‘হয়তো মানুষ সত্যিই উত্তরটা জানতে চায় না। হয়তো না জানলেই আমরা বেশি নিরাপদে থাকি… তা হলে বলি, নিরাপদে থাকার সাধ আমার মিটেছে।’

গত বছরের ৮ ডিসেম্বর এই কথাগুলি লিখেই হু কিল্ড জেএফকে? বইয়ের ভূমিকা শেষ করেছিলেন চলচ্চিত্র পরিচালক রব রাইনার। ডেভিড হফম্যান ও ডিক রাসেলের সঙ্গে লেখা বইটির সূত্রপাত সোলেদাদ ও’ব্রায়েনের সঙ্গে রাইনারের করা একই নামের পডকাস্টে। ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে কে খুন করেছিল আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে? রাইনার বিশ্বাস করতেন, প্রকৃত খুনিদের পরিচয় আড়াল করতে এক বিরাট ষড়যন্ত্র হয়েছিল। সেই রহস্য তাঁকে কী ভাবে সারা জীবন টেনে রেখেছিল, ভূমিকায় সে কথাই লিখেছিলেন তিনি।

ছয় দিন পর নিজেদের বাড়িতে ছুরিকাঘাতে খুন হন রাইনার ও তাঁর স্ত্রী মিশেল। তাঁদের ছেলে নিক রাইনারের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

অডিয়োবুকের জন্য বাবার লেখা ভূমিকাটি পড়েছেন রাইনারের আর এক ছেলে, জেক। হফম্যান বললেন, ‘বাবার মতোই অসাধারণ গলা ওর। তার ওপর ও নিজেও অভিনেতা। এত সুন্দর পড়েছে যে আবেগ সামলানো কঠিন। শেষ বাক্যটা, তার পরেই তারিখটা… শুনলে বোঝা যায়, কথাগুলো কতটা মর্মস্পর্শী, আজ সেগুলোর কতখানি অর্থ। আর এই কাজটা রবের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, জেকের চেয়ে ভাল আর কে জানে?’

কেনেডি যখন খুন হন, রাইনারের বয়স পনেরো। রাসেলও তখন পনেরো। কেনেডি হত্যারহস্য তাঁকেও একই ভাবে টেনেছিল। রাসেলের লেখা ষোলোটি বইয়ের মধ্যে কয়েকটি কেনেডিকে নিয়ে। হু কিল্ড জেএফকে? পডকাস্টে তিনি ছিলেন গবেষক ও ভাষ্যকার। বইটিতে রাসেল ও রাইনারের সঙ্গে যোগ দিয়েছেন লেখক, ইতিহাসবিদ ও চিত্রনাট্যকার হফম্যান। তিনজনে মিলে বলেছেন সেই হত্যাকাণ্ডের কথা, আর তার দীর্ঘ ছায়ার কথা।

হফম্যান বললেন, ‘এর মধ্যে এত রহস্য, এত চরিত্র! ঘটনাগুলোই এমন যে এক জায়গায় এসে পরের পাতাটা ওল্টাতেই হবে। আমাদের প্রশ্ন ছিল, এত জটিল একটা বিষয়কে কী ভাবে ছেঁকে এমন একটা স্পষ্ট বিবরণ দাঁড় করাব, যাতে পাঠকের মনে হয় তিনি একটা উত্তর পাচ্ছেন? আবার কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যিনি বিশেষ কিছুই জানেন না, তাঁরও যেন পড়ে যেতে ইচ্ছে করে। রব রাইনারকে দলে পাওয়াটা এখানেই অমূল্য হয়ে উঠেছিল।’

মিজারি, আ ফিউ গুড মেন-এর পরিচালক সম্পর্কে হফম্যান বললেন, ‘রব গল্প বলার ওস্তাদ ছিল। একটা জিনিস আমি শিখেছি। সেরা গল্পবলিয়েদের মস্ত একটা গুণ, তাঁরা জানেন সম্পাদনার সময় কোন অংশটা বাদ দিতে হয়। আমাদের তিনজনের মধ্যে ডিক ছিল কেনেডি হত্যাকাণ্ডের চলমান বিশ্বকোষ। রব ছিল সর্বকালের সেরা গল্পবলিয়েদের একজন। আর আমি কোথাও ওদের মাঝামাঝি, টুকরোগুলো জুড়ে দেওয়ার চেষ্টা করছিলাম। একজনের যে গুণ ছিল, তা অন্যজনের কাজে লেগেছে।’

রাসেল বললেন, ‘গত পঞ্চাশ বছর ধরে ঘুরেফিরে এই ঘটনার খুঁটিনাটি ঘেঁটেছি। তবু কত কিছু নতুন করে শিখলাম। রব আর ডেভিডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। শেষ পর্যন্ত আমরা পাঠককে বিশ্বাস করাতে চেয়েছি যে তদন্তগুলোয় যতটুকু উঠে এসেছে, ঘটনার পরিধি তার চেয়ে অনেক বড়।’

তদন্তের কথাতেই আসা যাক। প্রথমে ছিল ওয়ারেন কমিশন। কেনেডির ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে এই কমিশন গড়েন। নেতৃত্বে ছিলেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন। কমিশন রিপোর্ট দেয় ১৯৬৪ সালের সেপ্টেম্বরে। পরে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করে। তিন বছর কাজ করার পর ১৯৭৯ সালে সেই কমিটি রিপোর্ট দেয়। তার পরেও দফায় দফায় নথি প্রকাশিত হয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে। তবু কেনেডিকে কে খুন করেছিল, সে বিতর্কের বোধহয় শেষ নেই।

সরকারি ভাষ্য অনুযায়ী, কেনেডিকে গুলি করেছিলেন লি হার্ভে অসওয়াল্ড। কোথাও থিতু হতেন না এই তরুণ। বামপন্থী মহলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। দু’দিন পর অসওয়াল্ড নিজেই খুন হন ডালাসের এক নাইটক্লাবের মালিক জ্যাক রুবির গুলিতে।

রাইনার, হফম্যান ও রাসেল এই ভাষ্য মানেন না। তাঁদের মতে, অসওয়াল্ডের বিরুদ্ধে সাজানো মামলায় বিস্তর ফাঁক আছে। বইটিতে তাঁরা বিকল্প ব্যাখ্যার খোঁজে একাধিক মহলের সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখেছেন। সন্দেহের তালিকায় আছে সিআইএ ও এফবিআই, সংগঠিত অপরাধচক্র, আমেরিকা ও কিউবার দক্ষিণপন্থীরা। এই গোষ্ঠীগুলির কেউ কেউ একযোগে কাজ করেছিল কি না, সে প্রশ্নও তাঁরা তুলেছেন। বইয়ের শেষে তাঁরা কয়েকজনের নাম করেছেন, যাঁরা তাঁদের মতে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন।

রাসেল বললেন, ‘আমাদের কাজ ছিল এক-একটা সূত্র ধরে এগোনো, যা পাওয়া যায় তা থেকে যতটা সম্ভব জোড়া লাগানো। দেখা গেল, অনেক কিছুই নথিতে আছে, অথচ ওয়ারেন কমিশন সেগুলো আমল দেয়নি। কিছুটা একই কথা প্রতিনিধি পরিষদের কমিটির ক্ষেত্রেও খাটে। যাঁদের কথা বলছি, আগের লেখালিখিতেও তাঁদের উল্লেখ আছে। কয়েকজনের সঙ্গে আমরা নিজেরা কথা বলেছি।’

বইটিতেই লেখকেরা স্বীকার করেছেন, কেনেডি হত্যা নিয়ে গবেষণা করতে গেলে বারবার ‘রোরশাখ পরীক্ষা’র মুখে পড়তে হয়। মনস্তত্ত্বের সেই পরীক্ষায় একই কালির ছোপে এক-একজন এক-একরকম ছবি দেখেন। এখানেও একই প্রমাণ, একই ঘটনা থেকে ভিন্ন পাঠক ভিন্ন অর্থ বার করতে পারেন। বইয়ের গোটা একটি পর্বের নামই দ্য উইল্ডারনেস অব মিররস—আয়নার গোলকধাঁধা।

হফম্যান বললেন, ‘কেনেডি হত্যারহস্য নিয়ে আমাদের অসুবিধা ছিল অন্য জায়গায়। তথ্যের তো অভাব নেই। ভাবুন, তেষট্টি বছরের পুরনো একটা জিগস পাজলের বাক্স খুলেছেন। তাতে হাজারটা টুকরো থাকার কথা, দেখলেন বেশ কয়েকটা উধাও। নাড়াচাড়া করতে গিয়ে বুঝলেন, বাক্সে এমন অনেক টুকরোও আছে যেগুলো এই ধাঁধারই নয়। তখন প্রশ্ন ওঠে, কোন টুকরোগুলো পরস্পরের সঙ্গে মেলে? কেনেডিকে নিয়ে যিনি লিখেছেন, সেই জেফারসন মর্লি একে বলেন, বিভিন্ন তথ্যের মধ্যে একটা ছক খুঁজে পাওয়া। আমরা দেখছিলাম কোন তথ্যগুলোকে একসঙ্গে রাখা যায়। যখন দেখেছি একগুচ্ছ তথ্য অনায়াসে মিলে যাচ্ছে, তখন ভরসা পেয়েছি যে এর ওপর দাঁড়িয়ে আরও একটু এগোনো যায়।’

রাসেল বললেন, ‘দারুণ আকর্ষণীয়, নাটকীয় কিছু বিষয়ও বাদ দিতে হয়েছে। আমাদের কাঠামোর মধ্যে সেগুলোকে স্বচ্ছন্দে বসানো যাচ্ছিল না। নিজেদের প্রশ্ন করতাম, এতে গল্পটা এগোচ্ছে ঠিকই, কিন্তু কথাটা কি সত্যি? বহু ক্ষেত্রেই রবের চোখে ব্যাপারটা ধরা পড়ত। ও বলত, “আরে, আমারও তো মনে হচ্ছে ঘটনাটা সম্ভবত সত্যি। কিন্তু প্রমাণ করার মতো যথেষ্ট কিছু আমাদের হাতে নেই। কাজেই এটা বাদ দিতেই হবে।”’

হফম্যান বললেন, ‘আমরা ইচ্ছে করেই কোনও একটি প্রমাণ বা একজন সাক্ষীর কথার ওপর নিজেদের বক্তব্য দাঁড় করাইনি। একটু পিছিয়ে গিয়ে গোটা ছবিটা দেখলে বোঝা যায়, তথ্যের পরিমাণ বিপুল। অসওয়াল্ডের সঙ্গে গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রশ্নই হোক, কিংবা আমাদের যুক্তির অন্য কোনও প্রধান দিক, সব ক্ষেত্রেই কথাটা খাটে।’

লেখকেরা কেন মনে করেন যে অসওয়াল্ড কেনেডিকে খুন করেননি, তাঁকে ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছিল, তার প্রতিটি যুক্তিতে না গিয়ে আমি একটি নির্দিষ্ট প্রশ্ন তুললাম। বিপুল জনপ্রিয় দ্য রেস্ট ইজ হিস্ট্রি পডকাস্টের অন্যতম সঞ্চালক ডমিনিক স্যান্ডব্রুক মনে করেন, অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তাঁর একটি যুক্তি, মার্কিন মেরিন বাহিনীতে প্রশিক্ষিত অসওয়াল্ডের নিশানা ছিল চমৎকার। টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি ভবনের ছ’তলা থেকে যে গুলিতে কেনেডি নিহত হন, তা চালানোর দক্ষতা অসওয়াল্ডের অবশ্যই ছিল।

অথচ রাইনার, রাসেল ও হফম্যান লিখছেন, অসওয়াল্ডের নিশানা ছিল জঘন্য। মেরিন বাহিনীতে গুলি চালানোর পরীক্ষায় তাঁর নম্বর দেখে দেওয়া একটি বিদ্রুপাত্মক ডাকনাম—‘শিটবার্ড’—এবং আর এক মেরিনের সাক্ষ্য তাঁরা উদ্ধৃত করেছেন। তা হলে স্যান্ডব্রুককে কী জবাব দেবেন হফম্যান ও রাসেল?

হফম্যান বললেন, ‘দিন কয়েক আগে বইটার একটা কপি নিয়ে লস অ্যাঞ্জেলেসের এক কফির দোকানে গিয়েছি। এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, তিনি কুড়ি বছর মেরিন বাহিনীতে ছিলেন। আমাকে বললেন, “ওই বইয়ে কী লেখা আছে জানি না, কিন্তু অসওয়াল্ডের নিশানা ছিল জঘন্য। ওর পক্ষে ওই কাজ করা অসম্ভব। একজন মেরিন হিসেবে কথাটা বলছি।” মজার ব্যাপার, ঠিক তিন দিন পরে আপনিও সেই প্রসঙ্গই তুললেন।

‘“মার্কসম্যান” কথাটা থেকে একেবারে ভুল ধারণা হয়। রাইফেল চালানোর দক্ষতার বিচারে মেরিন বাহিনীতে “মার্কসম্যান” খুব উঁচু কোনও গ্রেড নয়। খুব খারাপ গ্রেডও নয়। কিন্তু সাধারণ মানুষ শব্দটা শুনে ভাববেন, বাহ্‌, লোকটা নিশ্চয়ই রাইফেল চালাতে ওস্তাদ! ওই পরীক্ষায় এর চেয়েও উঁচু গ্রেড আছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, যত দূর মনে পড়ে, ওই পরীক্ষা হয়েছিল ১৯৫৮ বা ’৫৯ সালে। তার পরের চার বছরে অসওয়াল্ড বন্দুক ছুড়েছেন বা রাইফেল নিয়ে অনুশীলন করেছেন, তার নির্ভরযোগ্য রেকর্ড বলতে প্রায় কিছুই নেই। তা হলে কাকে পাচ্ছেন আপনি? এমন একজনকে, ১৯৫৯ সালে যাঁর নিশানা ছিল মাঝারি মানের। তাঁর হাতে এমন একটা বন্দুক, যেটা সকলের মতেই একেবারে রদ্দি। চার বছর কোনও অনুশীলন নেই। এই লোকটিকে ওই বাড়িতে দাঁড় করালে তিনি ওই গুলি লক্ষ্যে লাগাতে পারবেন, এমনটা কি ধরে নেবেন?’

রাইফেলের প্রসঙ্গটা আরও একটু খুলে বললেন রাসেল। ‘আমরা একটা তথ্যের ওপর জোর দিয়েছি। ছ’তলায় যে রাইফেলটা পাওয়া গিয়েছিল, প্রথমে সেটিকে জার্মান মাউজার বলে শনাক্ত করা হয়। পরে বলা হল, সেটি মানলিকার-কারকানো। আমাদের বক্তব্য, অত উঁচু থেকে কাউকে গুলি করার উপযুক্ত রাইফেল ওই মানলিকার-কারকানো ছিল না। মাউজারের সেই ক্ষমতা ছিল। তার পর ধরুন, রাইফেলে যে হাতের তালুর ছাপ পাওয়া গেল, তার কথা। আমাদের খুবই সম্ভব বলে মনে হয়েছে যে ছাপটা পরে বসানো হয়েছিল, দেখানোর জন্য যে অসওয়াল্ড ওই রাইফেলটা ধরেছিলেন। আর রাইফেলটার পরিচয় তো পরের দিনই বদলে গেল। হঠাৎ দেখা গেল, সেটা আর মাউজার নেই, মানলিকার হয়ে গেছে।

‘আর একটা বিষয়ও আমরা গভীর ভাবে খতিয়ে দেখেছি। গুলি চলার সময় অসওয়াল্ড কোথায় ছিলেন? বিভিন্ন লোক কী বলেছেন? তিনি কি সত্যিই তখন ওপরে ছিলেন? কয়েকজনের দাবি, তাঁরা দু’জন বন্দুকধারীকে দেখেছিলেন, তাঁদের একজনের হাতে ছিল রাইফেল। আমরা আরও খোঁজ করেছি, নিজের ভাড়ার ঘরে ফেরার আগে অসওয়াল্ড কোথায় ছিলেন, কোথা থেকে শেষ পর্যন্ত টেক্সাস থিয়েটারে পৌঁছলেন।’

১৯৬৩ সালের ২২ নভেম্বর ওই সিনেমা হলেই অসওয়াল্ডকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ডালাস পুলিশের অফিসার জে ডি টিপিটকে খুনের।

রাসেল বললেন, ‘লোকে তো তাঁকে খাওয়ার ঘরেও দেখেছিল। অসওয়াল্ড নিজেও বলেছিলেন, তিনি তখন খাওয়ার ঘরে বসে কোক খাচ্ছিলেন।’

সব সাক্ষ্যপ্রমাণ একসঙ্গে বিচার করেও অসওয়াল্ডের বিরুদ্ধে অভিযোগটি বিশ্বাসযোগ্য বলে মনে করেননি রাইনার। হফম্যান ও রাসেলও তাঁর সঙ্গে একমত।