস্থা কোন কাজের দায়িত্ব নেবে, কী লোকবল ও অর্থ লাগবে, প্রযুক্তিগত সুরক্ষা কী হবে, কারা স্বাধীন ভাবে নজরদারি করবেন এবং গাফিলতি হলে কে জবাব দেবেন—বাস্তবায়নের সময়বদ্ধ পরিকল্পনায় এ সবই স্পষ্ট থাকা চাই। বড় সংস্কার দেশজুড়ে চালুর আগে বড় পরিসরে তার পরীক্ষামূলক প্রয়োগ জরুরি।

এনটিএ-র নিজস্ব স্থায়ী বিশেষজ্ঞও দরকার। পরীক্ষা পরিচালনা, সাইবার নিরাপত্তা, পরীক্ষার্থীদের দক্ষতা পরিমাপের বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং অনিয়ম ঠেকাতে নজরদারি—প্রতিটি ক্ষেত্রেই এই দক্ষতা গড়ে তুলতে হবে। পরীক্ষা কতটা সুরক্ষিত, স্বচ্ছ, নির্ভরযোগ্য ও ন্যায্য হয়ে উঠল, শেষ পর্যন্ত তা দিয়েই টাস্ক ফোর্সের সাফল্য বিচার হবে। নতুন প্রযুক্তির পাশাপাশি দেশের প্রয়োজন পরীক্ষা পরিচালনার এমন নিয়মপদ্ধতি এবং এমন প্রতিষ্ঠান, যার উপর পরীক্ষার্থীরা ভরসা রাখতে পারেন।