স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েল প্রয়াত হয়েছেন প্রায় এক শতাব্দী আগে, কিন্তু শার্লক হোমস আজও অমর। ছাপার অক্ষরে হোক বা পর্দায়, নতুন কোনও হোমস-রহস্য ছাড়া একটা বছরও প্রায় কাটে না।

২২১বি বেকার স্ট্রিটের এই গোয়েন্দা বরং দাবি করতে পারেন যে তিনি আজ আগের যে কোনও সময়ের চেয়ে বেশি বিখ্যাত। তার কারণ জনি লি মিলার, বেনেডিক্ট কাম্বারব্যাচ আর রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকারা পর্দায় তাঁকে নতুন করে গড়েছেন। হোমসকে নিয়ে বই আর গল্প লেখাও থামেনি। এই ধারাকে এখন বলা হয় 'হোমস প্যাস্টিশ'।

দশ লেখক, এক গোয়েন্দা

এই ধারার সাম্প্রতিকতম বই 'শার্লক'। দশ জন পরিচিত লেখকের দশটি গল্প, সবই শার্লক হোমসকে নিয়ে। আসলে হোমস আছেন ন'টি গল্পে, তবে এর বেশি আমরা বলছি না। বইটি কোনান ডয়েল এস্টেটের অনুমোদন পেয়েছে, তাই এক অর্থে এটি 'সরকারি সংকলন'।

প্রায় চারশো পাতার বইটির ভূমিকা লিখেছেন স্টিফেন ফ্রাই। ফ্রাইকে হোমস-বিশেষজ্ঞ বলে গণ্য করা হয়। কোনান ডয়েলের সব হোমস-কাহিনির অডিয়োবুকে কণ্ঠও তাঁরই। এমনকি 'শার্লক হোমস: আ গেম অব শ্যাডোজ়' ছবিতে তিনি হোমসের দাদা মাইক্রফটের চরিত্রে অভিনয় করেছিলেন, দর্শককে হাসিয়েও ছিলেন খুব।

বইয়ের প্রচ্ছদে বড় করে লেখা: "দশটি নতুন গল্প, দশ জন অসামান্য লেখক, খেলা আবার শুরু…"। মানতেই হবে, হোমসকে নিয়ে লিখতে বসা লেখকদের তালিকাটি চমকে দেওয়ার মতো: আবির মুখার্জি, অ্যান্থনি হরোউইৎজ়, জিটি কারবার, জ্যানিস হ্যালেট, জো হিল, কেট মস, এসএ কসবি, সারা পেরি, স্টিভ কাভানা আর বসিম খান। এঁরা প্রত্যেকেই নিজের জোরে বেস্টসেলার লেখক। ফলে সাম্প্রতিক কালের হোমস প্যাস্টিশ সংকলনগুলির মধ্যে এটি সবচেয়ে বেশি আশা জাগায়।

ঘোড়ার গাড়ি থেকে উবের

দশ লেখকই হোমসকে নিজের মতো করে গড়তে চেয়েছেন। স্টিভ কাভানা সাত অধ্যায়ের একটি নভেলা লিখেছেন, 'শার্লক হোমস অ্যান্ড দ্য গেম অব মার্ডার'। সেখানে হোমস আধুনিক পরিবেশে থাকেন, আর যে উবের ডাকেন তার ভেতরে ম্যাকডোনাল্ডসের হ্যামবার্গারের গন্ধ। জিটি কারবারের গল্পে হোমস পর্যবেক্ষণ আর অবরোহী যুক্তির অসামান্য ক্ষমতা খাটিয়ে খুঁজে বার করেন তাঁর জীবনের একমাত্র প্রেমকে। সংকলনের সম্ভবত সেরা গল্পটি জ্যানিস হ্যালেটের। ইমেল আর ডায়েরির মধ্য দিয়ে গল্প বলা তাঁর পরিচিত ঢং, এখানেও তাই। গল্পে এক তরুণ পুলিশকর্মী একটি আশ্চর্য সফটওয়্যার ব্যবহার করেন, যার নাম হোম অফিস লার্জ মেজর এনকোয়ারি সিস্টেম। সংক্ষেপে H.O.L.M.E.S!

যাঁরা পুরনো ধাঁচের হোমস-ওয়াটসন কাহিনি ভালবাসেন, তাঁদের ভাল লাগবে কেট মসের 'দ্য মিস্ট্রি অব দ্য ফর্সব্রুক ওয়েকস' আর অ্যান্থনি হরোউইৎজ়ের গল্প। দু'টিই সুচারু লেখা। হরোউইৎজ় এর আগে সরকারি অনুমোদন নিয়ে দু'টি হোমস উপন্যাস লিখেছেন। এই সংকলনে তাঁর গল্প 'দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সেভেন ক্রিসমাস কার্ডস'। পড়লে মনে হয় যেন সোজা ডয়েলের জগৎ থেকে উঠে এসেছে।

এত চেষ্টা সত্ত্বেও সব লেখক ধ্রুপদী হোমসের মূল সুরটা ধরতে পারেননি। কোথাও হোমস কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করছেন এমন ভঙ্গিতে, যা ইনস্পেক্টর লেস্ট্রেডকেই বেশি মানায়। কোথাও তিনি বলছেন 'পরিবারের সবাইকে জড়ো করো', যেন মার্ভেল ইউনিভার্সের কোনও চরিত্র। মিসেস হাডসন অতিথিদের আসার খবর দিচ্ছেন খুব আনুষ্ঠানিক ভঙ্গিতে, এটাও বেমানান লাগে। তেমনই বেমানান লাগে ওয়াটসনের মুখে হোমসকে 'মিস্টার শার্লক হোমস' বলে উল্লেখ।

কিছু তথ্যগত ভুলও চোখে পড়ে। একটি গল্পে ওয়াটসন বলেন, 'দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস'-এর গ্রিমপেন জলাভূমি নাকি 'মৃতদেহে ছেয়ে ছিল'। অথচ মূল কাহিনিতে সেখানে মাত্র এক জন মারা গিয়েছেন বলে সন্দেহ করা হয়েছিল। আরেকটি গল্পে হোমস বলেন 'আমার একটু মদ চাই', তার পর একটা বড় পেগ চেয়ে নেন। আসল হোমসকে এমনটা করতে কল্পনা করাও কঠিন। মদের প্রতি তাঁর কোনও কালেই তেমন টান ছিল না। তাঁর পছন্দ ছিল কোকেনের সাত শতাংশ দ্রবণ।

সবটা ডয়েল নয়, তবু পড়ার মতো

কয়েক জন লেখককে দেখে মনে হয়, ডয়েলের লেখার চেয়ে কাম্বারব্যাচ আর ডাউনির অভিনয় থেকেই তাঁরা বেশি প্রেরণা পেয়েছেন। এই বইয়ের হোমস প্রায়ই বড্ড খামখেয়ালি, ছটফটে আর নাটুকে। তাঁকে দেখে বিশ্বের সেরা কনসাল্টিং ডিটেকটিভ মনে হয় না, মনে হয় মঞ্চের জাদুকর। আপনি যদি ধ্রুপদী হোমসের কট্টর ভক্ত হন, ডয়েলের লেখাকেই শেষ কথা মানেন, তা হলে 'শার্লক' আপনার জন্য নয়।

তবে ডয়েলের এই প্রাণবন্ত গোয়েন্দার লক্ষ লক্ষ অনুরাগীর মধ্যে আপনিও যদি থাকেন, তা হলে কথা আলাদা। মাঝেমধ্যে হোঁচট বা খাপছাড়া মুহূর্ত মেনে নিতে পারলে, আর চরিত্রে কিছু বদল দেখতে রাজি থাকলে, এই সংকলন আপনার অবশ্যই পড়া উচিত। বইটি নিখুঁত নয়, কিন্তু শার্লক হোমস নিজেও তো নিখুঁত ছিলেন না। স্টিফেন ফ্রাইয়ের ভূমিকাটি এমনিতে চমৎকার। শুধু আফসোস, তিনি সেখানে নিজের অন্য বইয়ের বিজ্ঞাপন করতে গিয়েছেন।

'শার্লক'-এর গল্প পড়তে গিয়ে সব সময় উনিশ শতকের শেষের লন্ডনের কুয়াশা টের পাবেন না। রাস্তায় হ্যানসম ক্যাব টানা ঘোড়ার খুরের শব্দও সব সময় কানে আসবে না। ধ্রুপদী হোমস-কাহিনির টানটান উত্তেজনায় হয়তো প্রতিবার গায়ে কাঁটা দেবে না। কিন্তু সাহিত্যের সবচেয়ে বিখ্যাত গোয়েন্দার জীবনে এই গল্পগুলি কয়েকটি নতুন অধ্যায় যোগ করে। নানা লেখকের চোখে যে হোমসকে এখানে দেখা যায়, তাঁকে সবার পছন্দ হবে না। কিন্তু শার্লক হোমসকে ভালবাসলে দেখবেন এক নিঃশ্বাসে বইটা শেষ করে ফেলছেন। আর প্রতিটি রহস্যের জট খোলার মুহূর্তে খোদ হোমসের মতোই বিড়বিড় করছেন: "এলিমেন্টারি, এলিমেন্টারি।"

খেলা এখনও চলছে।