সুরজিৎ মিত্র: তোলপাড় হোক। প্রায় এক দশক মুখে কুলুপ এঁটে থাকার পর ক্যামেরন ব্যানক্রফটের মুখ ফসকে কোনও কথা বেরিয়ে যায়নি। বুধবার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ওপেনার যে দীর্ঘ বিবরণ প্রকাশ করেছেন, তা লিখেছেন ভেবেচিন্তে, বলবেন বলেই। তাঁর দাবি, অস্ট্রেলীয় ক্রিকেটে ২০১৮ সালের জালিয়াতির এমন বহু খুঁটিনাটি তিনি অবশেষে জানালেন, যা গোপন রাখতে আরও অনেকেই বিস্তর কাঠখড় পুড়িয়েছেন বলে মনে হয়।

সে লেখা প্যাট কামিন্সের বয়ানকেও কার্যত উড়িয়ে দিয়েছে। যে ক’মাস দু’জন একসঙ্গে খেলেছিলেন, দু’জনেই ছিলেন দলের জুনিয়রদের সারিতে। এখন কামিন্স টেস্ট অধিনায়ক। গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য তিনি সবিস্তারে জানিয়েছিলেন। কামিন্সের সাফ কথা, অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলার সময় বল বিকৃতির কোনও ঘটনার কথাই তিনি কখনও জানতেন না। এই কথা শুনেই ব্যানক্রফট নীরবতা ভাঙেন। তিনি লিখেছেন, “আমার রাগ হয়েছিল। মনে হয়েছিল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমি একা। দক্ষিণ আফ্রিকার ওই সফরে ওর সঙ্গে, আর দলের বাকি সকলের সঙ্গে থেকে আমি যা দেখেছি, নিজের অভিজ্ঞতায় যা জেনেছি, যা বয়ে বেড়িয়েছি, তার সঙ্গে ওর সাংবাদিক বৈঠকের কথার মিল নেই। আগের বছরগুলোয় ও প্রকাশ্যে যা বলে এসেছে, তার সঙ্গেও নেই।”

ব্যানক্রফটের বক্তব্য প্রকাশের পর কামিন্সের প্রতিনিধিরা তাঁর হয়ে বিবৃতি দিয়ে গত সপ্তাহের অবস্থানেই অনড় থেকেছেন। তাঁরা বলেছেন, “ক্যামকে যা কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার জন্য ওর প্রতি আমাদের সহানুভূতি আছে। তবে ওর বিবৃতিতে এমন কিছু নেই, যার জবাব প্যাট সাংবাদিক বৈঠকেই দেয়নি।”

এত দিন পরে মুখ খোলার শুরুটা উসমান খোয়াজার হাত ধরে। আত্মজীবনীতে ঘটনার বিবরণ দিতে গিয়ে বেছে বেছে কিছু জায়গা তিনি অস্পষ্ট রেখেছিলেন। তার পর ডেভিড ওয়ার্নারও খোয়াজার বক্তব্য সমর্থন করেছেন। ব্যানক্রফট দু’জনের চেয়েই বেশি দূর গিয়েছেন। তিনি খুঁটিনাটি জানিয়েছেন, নামও করেছেন। ম্যাচের বলে শিরীষ কাগজ ঘষার উদ্যোগটা যে ওয়ার্নারেরই ছিল, ব্যানক্রফট তা নিশ্চিত করেছেন। সে সময় ওয়ার্নারকে শাস্তি দেওয়ার কারণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়াও সেই কথাই বলেছিল। খোয়াজার বইয়ে এই তথ্যটির উল্লেখ নেই। ছেলেবেলার বন্ধুর প্রতি নিজের সহানুভূতির কথা অবশ্য খোয়াজা গোপন করেননি।

ব্যানক্রফটের দাবি আরও অনেক দূর গড়িয়েছে। তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যান বরাবর বলে এসেছেন, তিনি কিছুই জানতেন না। অথচ ব্যানক্রফটের বিবরণ অনুযায়ী, শিরীষ কাগজ ব্যবহার নিয়ে আলোচনার সময় লেম্যান হাজির ছিলেন। ব্যানক্রফট ধরা পড়ার পর মাঠ থেকে প্রমাণ সরিয়ে আনার নির্দেশও তিনিই দিয়েছিলেন রিজার্ভ খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বকে। দলের কোচিং স্টাফের মধ্যে যিনি এই ভাবনাটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ব্যানক্রফট তাঁরও নাম করেছেন। তিনি বোলিং কোচ ডেভিড সেকার। এমনকি দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসনও জানতেন কী চলছে। ব্যানক্রফটের কথায়, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মীদের মধ্যে এই কাজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন একমাত্র তিনিই। তাঁর কথা কেউ কানে তোলেননি। ফল হয়েছিল মারাত্মক। সেই সফরে এর পরেও তাঁর কথায় কান দেওয়া হয়নি।

সতীর্থদের ভূমিকার কথায় আসা যাক। ব্যানক্রফট লিখেছেন, তিনি যে নিয়ম ভেঙে বল বিকৃত করছিলেন, তা নিয়ে একদিন সকালে গোটা দলের বৈঠকে খোলাখুলি আলোচনা হয়েছিল। বলে কতটা রিভার্স সুইং পাওয়া যাচ্ছে, তা নিয়েও তাঁর সঙ্গে উইকেটকিপার টিম পেইন আর দলের চার পেসারের নিয়মিত কথা হত। মিচেল মার্শের কথা আলাদা করে লিখেছেন ব্যানক্রফট। চার জনের মধ্যে মার্শের গতি ছিল সবচেয়ে কম। অথচ তাঁর বলও যে অতটা বাঁক নিচ্ছে, তাতেই তিনি আহ্লাদে আটখানা। সিরিজের দ্বিতীয় টেস্টে এক সেশনেই দু’টি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছিলেন মার্শ।

শেষ পর্যন্ত ব্যানক্রফট স্বীকার করেছেন, কত জন এতে জড়িত ছিলেন তা আড়াল করতে ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকারীদের কাছে তিনি মিথ্যে বলেছিলেন। তাঁর বয়ানে দোষী ছিলেন মাত্র তিন জন। তিনি নিজে, ওয়ার্নার আর অধিনায়ক স্টিভ স্মিথ। আর সেই বয়ান অনুযায়ী জালিয়াতি হয়েছিল কেবল কেপ টাউনের তৃতীয় টেস্টে। এ থেকে দু’টি সম্ভাবনার কথা উঠে আসে। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাঁরা হয় আগেই নিজেদের মধ্যে কথা বলে বয়ান মিলিয়ে নিয়েছিলেন, অথবা কেলেঙ্কারির ধাক্কা সামলাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভিতরেই কেউ কোনও এক পর্যায়ে তদন্তের ফল বিকৃত করেছিলেন।

এখন জনরোষের মুখে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর নেথান লায়ন। এই চার জন প্রকাশ্যেই বলেছিলেন যে তাঁরা কিছুই জানতেন না। তাই মানুষের সন্দেহ, তাঁরা হয়তো মিথ্যে বলেছেন। ব্যানক্রফট অবশ্য তাঁদের জন্য একটা সুযোগ রেখেছেন। তাঁর কথায়, “আমি মানি, বল রিভার্স সুইং করছে বুঝতে পারা, বলটা বিকৃত করা হয়েছে বলে সন্দেহ করা আর ঠিক শিরীষ কাগজই যে ব্যবহার করা হয়েছে তা জানা, তিনটে আলাদা ব্যাপার।” হ্যাজলউড আর লায়ন ২০২১ সালের পর এ নিয়ে মুখ খোলেননি। এ মাসে কামিন্স আর স্টার্ক যেমন অকাতরে কথা বলেছেন, তাঁরাও ততটা বলবেন কি না, দেখার আগ্রহ রইল।

যা-ই হয়ে থাক, প্রথম প্রশ্নগুলো তোলা উচিত দলের উপরমহলে, সফরের কোচদের কাছে। ওই সফরে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে আর কেবল ব্যাটিং কোচ গ্রেম হিকই বলেছেন, তিনি কিছু জানতেন না। ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন একটি কথাও বলেননি। ব্যানক্রফটের লেখা বেরোনোর পরে লেম্যান এবিসি রেডিয়োকে জানিয়েছেন, কী জবাব দেবেন ভাবছেন। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিক ম্যাচটির বাকি সম্প্রচার থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। সেকার ইদানীং কিছু বলেননি বটে, তবে ২০২১ সালে নিজের দায়েরও একটু আভাস দিয়েছিলেন। “দোষ দেওয়ার মতো লোক অনেক ছিল। দোষটা আমারও হতে পারে, অন্য কারও হতে পারে … আমরা সবাই জানি, আমরা একটা বিরাট ভুল করেছিলাম।”

আর বাকিরা? খোয়াজা মনে করেছিলেন, পরের টেস্ট অধিনায়ক হওয়া উচিত তাঁরই। পদটি পেলেন পেইন। অথচ ব্যানক্রফটের বয়ান অনুযায়ী, পেইনও অনেক কিছু জানতেন। তদন্তের বিকৃত সিদ্ধান্ত শুনে যাঁরা হাসিমুখে ঘাড় নেড়েছিলেন, মিথ্যেটুকু ঢাকা থাকায় সেই খেলোয়াড়দের প্রত্যেকেই নিজের কেরিয়ারে সুবিধা পেয়েছেন। ব্যানক্রফটও সেই দলে। তাঁর আশা ছিল, মুখ বন্ধ রাখলে অস্ট্রেলিয়া দলে আবার ডাক পাবেন। ওদিকে কোচ আর দলের অন্য কর্মীরাও পরে ভাল টাকার কাজ পেয়েছেন। এখানে এমন কোনও ভাগ নেই যে এক পক্ষ নির্দোষ আর অন্য পক্ষ দোষী। ভাগ করে নেওয়ার মতো লজ্জা আছে বিস্তর।

ব্যানক্রফটের লেখা প্রকাশের ঠিক আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি ‘স্বাধীন মঞ্চ’ গড়ার প্রস্তাব দিয়েছিল। এত দিন ঠুঁটো হয়ে বসে থাকার পরে সেটুকু এগোনোও ভাল। তবে তা যথেষ্ট নয়। সেখানে কথা বলবেন কি না, তা প্রত্যেকের নিজের ইচ্ছা। যিনি কথা বলবেন আর ক্রিকেট অস্ট্রেলিয়া, উভয়েই রাজি হলে তবেই সেই কথা প্রকাশ্যে আসবে। ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে আসল কাহিনিটা বড় বেশি দিন ধরে আড়াল করে রাখা হয়েছে।

কেউ হয়তো একে সেকেলে ভাবাবেগ বলবেন। তবু অস্ট্রেলিয়ায় যাঁরা এখনও ক্রিকেট নিয়ে একটু রোমান্টিক, তাঁদের কাছে টেস্ট দল পবিত্র। সে দলের প্রতীক বুকে পরার সৌভাগ্য যাঁদের হয়, তাঁদের কাছে কিছু ত্যাগও আশা করা হয়। মাঠে শরীর নিংড়ে খেলবেন, এ দাবি যদি সংগত হয়, তবে সত্যি কথাটা বলতে যে অস্বস্তি হয়, সেটুকু তাঁরা সইবেন, এই দাবিও ততটাই সংগত। আনুষ্ঠানিক শাস্তি দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে সেই দলে জায়গা পেয়েও যাঁরা মিথ্যে বলেছেন, তাঁরা কে কী করেছিলেন, মানুষ তা জানুক। সেই লজ্জাটুকুই তাঁদের শাস্তি হোক।