ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের বিরুদ্ধে এই রায়ে নির্যাতিত রোহিঙ্গারা ন্যায়বিচার পেলেন। সেই সঙ্গে রাষ্ট্রের কর্মকাণ্ড বিচারের ক্ষেত্রে ১৯৪৮ সালের গণহত্যা সনদও নতুন তাৎপর্য পেল।

হেগের ন’জন বিচারপতি রায়ের পক্ষে এবং ছ’জন বিপক্ষে মত দিয়েছেন। কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ যখন একটি সরকারের বিরুদ্ধে ওঠে, তখন বাস্তবে এই সনদ কী ভাবে প্রয়োগ করতে হবে, সংখ্যাগরিষ্ঠের রায়ে তার বিশদ রূপরেখা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্নের বিচারে এই রায় গুরুত্বপূর্ণ। সরকারের কাজ থেকে কী ভাবে বোঝা যাবে যে, ওই জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় তার ছিল?

দীর্ঘ রায়টি সম্ভবত সবচেয়ে মন দিয়ে পড়েছে ইজরায়েল। মিয়ানমার ছাড়া একমাত্র ইজরায়েলের বিরুদ্ধেই এখন আইসিজে-তে গণহত্যা সংঘটনের অভিযোগ বিচারাধীন। রায়টি জার্মানির কাছেও তাৎপর্যপূর্ণ। দেশটির বিরুদ্ধে একই আদালতে মামলা করেছে নিকারাগুয়া। অভিযোগ, জার্মানি গাজায় গণহত্যায় সহায়তা করেছে এবং তা ঠেকাতেও ব্যর্থ হয়েছে।

গাম্বিয়ার আইনজীবী দলের সদস্য, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডসের কথায়, “আমার মনে হয়, এই রায় গণহত্যা সনদে প্রাণ দিয়েছে। বাস্তবে এই সনদের অর্থ কী, তা স্পষ্ট হয়েছে। আদালত বিপরীত মত গ্রহণ করলে সনদটি কার্যত কাগজে-কলমেই থেকে যেত।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আনিয়েস কালামার এই রায়কে বলেছেন, “নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষ, নিহত ব্যক্তি এবং তাঁদের পরিবারগুলির জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত।” যে বিশ্বে আইনের তোয়াক্কা ক্রমেই কমছে, সেখানে এই রায় আন্তর্জাতিক মানবিক আইনের কর্তৃত্বকেও তুলে ধরল।

উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের সহকারী অধ্যাপক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ড. ইভা ভুকুশিচ বললেন, “আন্তর্জাতিক আইনের জন্য আজ একটা ভাল দিন। এমন একটা দিনের দরকার ছিল। আইনের অনেকগুলো দিক এই রায়ে পরিষ্কার হয়েছে। ভবিষ্যতে তা খুব কাজে আসবে।”

এই রায়ের প্রভাব পড়বে হেগের আর এক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি)। সেখানে বিচার হয় ব্যক্তির। কোনও ব্যক্তির বিরুদ্ধে কখন গণহত্যার অভিযোগ আনা যায়, তা নির্ধারণে এই রায় একটি মানদণ্ড হয়ে উঠবে।

আন্তর্জাতিক বিচারপ্রতিষ্ঠানের প্রতি বরাবরই বিরূপ ট্রাম্প প্রশাসনও এই রায়ের দিকে সতর্ক নজর রেখেছে। রায় ঘোষণার আগে রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত আইসিজে-কে বলেছিলেন, আদালত যেন “গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড শিথিল না করে”। তাঁর আশঙ্কা ছিল, তা হলে আমেরিকা ও তার মিত্র দেশগুলির সেনাদের বিরুদ্ধে এই আইনকে “অস্ত্র হিসেবে ব্যবহার” করা হতে পারে।

আদালত গণহত্যা প্রমাণের মানদণ্ড সরাসরি শিথিল করেনি। যে দেশটি হেগে এই মামলা এনেছিল, সেই গাম্বিয়াও তেমন আর্জি জানায়নি। গণহত্যার অভিপ্রায় বিচারের ক্ষেত্রে বিচারপতিরা আগের মানদণ্ডই বহাল রেখেছেন। অর্থাৎ, মিয়ানমারের কর্মকাণ্ড থেকে যদি এই সিদ্ধান্তই একমাত্র যুক্তিসঙ্গত ভাবে টানা যায় যে, তার গণহত্যার অভিপ্রায় ছিল, তবেই সেই অভিপ্রায় প্রমাণিত বলে গণ্য হবে। বিচারপতিরা আগের একাধিক রায়ের নজিরও বিশদে উল্লেখ করেছেন। এ বারের রায়ে অনেকটা স্পষ্ট হল, কোনও রাষ্ট্রের সংঘটিত নৃশংস অপরাধের বিচারে সেই মানদণ্ড কী ভাবে প্রয়োগ করতে হবে।

এর আগে কেবল সার্বিয়াই আইসিজে-তে গণহত্যা সংঘটনের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছিল। দু’টি পৃথক মামলা এনেছিল ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্ৎসেগোভিনা। বসনিয়ার মামলায় ২০০৭ সালে আদালত রায় দেয়, ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসার গণহত্যা ঠেকাতে বেলগ্রেড ব্যর্থ হয়েছিল। তবে দু’টি মামলাতেই সরাসরি গণহত্যা সংঘটনের অভিযোগ থেকে সার্বিয়া অব্যাহতি পায়।

এ বারের রায়ে রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে সরাসরি দায়ী করেছে আইসিজে। বিদ্রোহ দমনের অভিযানে এই মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিশানা করা হয়েছিল। ২০১৭ সালে সেই অভিযানের নৃশংসতা চরমে পৌঁছয়।

প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। নৃশংসতার ব্যাপ্তি বুঝতে আদালত মৃতের সংখ্যার পাশাপাশি দেখেছে, উত্তর রাখাইন প্রদেশে কত জন রোহিঙ্গাকে ওই অভিযানের নিশানা করা হয়েছিল। সেই সংখ্যা ৮ লক্ষ ১৫ হাজার। যাঁরা বেঁচে ফিরেছেন, বিশেষত যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মানসিক ক্ষতিও আদালত বিবেচনায় নিয়েছে। বিচারপতিরা দেখেছেন, এই হিংসা রোহিঙ্গাদের সন্তানধারণ ও সন্তান জন্মদানের উপর কী প্রভাব ফেলেছিল।

রায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত সার্বিয়ার মামলায় স্থির হওয়া মানদণ্ডের ব্যাখ্যা। আগের রায় অনুযায়ী, ব্যাপক হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও উদ্দেশ্যের বিশ্বাসযোগ্য ব্যাখ্যা থাকলে গণহত্যার সিদ্ধান্তে পৌঁছনো যেত না।

এ বার আদালত বলেছে, মিয়ানমারের অন্য উদ্দেশ্যও থাকতে পারে। যেমন, রোহিঙ্গাদের ভিটেমাটি থেকে উৎখাত করা কিংবা তাঁদের শাস্তি দেওয়া। কিন্তু সেই সব উদ্দেশ্যের পাশাপাশিও একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় থাকতে পারে। বিচারপতিদের মতে, সমস্ত সাক্ষ্যপ্রমাণ একসঙ্গে বিবেচনা করলে “একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত” হল, মিয়ানমারের গণহত্যার অভিপ্রায় ছিল।

এই সিদ্ধান্তের পক্ষে বিচারপতিরা কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গাজা মামলাতেও সেগুলি প্রাসঙ্গিক। সেই মামলা এখন লিখিত সওয়াল পেশের পর্যায়ে। নিষ্পত্তি হতে আরও অন্তত তিন বছর লাগবে বলে মনে করা হচ্ছে।

দু’টি ক্ষেত্রেই একটি মিল হল শিশুদের নিশানা করা। আদালতের ভাষায়, শিশুদের উপর আঘাত ছিল জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের “ভিতের উপর আঘাত”। আইসিজে জানিয়েছে, নিহত রোহিঙ্গাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ২,১০৯ পর্যন্ত হতে পারে। গাজার যুদ্ধে পাঁচ বছরের কম বয়সি পাঁচ হাজারেরও বেশি প্যালেস্তাইনি শিশু নিহত হয়েছে।

আর একটি ঘটনাক্রমকেও আদালত মিয়ানমারের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেখেছে। গ্রাম ধ্বংস করার পরে সেখানে “বুলডোজার চালিয়ে বিস্তীর্ণ জমি সাফ” করা হয়। তার পরেই শুরু হয় “দ্রুত নির্মাণকাজ”। গড়ে ওঠে নিরাপত্তাবাহিনীর স্থাপনাও। গাজা ভূখণ্ডের ৬০ শতাংশেরও বেশি এলাকা ইজরায়েলি সেনার দখলে। সেখানেও এই একই ধরনের তৎপরতা দেখা গিয়েছে।

মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাসের কথায়, “এই রায়ের ছত্রে ছত্রে ইজরায়েলের জন্য বার্তা রয়েছে। অবশ্যই দু’টি ঘটনার মধ্যে স্পষ্ট ফারাক আছে। সাক্ষ্যপ্রমাণও আলাদা হবে। তবু ‘মিয়ানমার’ শব্দটির জায়গায় ‘ইজরায়েল’ বসালে রায়ের বাকি অংশে খুব বেশি বদল করতে হবে না।”

বেঞ্চের ছ’জন বিচারপতি ভিন্নমত জানিয়েছেন। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠের যুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিতর্ক রয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা তাই মনে করিয়ে দিয়েছেন, একই বেঞ্চ গাজায় গণহত্যার জন্য ইজরায়েলকেও দায়ী সাব্যস্ত করবে, এমন সিদ্ধান্ত এখনই টানা যায় না। তবে উল্টোটা প্রায় নিশ্চিত বলেই তাঁদের মত। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া এই মামলায় হেরে গেলে, ইজরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা মামলাও কার্যত সেখানেই শেষ হয়ে যেত।