ইভান গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের সেই সাংবাদিক, ইউক্রেনে পুতিনের যুদ্ধের গোড়ার দিকে যাঁকে গুপ্তচরবৃত্তির ভুয়ো অভিযোগে তুলে নিয়ে গিয়েছিল রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার কারাগারে দেড় বছর কাটিয়েছিলেন তিনি—প্রথমে লেফোর্তোভোয়, পরে ইয়েকাতেরিনবুর্গে। শেষ পর্যন্ত ২০২৪ সালে বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পান।
সেই অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর বইটির শুরুর অংশ টানটান, বেশ আবেগময়ও। তিনি বর্ণনা করেছেন কী ভাবে ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এক সূত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি; সেই ব্যক্তি রাশিয়ার সামরিক-শিল্পক্ষেত্রের প্রস্তুতি সম্পর্কে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রুশ ইহুদি অভিবাসী মা-বাবার সন্তান গার্শকোভিচের জন্ম আমেরিকায়। বড় হয়েছেন নিউ জার্সির শহরতলিতে—সোভিয়েত কার্টুন দেখে আর “ঈশপের বদলে ক্রিলভের নীতিকথা” পড়ে। তাঁর অবস্থান ছিল দুই জগতের মাঝামাঝি। কুড়ির কোঠার গোড়ায় সাংবাদিকতায় পা রাখেন। প্রথমে নিউ ইয়র্ক টাইমসে রাতের পালায় সম্পাদকীয় সহকারী হিসেবে কাজ, তার পরে মস্কো টাইমসে পুরোদস্তুর রিপোর্টার হিসেবে যাত্রা শুরু। রাশিয়ার টানে সেখানে পৌঁছেছিলেন তিনি, ক্রমে দেশটিকে ভালবেসে ফেলেন।
সাংবাদিকজীবনের বর্ণনায় তিনি বুঝিয়ে দেন, বিদেশি সংবাদদাতা হলে মস্কোর মতো বিরাট শহরও কী ভাবে একটি ছোট্ট গ্রাম হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে ক্রেমলিন সাংবাদিকদের উপরে বিধিনিষেধ আরও কঠোর করতেই সেই গ্রাম ফাঁকা হতে থাকে। গার্শকোভিচের রুশ সহকর্মীদের কেউ কেউ দেশ ছেড়ে পালান, দু-এক জনকে ধরে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তবু গার্শকোভিচ রিপোর্টিং চালিয়ে যান। তাঁর হিসাব ছিল, নিজেদের দেশের নাগরিকদের সঙ্গে পুতিনের পেটোয়া বাহিনী যা অনায়াসে করে, কোনও বিদেশির সঙ্গে তা করার আগে তারা এখনও একটু ইতস্তত করবে। পরে বোঝা যায়, হিসাবটি ভুল ছিল। সিদ্ধান্তটি বোঝা যায়—তাতে কিছুটা বীরত্ব ছিল, কিছুটা নির্বুদ্ধিতাও।
কারাগারে কাটানো সময়ের বিবরণটি কৌতূহলোদ্দীপক, লেখাও দক্ষ হাতে। তবে গ্রেফতারির পর থেকে আখ্যানের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে। গার্শকোভিচ রুশ কারাগারে আছেন বটে, কিন্তু একই সঙ্গে তিনি ঠিক সেই কারাগারের মানুষ নন। মোটের উপরে গোড়া থেকেই তিনি জানেন, তিনি দরকষাকষির একটি ঘুঁটি—বন্দিবিনিময়ের মাধ্যমে তাঁকে দেশে ফেরানো হবে। “আমি এখনও বাইরের একজন দর্শক মাত্র, ডায়েরিতে লিখেছিলাম। আমার বেরিয়ে যাওয়ার একটা পথ আছে।” অভিজ্ঞতাটি সুখকর নয়। কিন্তু তাঁর উপরে নির্যাতন চালানো হবে, তাঁকে মারধর করা হবে, গুম করে দেওয়া হবে, কিংবা বাখমুতে যুদ্ধ করতে ও মরতে পাঠানো হবে—এ সবের সম্ভাবনা খুবই কম। শেষের পরিণতিটিই হয়েছিল ইয়েকাতেরিনবুর্গের সেন্ট্রাল কারাগারে তাঁর কিশোর সেলসঙ্গীর।
বই পড়ে অনেকটা সময় কাটান তিনি। ফের ধূমপান শুরু করেন। দেখেন রুশ টেলিভিশনের জঘন্য সব অনুষ্ঠান। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ‘মনাস্টেরি কিচেন’: সেখানে অর্থোডক্স যাজকের পোশাক পরা এক মোটাসোটা রাঁধুনি তাঁর বন্ধু ওলেগকে বিপ্লব-পূর্ব যুগের ভয়াবহ সব পদ খাইয়ে নাজেহাল করেন। প্রেমিকাকে মনে পড়ে গার্শকোভিচের। ব্যায়াম ও ধ্যানের সুযোগটুকু পরম যত্নে আঁকড়ে ধরেন। হাতের কাছে যেটুকু সরঞ্জাম পান, তা দিয়েই উদ্ভাবনী কায়দায় রান্না করেন। লেফোর্তোভোর সেলসঙ্গীর সঙ্গে গড়ে ওঠে মর্মস্পর্শী এক সম্পর্ক। আর অবশ্যই ডায়েরি লেখেন—কারণ তিনি জানেন, পরে এ সব নিয়ে লিখতে পারবেন।
তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অদ্ভুত সাজানো নাটকটি তিনি ভালই ফুটিয়ে তুলেছেন—যেখানে অভিনয়কেই সত্যি বলে চালানো হয়। কেউ কি সত্যিই বিশ্বাস করে যে তিনি গুপ্তচর? করলে কে? এই কৌতূহল তাঁকে কুরে কুরে খায়। আশ্চর্যের কথা, তাঁর মনে হয় পুতিন নিজে হয়তো সত্যিই তা বিশ্বাস করেন। রুশ বিচারব্যবস্থায় ‘তদন্ত’ শুরু হওয়ার আগেই যে তার পরিণতি নির্ধারিত থাকে, সেটিও তিনি তুলে ধরেছেন। বেরিয়ার সেই নীতি—“লোকটাকে দেখিয়ে দাও, আমি তার অপরাধ দেখিয়ে দেব”—সোভিয়েত-পরবর্তী বিচারব্যবস্থারও মূল চালিকাশক্তি হয়ে রয়েছে।
রাশিয়ার কারাগার সম্পর্কে এমন অনেক কিছু জানা যায়, যা একই সঙ্গে কৌতূহল জাগায় এবং মন খারাপ করে দেয়। এক সেল থেকে অন্য সেলে যোগাযোগের কায়দা; বন্দিদের আচরণবিধি—যেমন, সেলসঙ্গী যৌন অপরাধে বন্দি কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত কখনও তাঁর সঙ্গে হাত মেলাবেন না, আর সেলের দরজায় রাখা ন্যাকড়ায় পা মুছে সম্মান জানাতে ভুলবেন না; বন্দিদের মধ্যে শাস্তি ও নিপীড়নের ভিত্তিতে গড়ে ওঠা উঁচুনিচু স্তরবিন্যাস; এবং এই ব্যবস্থায় আটকে থাকা মানুষগুলি কী ভাবে একসময় বাইরের পৃথিবীর চেয়ে জেলের ভিতরেই বেশি স্বচ্ছন্দ বোধ করতে শুরু করেন।
সামান্য সমস্যাটি হল, তাঁর চারপাশে ঘটে চলা ঘটনাগুলির বিশ্লেষণ করার কিংবা ‘গ্লুবিনকা’—রাশিয়ার প্রত্যন্ত জনপদ, যাকে বলা যেতে পারে ‘লা রুসি প্রফোঁদ’ বা রুশ সমাজের অন্দরমহল—সম্পর্কে রিপোর্ট করার ক্ষমতা কিছুটা সীমিত হয়ে পড়ে। কারণ, তিনি তো জেলে। ঠিক একই সময়ে অসনে সাইয়েরস্তাদ তাঁর ‘নেভার সে ওয়ার’ বইটির জন্য রাশিয়ার নানা প্রান্তে ঘুরে রিপোর্ট করছিলেন; গার্শকোভিচের পরিস্থিতির কথা তিনি জানতেন এবং তা নিয়ে উদ্বিগ্নও ছিলেন। ইউক্রেনের সঙ্গে সংঘাত যত এগোয়, গার্শকোভিচ তা দেখেন কারাগারের টেলিভিশনের পর্দায়।
অবশ্য, গরাদের আড়াল থেকেও রুশ মানসিকতার কিছু পরিচয় পাওয়া যায়। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মস্কো অভিমুখে সেই ব্যর্থ অভিযানে গার্শকোভিচ প্রবলভাবে আলোড়িত হন। কিন্তু পরে বিমান দুর্ঘটনায় প্রিগোঝিনের মৃত্যুর খবর যখন টেলিভিশনে ভেসে ওঠে, তাঁর সেলসঙ্গী জানান, খবরটি তিনি সেই সকালেই শুনেছেন।
“‘আমাকে বলোনি কেন?’ আমি গর্জে উঠলাম। […] সেরিয়োগা কাঁধ ঝাঁকাল। ‘ছিল, এখন আর নেই,’ সে বলল। ‘আমার তাতে কিছুই যায়-আসেনা।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।