‘স্টিফেন কিং’ নামটি বললেই অধিকাংশ মানুষের সম্ভবত মনে হবে, কথা হচ্ছে ‘দ্য শাইনিং’, ‘দ্য স্ট্যান্ড’ এবং ‘ইট’-এর মতো বিপুল বিক্রীত ভয়ের উপন্যাসের লেখককে নিয়ে। কিন্তু স্টিফেন কিংয়ের পরিচয় শুধু এমন সব ঢাউস বইয়ে আটকে নেই, যেগুলির পাতায় পাতায় গা-ছমছমে আতঙ্ক। তিনি কঠোর, রুক্ষ বাস্তবতার গোয়েন্দাকাহিনিও লিখেছেন—যেমন ‘মিস্টার মার্সিডিজ’ সিরিজ। এমনকি ‘দ্য ডার্ক টাওয়ার’ নামে সাত খণ্ডের একটি ফ্যান্টাসি সিরিজও তাঁর লেখা।

এই সব ধারারই ছাপ রয়েছে তাঁর সাম্প্রতিক বই ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ: আ ট্যালিসম্যান নভেল’-এ। এটি সেই ট্রিলজির শেষ বই, যার সূচনা কিং করেছিলেন ভৌতিক সাহিত্যের আর এক খ্যাতিমান লেখক পিটার স্ট্রবের সঙ্গে। দু’জনে মিলে সিরিজের প্রথম বই ‘দ্য ট্যালিসম্যান’ লিখেছিলেন ১৯৮৪ সালে। তার পরে ২০০১ সালে আসে ‘ব্ল্যাক হাউস’। স্ট্রব মারা যান ২০২২ সালে। তবে তাঁর রেখে যাওয়া নোট কাজে লাগিয়ে সিরিজটি শেষ করেছেন কিং।

সেই সমাপ্তি রচনা করতে গিয়ে কিং তাতে মিশিয়েছেন ‘দ্য ডার্ক টাওয়ার’-এর স্বতন্ত্র স্বাদ। বস্তুত, বইটির নামই নেওয়া হয়েছে ওই সিরিজের অন্যতম চরিত্র জেক চেম্বার্সের একটি সংলাপ থেকে। নায়ক রোল্যান্ড ডেসচেইনকে জেক বলে, ‘যাও তবে। এ ছাড়াও অন্য জগৎ আছে।’ কথাটি বলতে বলতেই সে নীচে পড়ে যায়—দেখে মনে হয়, মৃত্যুর দিকেই।

ফিরে এসেছে জ্যাক সয়্যার

সিরিজের অন্য বইগুলির মতো ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’-এর কেন্দ্রেও রয়েছে জ্যাক সয়্যার। ‘দ্য ট্যালিসম্যান’-এ সে ছিল বারো বছরের এক বালক, মৃত্যুপথযাত্রী মাকে বাঁচানোর উপায় খুঁজছিল। ‘ব্ল্যাক হাউস’-এ সে গোয়েন্দা, পরপর কয়েকটি খুনের কিনারা করতে ব্যস্ত। আর ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’-এ তার বয়স সাতান্ন। সে এখন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। তবে তার কাঁধে কাজের বোঝা কম নয়।

একের পর এক খুন করে চলেছে দুই তরুণ অপরাধী। তাদের খুঁজে বার করার চেষ্টা করছে জ্যাক। আগের মতোই সেই অনুসন্ধানে তাকে যাতায়াত করতে হচ্ছে দু’টি আলাদা জগতের মধ্যে—চাইলে দু’টি আলাদা অঞ্চলও বলা যায়। একটি আমাদের চেনা পৃথিবী, অন্যটির নাম ‘টেরিটরিজ’।

একই সঙ্গে দু’টি জগৎকেই বাঁচানোর চেষ্টা করছে সে। বিপদের উৎস ‘গ্রেট গর্জ’ বা ‘গালেট’ নামে পরিচিত এক রহস্যময়, ভয়ংকর এলাকা। টেরিটরিজে জ্যাক যে গভর্নরের অধীনে কাজ করে, তিনিই তাকে সেখানে পাঠিয়েছেন। আমাদের পৃথিবীতে জ্যাক গোয়েন্দা; টেরিটরিজে পৌঁছলেই সে বন্দুকধারী, কাউবয়সুলভ যোদ্ধা। আর হ্যাঁ, সেখানে রক্তচোষাও আছে—তাদের বলা হয় ‘ওম্বিজ’। রয়েছে অদ্ভুত সব প্রাণী, ঘটছে বিচিত্র সব কাণ্ড।

স্থান, কাল এবং নানা সাহিত্যধারার এই মিশেল ছড়িয়ে রয়েছে প্রায় ন’শো পৃষ্ঠা জুড়ে। জ্যাক কখনও আধুনিক আমেরিকায়, কখনও টেরিটরিজে। দুই জগতেই তার কথাবার্তা হচ্ছে বিচিত্র সব চরিত্রের সঙ্গে। রয়েছে তার সঙ্গীরা—টেরিটরিজের ভাষায় যাদের বলা হয় ‘কা-টেট’। রয়েছে অন্য জগতের দুর্নীতিগ্রস্ত গভর্নর। এক বন্ধু আছে, যে ভবিষ্যৎ দেখতে পায়—অবশ্য যখন নেশাগ্রস্ত থাকে না। রয়েছে আমাদের পৃথিবীর পুলিশ ও সংবাদমাধ্যম। আর অবশ্যই রয়েছে সেই সব রহস্যময় মানুষ, যারা হঠাৎ আসে, আবার মিলিয়েও যায়।

কয়েক পৃষ্ঠা অন্তর বদলে যাচ্ছে সময়, চরিত্র, পরিস্থিতি, এমনকি ভাষাও। টেরিটরিজে ইংরেজির ধরনটাই আলাদা—যেমন, ‘ইফ ইট প্লিজ ইয়া, সাই’, অর্থাৎ অনেকটা ‘আপনার যদি মর্জি হয়, সাই’।

এ এক মাথা ঘুরিয়ে দেওয়া আকর্ষণীয় জগৎ। কোনও চরিত্রকে দেখে মনে হয়, যেন কাউবয়দের ওয়েস্টার্ন কাহিনি থেকে উঠে এসেছে; কাউকে মনে হয় মধ্যযুগের বাসিন্দা; আবার কেউ যেন সস্তা রোমাঞ্চসাহিত্যের পাতা ছেড়ে এখানে হাজির। বীরত্ব ও সৌজন্য, ছলনা, প্রেম, গোয়েন্দাগিরি, আতঙ্ক—আরও কত কী অবাধে মিশে যাচ্ছে পাতায় পাতায়। কখনও কখনও সেই প্রাচুর্য প্রায় অভিভূত করে ফেলে।

কিং-স্ট্রবের বই যখন, তখন নিখাদ চমক আর আতঙ্কের মুহূর্ত তো থাকবেই। তার কয়েকটি আবার গভীর আবেগেও নাড়া দেয়। একটি দৃশ্যে মারাত্মকভাবে পুড়ে যাওয়া, মৃত্যুপথযাত্রী এক বন্ধুকে কোলে নিয়ে আছে সয়্যার। মানুষটির অবশিষ্ট একমাত্র চোখটি স্থির হয়ে আছে তার দিকে। ঝরে পড়ছে পোড়া চামড়ার টুকরো। এই দৃশ্য আমরা কখনও ভুলতে পারব না। জ্যাকও পারে না। সে প্রতিশোধ নিতে চায়।

আতঙ্ক জাগায়, মুগ্ধও করে

এই উপন্যাসের পটভূমি বিপুল, বহু দিকে বিস্তৃত। অথচ তা আশ্চর্য রকম চেনাও ঠেকতে পারে—যদি আপনি স্টিফেন কিংয়ের অনেক বই পড়ে থাকেন, বিশেষ করে ‘ট্যালিসম্যান’ এবং ‘দ্য ডার্ক টাওয়ার’ সিরিজ। ওই ‘যদি’ কথাটির উপর কিন্তু খুব জোর দিতে হবে।

দু’টি সিরিজের প্রসঙ্গ বারবার ফিরে আসে। সেগুলির চরিত্র ও জায়গাগুলিও ঘুরেফিরে হাজির হয়। সোজাসুজি বলি: এই বইটি বুঝতে হলে অন্তত ন’টি বই আগে পড়া থাকা দরকার। সেগুলি যদি পড়া থাকে, তা হলে ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’-এর পাতা আপনি দ্রুত উল্টে যাবেন। কোনও ঘটনায় চমকে শ্বাস আটকে আসবে। আগের কোনও বইয়ে পড়া কিছু আবার ফিরে আসতে দেখে মুখে হাসি ফুটবে। এমনকি বিশেষ কিছু সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষাও করবেন।

এটাই বইটির শক্তি, আবার দুর্বলতাও। একটি সিরিজের নতুন সংযোজন হিসেবে এটি চমৎকার। কিন্তু একে যথার্থ উপভোগ করতে, এমনকি বুঝতেও, আগের বইগুলির সঙ্গে গভীর পরিচয় থাকা চাই।

‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’ অনেক কিছুই, তবে অন্য বই না পড়ে স্বতন্ত্রভাবে পড়ার মতো উপন্যাস নয়। নতুন পাঠকের পক্ষে কী ঘটছে বোঝা কঠিন হবে। ঘটনা এবং চরিত্রগুলির তাৎপর্যও ঠিকমতো ধরা দেবে না।

এই বইয়ে জ্যাক সয়্যার কী করছে, কেন করছে, কিংবা তার সঙ্গীরাই বা কারা—তা বুঝতে হলে ‘দ্য ট্যালিসম্যান’ এবং ‘ব্ল্যাক হাউস’-এ তার সঙ্গী হওয়া সত্যিই জরুরি। তার উপর কিং এই বইয়ে ‘দ্য ডার্ক টাওয়ার’-এর এত উপাদান ঢুকিয়েছেন যে, আরও দীর্ঘ সেই সিরিজটির সঙ্গে পরিচয়ও প্রয়োজন হয়ে পড়েছে।

ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের মনে হয় প্রকাশকদের বইয়ের প্রচ্ছদেই একটি সতর্কবার্তা সেঁটে দেওয়া উচিত: ‘কেবল “দ্য ট্যালিসম্যান” ও “ব্ল্যাক হাউস” পড়া থাকলেই এই বই পড়ুন। “দ্য ডার্ক টাওয়ার”-এর সঙ্গে পরিচয় থাকলে ভালো, তবে তা বাধ্যতামূলক নয়।’

আসলে ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’-এ স্টিফেন কিং ‘ওল ট্র্যাভেলিং জ্যাক’-এর যাত্রাকে শেষ গন্তব্যে পৌঁছে দিতে চাইছেন। আগের বইগুলিতে সয়্যারকে এই নামেই ডাকা হয়েছে—অনেকটা সেই পুরনো পথিক জ্যাক। এখন কী ঘটছে বুঝতে হলে আপনাকেও তার সঙ্গে এতটা পথ পেরিয়ে আসতে হবে।

সব কিছু কীভাবে শেষ হয়, তা বলে আমরা পাঠের আনন্দ নষ্ট করব না। শুধু এটুকু বলা যায়, কিং ঘটনাপ্রবাহকে এক ধরনের পরিণতিতে পৌঁছে দেন। একই সঙ্গে আমাদের ফিরিয়ে নিয়ে যান শুরুর জায়গায়—ঠিক যেমনটি করেছিলেন ‘দ্য ডার্ক টাওয়ার’-এ।

যাঁরা ‘দ্য ট্যালিসম্যান’ ও ‘দ্য ডার্ক টাওয়ার’ চেনেন, টেরিটরিজের রীতিনীতি এবং ভাষার সঙ্গে পরিচিত, তাঁদের জন্য ‘আদার ওয়ার্ল্ডস দ্যান দিজ’ অবশ্যপাঠ্য।

আর যাঁরা এই জগতের খবর রাখেন না, তাঁদের প্রতি আমাদের পরামর্শ হবে জেক চেম্বার্সের সেই কথাটিই, যা থেকে বইটির নাম এসেছে: ‘যাও তবে। এ ছাড়াও অন্য জগৎ আছে।’