সুনীল মজুমদার: ভারতে এর আগে শেষবার খাবারের দাম টানা চড়া হারে বেড়েছিল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ওই দেড় বছরে খাবারের দাম এক বছর আগের তুলনায় গড়ে ৮.৫ শতাংশেরও বেশি বেড়েছিল। এর পিছনে ছিল একটি ‘শক্তিশালী’ এল নিনো। তার শুরু ২০২৩ সালের জুন নাগাদ, শেষ ২০২৪ সালের এপ্রিলে।

এ বার জুনে আনুষ্ঠানিক ভাবে এল নিনোর উপস্থিতি নিশ্চিত করা হয়। ইতিমধ্যেই তা ‘অতি শক্তিশালী’ হয়ে উঠেছে। বিশ্বের অধিকাংশ আবহাওয়া সংস্থার পূর্বাভাস, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এল নিনো ‘শক্তিশালী’ থেকে ‘অতি শক্তিশালী’ পর্যায়ে থাকবে। এপ্রিল–মে নাগাদ তার তীব্রতা কমে ‘মাঝারি’ থেকে ‘দুর্বল’ পর্যায়ে নামতে পারে।

ভারতের বৃষ্টিপাতে ইতিমধ্যেই এর প্রভাব পড়েছে। এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর মরসুমে, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, দেশ জুড়ে বৃষ্টি হয়েছে দীর্ঘকালীন গড়ের চেয়ে ১২.৬ শতাংশ কম। অক্টোবরে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর মরসুম শুরু হওয়ার পরেও, ১৬ নভেম্বর পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৩৩.৬ শতাংশ। অনাবৃষ্টির ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে দক্ষিণের রাজ্যগুলিতে, মহারাষ্ট্রে, গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছে, রাজস্থানে, পশ্চিম মধ্যপ্রদেশে, বিহারে এবং উত্তর-পূর্ব ভারতে।

খাবারের দামেও সেই প্রভাব স্পষ্ট। সরকারি খাদ্যপণ্যের খুচরো মূল্যসূচক অনুযায়ী, জুনে খাদ্য মূল্যস্ফীতির বার্ষিক হার ৫.৩ শতাংশ ছাড়িয়েছিল। জুলাইয়ে তা বেড়ে হয় ৫.৫ শতাংশ, অগস্টে ৬ শতাংশ, সেপ্টেম্বরে ৭.৭ শতাংশ। অক্টোবরে তা পৌঁছেছে ৮.৯ শতাংশে, গত ২৩ মাসে সর্বোচ্চ।

আগের দফার অভিজ্ঞতা থেকে আশঙ্কা হয়, এ বারও খাবারের দাম চড়া হারে বাড়তে পারে এবং সেই চাপ ২০২৭ সাল জুড়ে থাকতে পারে। এ বারের এল নিনো ২০২৩–২৪ সালের চেয়েও অনেক বেশি তীব্র। এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে আবহাওয়ার নথিভুক্ত ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হয়ে উঠতে পারে।

ভরসা সরকারি গুদামের মজুত

এ বার অবশ্য সরকারের হাতে একটি বড় সুবিধা আছে। সরকারি গুদামে চাল-গমের মজুত এখন নির্ধারিত ন্যূনতম মজুতের ৩.৩ গুণ। ১ অক্টোবর শুধু চালই ছিল ৫ কোটি ৫৫ লক্ষ টন। এর আগে কোনও বছর ১ অক্টোবর এত চাল মজুত ছিল না। গম ছিল ৪ কোটি ৬৩ লক্ষ টন, গত পাঁচ বছরে এই তারিখে সর্বোচ্চ।

সরকারি সংস্থাগুলির কাছে এ ছাড়াও রয়েছে প্রায় ৩৮ লক্ষ টন ডাল। এর মধ্যে ১৬ লক্ষ টন ছোলা, ১০ লক্ষ টন অড়হর। বাকি ১২ লক্ষ টনের অধিকাংশই মুগ, মুসুর ও বিউলি।

আপাতত এই মজুত পর্যাপ্ত। এল নিনোর জেরে ফসল মার খেলে সরকার গুদাম থেকে খাদ্যশস্য বাজারে ছেড়ে দাম সামাল দিতে পারবে। ২০২৩–২৪ সালে সরকারের হাতে সেই সুযোগ ছিল কম।

এই মজুত গড়ে ওঠার প্রধান কারণ ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ সালে পরপর দু’বার বাম্পার ফলন। বিশ্ব জুড়েও ছবিটা ছিল একই রকম। মার্কিন কৃষি দফতরের হিসাবে, বিশ্বে চালের উৎপাদন রেকর্ড ৫৪৫.৭ মিলিয়ন টনে পৌঁছেছে। গম ও ভুট্টার উৎপাদনও রেকর্ড গড়েছে, যথাক্রমে ৮৪৪ এবং ১,৩৩৪.৭ মিলিয়ন টন। সর্বকালীন সর্বোচ্চ উৎপাদন হয়েছে সয়াবিনের (৪২৯.৩ মিলিয়ন টন), রেপসিডের (৯৬ মিলিয়ন টন), পাম তেলের (৮২.১ মিলিয়ন টন) এবং চিনিরও (১৮৬.১ মিলিয়ন টন)।

আগের ফসলের যথেষ্ট মজুত হাতে থাকাতেই সম্ভবত ইরান যুদ্ধ আর এল নিনোর জোড়া ধাক্কা সত্ত্বেও বিশ্ববাজারে খাবারের দাম এ বার এখনও ততটা চড়েনি। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্যমূল্য সূচকে ২০১৪ থেকে ২০১৬ সালের গড়কে ১০০ ধরা হয়। ২০২৬ সালের অক্টোবরে সেই সূচক ছিল ১৩৩.৯। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর ঠিক পরে, ২০২২ সালের মার্চ থেকে জুনের মধ্যে, তা ১৫৫–১৬০ পর্যন্ত উঠেছিল।

খরিফের বাজারে চড়া দর, রবির বপনেও ঘাটতি

এই স্বস্তি অবশ্য বেশি দিন স্থায়ী না-ও হতে পারে। প্রথমত, বর্ষার খরিফ ফসল এ বার তেমন ভাল হয়নি।

তার আঁচ পাওয়া যাচ্ছে পাইকারি বাজারের দরে। কর্নাটকের বিজয়পুরার বাজারে ভুট্টা সবচেয়ে বেশি যে দরে বিকোচ্ছে, তা কুইন্টালপিছু ৩,১৩৯ টাকা। এক বছর আগে দর ছিল ১,৭০০ টাকা। মধ্যপ্রদেশের দেওয়াসে সয়াবিনের দর কুইন্টালপিছু ৪,২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭,০০০ টাকা। হরিয়ানার সিরসায় তুলোর দর ৭,৫০০ থেকে ৯,০৬০ টাকা, রাজস্থানের ভুসাওয়ার বৈরে বাজরার দর ১,৯৫০ থেকে ২,৬০০ টাকা এবং মহারাষ্ট্রের লাতুরে অড়হরের দর ৬,৭০০ থেকে ১০,২০০ টাকা হয়েছে।

দ্বিতীয়ত, রবি ফসলের বপনও পিছিয়ে রয়েছে। ১৩ নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় গম বোনা হয়েছে ১৫.৩ শতাংশ কম জমিতে। ছোলার ক্ষেত্রে ঘাটতি ২১.৬ শতাংশ, রেপসিড-সরষের ক্ষেত্রে ৮.৪ শতাংশ। কম বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত রস নেই। বড় জলাধার ও পুকুরে জল কম, ভূগর্ভস্থ জলের স্তরও তুলনামূলক ভাবে নীচে। তার উপরে এল নিনোর বছরে ভারতে শীত কম পড়ার এবং তার মেয়াদ স্বাভাবিকের চেয়ে ছোট হওয়ার ঝুঁকি বাড়ে। ফলে কম জমিতে চাষ হওয়ার পাশাপাশি, যে জমিতে ফসল বোনা হয়েছে সেখানেও ফলন কমতে পারে।

খুচরো বাজারেও এর ছাপ পড়েছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক দফতরের হিসাবে, দেশের বাজারগুলিতে অড়হর ডাল সবচেয়ে বেশি যে দরে বিক্রি হয়, গত এক বছরে তা কেজিতে ১১০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। ছোলার ডাল ৮৫ থেকে ১০০ টাকা, বিউলির ডাল ১১০ থেকে ১৩০ টাকা এবং চিনি ৪৫ থেকে ৬০ টাকা হয়েছে। পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে কেজিতে ২৫ টাকা থেকে ৫০ টাকা।

বেড়েছে প্রায় সব ভোজ্য তেলের দামও। কেজিপিছু চিনাবাদাম তেলের দাম ২০০ থেকে ২১৪ টাকা, সরষের তেল ১৯৮ থেকে ২০৯ টাকা, সয়াবিন তেল ১৪৩ থেকে ১৬৫ টাকা, সূর্যমুখী তেল ১৬৫ থেকে ১৯২ টাকা এবং পাম তেল ১৩২ থেকে ১৫৯ টাকা হয়েছে।

গত এক বছরে দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে প্যাকেটের দুধের দামও বাড়িয়েছে আমুলের বিপণন সংস্থা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এবং মাদার ডেয়ারি। ৩ শতাংশ ফ্যাটযুক্ত টোনড দুধের দাম লিটারে ৫৮ টাকা থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। ৬ শতাংশ ফ্যাটযুক্ত ফুলক্রিম দুধের দাম ৭০ থেকে হয়েছে ৭৬ টাকা।

২০২৭ সালে কী অপেক্ষা করছে

এফএও-র ২০২৬ সালের অক্টোবরের হিসাবে ভোজ্য তেলের আন্তর্জাতিক মূল্যসূচক ১৯৯.২ পয়েন্ট, ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। চিনির সূচক ১২১.৩ পয়েন্ট, ২০২৪ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

আগের রেকর্ড ফলনের মজুত ক্রমেই কমছে। অন্য দিকে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মতো দেশ পাম তেল, চিনি ও ভুট্টার ক্রমবর্ধমান অংশ ব্যবহার করছে বায়োডিজেল ও ইথানল তৈরিতে। এই জৈব জ্বালানি মেশানো হয় পেট্রোলিয়ামজাত জ্বালানিতে। ফলে আগামী কয়েক মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে।

এর সঙ্গে যোগ হচ্ছে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এল নিনো, যার প্রভাবও এ বার দীর্ঘস্থায়ী হতে পারে। সব মিলিয়ে ২০২৭ সালে নরেন্দ্র মোদী সরকারের সামনে খাবারের দাম এক বড় অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ডালের কথাই ধরা যাক। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক দফতর পাইকার, মজুতদার, বড় খুচরো বিপণি-শৃঙ্খল, ডালকলের মালিক এবং আমদানিকারকদের প্রতি শুক্রবার নিজেদের মজুতের হিসাব জানানো বাধ্যতামূলক করেছে। তামিলনাড়ু আরও এক ধাপ এগিয়ে ১৩ নভেম্বর থেকে এই ব্যবসায়ীরা কতটা অড়হর ও বিউলি মজুত রাখতে পারবেন, তার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে।

মাঠ থেকে আসা খবর অনুযায়ী, কর্নাটক ও মহারাষ্ট্রে এ বার অড়হর উঠতে পারে গত বছরের মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ। কর্নাটকে ফসল কাটার সময় নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের গোড়া। মহারাষ্ট্রে জানুয়ারির গোড়া থেকে মাঝামাঝি। এ দিকে ছোলা বোনার কাজও পিছিয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে সব ধরনের ডাল ও ভোজ্য তেলের আমদানি শুল্ক যেখানে যতটা আছে, তা ব্যাপক ভাবে কমানো ছাড়া সরকারের হাতে আর কোনও পথ না-ও থাকতে পারে। অড়হর ও বিউলি আমদানিতে ইতিমধ্যেই শুল্ক শূন্য। ছোলা ও মুসুরে শুল্ক ১০ শতাংশ, হলুদ মটরে ৩০ শতাংশ। অপরিশোধিত পাম ও সয়াবিন তেলে আমদানি শুল্ক ১১ শতাংশ, সূর্যমুখী তেলে ৫.৫ শতাংশ। কাঁচা চিনি ও তুলো বিনা শুল্কে আমদানির যে সুযোগ এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তার মেয়াদ আরও বাড়ানোর কথাও সরকারকে ভাবতে হতে পারে।