দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের যুক্তি ছিল, বাস্তবকে আমরা কী ভাবে বুঝি, তা মূলত নির্ধারিত হয় এবং সীমাবদ্ধ থাকে সেই ভাষার দ্বারা, যে ভাষায় আমরা বাস্তব সম্পর্কে কথা বলি। কিন্তু এমন একটি জায়গা আছে, যেখানে ভিয়েনায় জন্মানো এই চিন্তকের যুক্তি আর খাটে না। চেক লেখক ও সাহিত্যগবেষক ভ্রাতিস্লাভ মানিয়াকের কথায়, “সমকামী সাউনা এমন এক পরিসর, যেখানে ভাষার মৃত্যু ঘটে।”

এ বছরের গোড়ায় চেক ও জার্মান ভাষায় প্রকাশিত হয়ে যথেষ্ট সাড়া ফেলেছে মানিয়াকের বই ‘উইথ ভিটগেনস্টাইন ইন আ গে সাউনা’। সেখানে কল্পনার আশ্রয়ে তিনি ভিটগেনস্টাইনকে নিয়ে গিয়েছেন ভিয়েনার ‘কাইজারব্রুন্ডল’ নামে এক পুরুষদের স্নানাগারে। সে যুগের সংবাদপত্র এই প্রতিষ্ঠানকে অভিহিত করেছিল “পৃথিবীর সবচেয়ে আড়ম্বরপূর্ণ স্নানাগার” বলে। ভিটগেনস্টাইনের জীবনে নারী ও পুরুষ, উভয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল।

মানিয়াক লিখছেন, “ডাইনে-বাঁয়ে তিনি দেখতে পান জলে চকচক করছে পুরুষদের ভেজা পিঠ, ঘন লোমে ঢাকা ঊর্ধ্বাঙ্গ, আর ঠান্ডায় শক্ত হয়ে ওঠা স্তনবৃন্ত।” বইয়ে ভিটগেনস্টাইন নিজের কামনায় পীড়িত। এমন এক টানাপোড়েনে তিনি জর্জরিত, কাইজারব্রুন্ডলের কাঠের বেঞ্চে বসে যার অবসান ঘটাতে পারে কেবল হাতের সাহায্যে যৌনতৃপ্তি।

“ভিটগেনস্টাইন দর্শনের সমস্ত রহস্যের সমাধান করতে চেয়েছিলেন। অথচ মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় অংশটিকেই তিনি উপেক্ষা করেছিলেন—শরীর,” বলছেন ৩৮ বছরের মানিয়াক। প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ান তিনি।

অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য থেকে উঠে আসা সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ভিটগেনস্টাইন কখনও নিজের সমকামিতা নিয়ে খোলাখুলি কথা বলেননি। মানিয়াকও জীবনের তুলনামূলক ভাবে পরের পর্বে, ২০১৭ সালে, নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। তার কয়েক বছর আগেই পুরস্কারজয়ী ছোটগল্পকার হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল। কিন্তু প্রবন্ধের ঢঙে লেখা তাঁর এই ভ্রমণকাহিনি মধ্য ইউরোপ সম্পর্কে প্রচলিত একটি ধারণাকে চ্যালেঞ্জ জানায়—এই অঞ্চল গভীর ভাবে সমকামী ও রূপান্তরকামী মানুষদের প্রতি বিদ্বেষপূর্ণ, কিংবা এখানে যৌন পরিচয় লুকিয়ে রাখাই দস্তুর।

হাঙ্গেরি, চেকিয়া বা স্লোভাকিয়ার রাজনীতিতে অতি দক্ষিণপন্থী জনতুষ্টিবাদীদের প্রবল উপস্থিতি দেখে যা-ই মনে হোক, মানিয়াক দেখিয়েছেন, মধ্য ইউরোপের সমাজে ক্যুইয়ার উপসংস্কৃতির শিকড় অনেক গভীরে। বুদাপেস্টে ষোড়শ শতকের ঐতিহাসিক অটোমান তুর্কি স্নানাগার রুদাশে গিয়ে তিনি মনে করিয়ে দেন, ‘হোমোসেক্সুয়ালিটি’ বা সমকামিতা শব্দটিই প্রথম তৈরি করেছিলেন এক হাঙ্গেরীয়—অনুবাদক ও প্রগতিবাদী কার্ল মারিয়া কের্টবেনি, ১৮৬০-এর দশকে। কর্মদিবসে রুদাশের ওই পরিসর শুধু পুরুষদের জন্য সংরক্ষিত থাকে।

বার্লিনের কিটক্যাটক্লাবে উদ্দাম নাচের আসরে মানিয়াকের কাছে যৌনতার নতুন উপলব্ধি ধরা দেয়। প্রাগে তিনি পাঠককে নিয়ে ঘুরে বেড়ান শহরের অতীত ও বর্তমানের সেই সব চেনা পথে, যেখানে সমকামী পুরুষেরা সম্ভাব্য যৌনসঙ্গীর খোঁজে যাতায়াত করেন। তার মধ্যে রয়েছে পোদোলি এলাকার সুইমিং পুলের ওপরের দিকে পাথুরে পথগুলিও। সেই ১৯৭০-এর দশকেই প্রাগ স্টেট অপেরার পাশের গণশৌচাগারগুলি ভেঙে ফেলা হলে স্থানীয় সমকামী পুরুষেরা একটি স্মরণ-অনুষ্ঠান করেছিলেন। ভাঙা জায়গা থেকে স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে গিয়েছিলেন আগুনরঙা লাল টালি।

মানিয়াক বলছেন, “সমকামী সাউনার সঙ্গে প্রজন্মের একটা সম্পর্ক আছে। তরুণদের নিজস্ব ক্যুইয়ার পরিসরও রয়েছে। তা সত্ত্বেও এগুলি দেখায়, কী ভাবে প্রচলিত নিয়মকে নীরবে চ্যালেঞ্জ জানিয়ে শহরের কোনও জায়গাকে নতুন অর্থ দেওয়া যায়, তাকে উপভোগ করা যায়। এ যেন সূক্ষ্ম সামাজিক প্রতিরোধের পাঠ্যবই।”

মধ্য ইউরোপের বহু রক্ষণশীল ও অতি দক্ষিণপন্থী রাজনীতিক সমকামিতা এবং ক্যুইয়ার পরিচয়কে ‘অবক্ষয়িত’ পশ্চিম থেকে আমদানি করা সংস্কৃতি হিসেবে তুলে ধরেন। তাঁদের বয়ানে, ১৯৮৯ সালের পরে উদার গণতন্ত্রের ডানায় চেপেই এসব এসে পৌঁছেছে। সাম্প্রতিক বইগুলির মধ্যে শুধু মানিয়াকের ভ্রমণকাহিনিই যে এই বয়ানকে প্রশ্নের মুখে ফেলেছে, তা নয়।

“মধ্য ইউরোপ, বিশেষ করে বুদাপেস্ট, ভিয়েনা ও প্রাগের মতো রাজধানী শহরগুলি—যা তখন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল—যৌন পরিচয়ের ধারণা গড়ে ওঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা নিয়েছিল। কারণ, আধুনিক যুগের বহু গুরুত্বপূর্ণ যৌনতত্ত্ববিদ এই অঞ্চল থেকেই উঠে এসেছিলেন,” বলছেন অনিতা কুরিমে। পেনসিলভানিয়ার ব্রিন মাওর কলেজের এই ইতিহাসবিদের বই ‘ক্যুইয়ার বুদাপেস্ট, ১৮৭৩–১৯৬১’ প্রকাশিত হয় ২০২০ সালে।

তাঁর বই দেখায়, বুদাপেস্টে দানিয়ুবের তীরে যৌনসঙ্গী খোঁজার পরিচিত জায়গা এবং প্রাসাদোপম বাড়িতে কেবল আমন্ত্রিতদের জন্য সমকামী ক্লাবের ইতিহাস অনেক পুরনো। এগুলির কথা সকলেই জানত, অথচ প্রকাশ্যে বলত না; এমনই এক প্রকাশ্য গোপন বিষয় হিসেবে এগুলিকে সহ্য করা হত। কুরিমে বলছেন, “শিক্ষিত অভিজাতদের মধ্যে জার্মান ও ফরাসি ভাষার ব্যাপক প্রচলন ছিল। তার সুবাদে এই রাজধানীগুলি ইউরোপজুড়ে চলা আলোচনা, ভাবনার আদানপ্রদান এবং মানুষের যাতায়াতের অংশ হয়ে উঠেছিল।”

চিকিৎসা ও আইন পেশার জগৎ এবং পুলিশের অভ্যন্তরীণ আলোচনার বাইরে অবশ্য বিষয়টি নিয়ে কথা বলা প্রায় নিষিদ্ধই ছিল। তবে ব্যতিক্রমও ছিল। যেমন, হাঙ্গেরীয় লেখক সোমা গুতির ১৯০৮ সালের অপরাধকাহিনি-ধারাবাহিক ‘হোমোসেক্সুয়াল লাভ’, যা বিস্ময়কর রকম প্রগতিশীল। সেখানে গোয়েন্দা তুজার দুই ধনী ভদ্রলোকের করুণ প্রেমের ঘটনাকে ঘিরে রহস্যের সমাধান করেন। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে চেকোস্লোভাকিয়ায় ‘দ্য ভয়েস’ নামে একটি প্রগতিশীল সমকামী পত্রিকাও ছিল। যৌনতা-সংক্রান্ত সংস্কারের দাবিতে সরব হওয়ার পাশাপাশি পত্রিকাটি সঙ্গী খোঁজার বিজ্ঞাপনও ছাপত।

রাষ্ট্রীয় সমাজতন্ত্রের আমলে, ১৯৬১ সালে, চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরিতে পুরুষদের মধ্যে সমকামী যৌনক্রিয়াকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ব্রিটেন এবং ইউরোপের আরও কয়েকটি দেশের আগেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে প্রকাশ্য স্থানে আপত্তিকর আচরণের অভিযোগে মানুষের বিরুদ্ধে তখনও মামলা হতে পারত। কুরিমে আরও বলেন, “সমাজতন্ত্রের অধীনে যৌনতা বিষয়ে কিছু উদার নীতি ছিল ঠিকই, কিন্তু তা যে অবধারিত ভাবে লিঙ্গভিত্তিক প্রচলিত রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিল, এমন নয়।”

প্রাগে মানিয়াকের বই থেকে অনুপ্রেরণা নিয়ে একটি নতুন প্রদর্শনীও হয়েছে। শহরের ডিওএক্স সেন্টার ফর কনটেম্পোরারি আর্টে আয়োজিত এই প্রদর্শনীর বিষয়, মধ্য ইউরোপের শিল্পে পুরুষত্বের উপস্থাপনা। নাম ‘অ্যান্ড্রোস’—গ্রিক ভাষায় যার অর্থ পুরুষালি। প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে নিঃসঙ্গতা, অসহায়তা ও অসম্পূর্ণতা। ছবিগুলিতে পুরুষদের মুখ কখনও ঝাপসা, কখনও যেন গলে যাচ্ছে। পুরুষদেহের প্রাচীন আদর্শকে ভাঙতে ভাঙতে এমন জায়গায় আনা হয়েছে, যেখানে অবশিষ্ট রয়েছে কেবল খণ্ডিত ধড়ের ভাস্কর্য। প্রতিটি শিল্পকর্ম মনে করিয়ে দেয়, কী ভাবে পুরুষত্বের চিরাচরিত ধারণার অবয়ব ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে।

প্রদর্শনীর ক্যাটালগে মানিয়াক লিখছেন, “সমাজ একসময় পুরুষত্বকেই সব কিছুর কেন্দ্রীয় মাপকাঠি বলে মনে করত। সেই পুরুষত্ব আজ তার নিখুঁত অবয়ব হারিয়েছে। কারণ, দেখা গিয়েছে, সেও অসম্পূর্ণ; তার গায়েও রয়েছে ঘাটতির চিহ্ন আর মেরামতের অতীত ফাটল।”

তবু মানিয়াকের কণ্ঠে আশার সুর। তিনি বলেন, “‘পুরুষত্বের সংকট’ কথাটা আমি ব্যবহার করতে পছন্দ করি না। কারণ, প্রতিটি রূপান্তরই যে অবধারিত ভাবে সংকট, তা নয়।”