একটা পরিসংখ্যান শুনলে আজ মনটা খারাপ হয়ে যেতে পারে। গবেষণা বলছে, আপনি যাঁদের বন্ধু বলে মনে করেন, তাঁদের মাত্র অর্ধেকের মতো মানুষ আপনাকেও বন্ধু বলবেন।

শুনে হয়তো মনে হচ্ছে, ফোন থেকে সব নম্বর মুছে আবার গোড়া থেকে শুরু করাই ভাল। তবে ব্যাপারটার একটা ভাল দিকও আছে, বলছেন হোয়ার্টনের সাংগঠনিক মনোবিজ্ঞানী অ্যাডাম গ্রান্ট। তাঁর লেখা ‘অরিজিনালস’ ও ‘হিডেন পোটেনশিয়াল’ নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় উঠেছে।

গ্রান্ট বললেন, “এর মানে তো এ-ও দাঁড়ায় যে, এমন কিছু মানুষ আছেন যাঁদের আমরা বন্ধু ভাবি না, অথচ তাঁরা আমাদের বন্ধু ভাবেন। অর্থাৎ, যতটা আন্দাজ করি, তার চেয়েও বেশি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে।” তাঁর মতে, বুঝতে হবে এই সম্পর্কগুলো আমাদের জীবনে কী ভূমিকা নেয়, কোথায় আমাদের সুর মেলে আর সম্পর্কটা বাড়তে গেলে কী লাগে।

নতুন বই ভাইব: দ্য সিক্রেটস অব স্ট্রং কানেকশনস ইন আ লোনলি ওয়ার্ল্ড-এ গ্রান্ট প্রেমের বাইরের সম্পর্কে চার রকমের বন্ধনের কথা বলেছেন। প্রথমত, লেনদেনের সঙ্গী (associates), যাঁদের সঙ্গে একে অপরের কাজে লাগে এমন কিছুর আদানপ্রদান হয়। দ্বিতীয়ত, একই লক্ষ্যের সাথি (allies), যাঁদের উদ্দেশ্যের সঙ্গে আমাদের উদ্দেশ্য মেলে। তৃতীয়ত, আনন্দের সঙ্গী (pals), যাঁদের সঙ্গে হইহই করে সময় কাটাতে ভাল লাগে, কারণ আনন্দ বলতে দু’পক্ষই একই জিনিস বোঝে। আর চতুর্থত, সুখদুঃখের সঙ্গী (companions), যাঁদের সঙ্গে সম্পর্কটা দাঁড়িয়ে আছে পরস্পরের প্রতি যত্নে।

একই মানুষ একাধিক ভূমিকায় থাকতে পারেন। গ্রান্ট বলছেন, কার সঙ্গে কী কারণে আমাদের বন্ধুত্ব, সেটা বুঝলে পুরনো সম্পর্ক মজবুত করা যায়, নতুন সম্পর্কও একটু তাড়াতাড়ি গড়ে ওঠে। আর কারও কাছে অবাস্তব প্রত্যাশা থাকলে সেটাও ছেড়ে দেওয়া সহজ হয়।

ফোনে বেশ প্রাণখোলা আলাপ হল গ্রান্টের সঙ্গে। শুরু হল পাঁচ মিনিট দেরিতে। গ্রান্ট আগেই জানিয়ে রেখেছিলেন, দেরি করা তাঁর স্বভাব। কেন তিনি মনে করেন স্বভাবে মিল আর ঘন ঘন যোগাযোগকে আমরা একটু বেশিই গুরুত্ব দিই, পেঙ্গুইনদের কাছ থেকে কী শেখার আছে, আর কোন সহজ কাজটা করলে নিজের একটা গোষ্ঠী গড়ে উঠতে পারে, সে সব নিয়েই কথা হল।

সাক্ষাৎকারটি সংক্ষেপিত ও সম্পাদিত।

প্রশ্ন। দু’জন মানুষের মধ্যে ‘ভাইব’ আছে বলতে আপনি কী বোঝেন? দু’জনের স্বভাবে মিল আছে বলার সঙ্গে এর তফাত কোথায়?

গ্রান্ট। ‘ভাইব’ বলতে আমি বুঝি, দু’জন মানুষের মধ্যে যোগাযোগটা কেমন। মূল কথা হল সুর মেলা। এই মুহূর্তে দু’জনের মেজাজে, উদ্যমে সুর মিলছে কি? আর সময়ের সঙ্গে সঙ্গে মিলটা খুঁজে পাওয়া যাচ্ছে কি দু’জনের চাহিদায়, লক্ষ্যে, আগ্রহে বা মূল্যবোধে?

কোন ধরনের মানুষকে কার সঙ্গে মানায়, তা নিয়ে পশ্চিমি সংস্কৃতিতে কয়েকটা গোড়ার ধারণা আছে। গবেষণা বলছে, সেগুলো অন্তত আংশিক ভুল। বিপরীত স্বভাব পরস্পরকে টানে না। যাঁদের স্বভাবকে পরস্পরের পরিপূরক মনে করা হয়, বাস্তবে তাঁদের বনিবনা অন্যদের চেয়ে ভাল হয় না, শেষ পর্যন্ত তাঁরা বেশি ঘনিষ্ঠও হন না। দাম্পত্য, বন্ধুত্ব, একসঙ্গে কাজ করা—সব ক্ষেত্রেই এ কথা খাটে। আবার স্বভাবে মিল থাকলে মানুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় ঠিকই, কিন্তু সেই মিলই তাঁদের বেঁধে রাখে না।

প্রশ্ন। তা হলে কাকে কার সঙ্গে মানায়, সেটাকে আমরা একটু বেশিই গুরুত্ব দিই। হয়তো বন্ধুত্বটা দু’দিক থেকে একই রকম হওয়া চাই, এই ব্যাপারটাকেও। যাঁদের বন্ধু বলি, তাঁদের অর্ধেকই তো আমাদের বন্ধু বলবেন না।

গ্রান্ট। আমি যাঁকে বন্ধু বলি, তিনি আমাকে বন্ধু বলেন না, ভাবলে মন খারাপ হয় ঠিকই। কিন্তু বইটা লিখতে গিয়ে আমার কাছে এই ব্যাপারটাই হয়ে উঠল নানা ধরনের বন্ধনকে আলাদা করে চেনার শুরুর কথা।

বন্ধুত্বে দু’দিকের হিসাবে এত গরমিলের একটা কারণ হল, বন্ধু কাকে বলে, সে সম্পর্কে একেক জনের একেক ধারণা। কেউ আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা করে আপনাকে পছন্দ করলেই বন্ধু বলবেন। অন্য কেউ ওই শব্দটা তুলে রাখেন হাতে গোনা কয়েক জনের জন্য। হয়তো তাঁদের গোটা পরিবারের সঙ্গে তাঁর আলাপ আছে। কিংবা আগাম খবর না দিয়েই তাঁদের বাড়ি গিয়ে হাজির হতে পারেন।

আমার মনে হয়, সম্পর্ক বোঝাতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, সেগুলোর অর্থ এতই ব্যাপক আর অস্পষ্ট যে সম্পর্কটার আসল কথাই ধরা পড়ে না।

প্রশ্ন। সবাইকে ‘বন্ধু’ না বলে আপনি চার রকমের সম্পর্কের কথা বলেছেন। এ ভাবে ভাবলে কী সুবিধা?

গ্রান্ট। দৃষ্টিভঙ্গিটা একটু বদলায়। পশ্চিমে আমাদের পরিবার যেমন ছোট্ট একটা বৃত্তে গুটিয়ে এসেছে, বন্ধুত্বও অনেকটা তা-ই। আমরা ধরে নিই, যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক, তিনিই হবেন আমার সব কাজে প্রধান সহযোগী, আনন্দের সেরা সঙ্গী, সবচেয়ে আপনজনও। অথচ গবেষণা থেকে আমরা জানি, এতে সম্পর্কটার ওপর বাড়তি চাপ পড়ে। যাঁকে ‘সবচেয়ে ভাল বন্ধু’ বলি, তাঁর বেলাতেও একই কাজ করি। ধরে নিই, সব কিছুর জন্য তাঁর ওপর ভরসা করা যাবে।

মুষ্টিমেয় কয়েক জন মানুষের কাঁধে এ এক মস্ত বোঝা। তা ছাড়া ধরে নেওয়া হচ্ছে, আপনি যা যা খোঁজেন—একসঙ্গে কাজ করার ক্ষমতা, হাসিঠাট্টায় মেতে ওঠার স্বভাব, অন্যের কষ্ট বোঝার মন—সব একই মানুষের মধ্যে পাবেন। সব সময় তো তা হয় না।

প্রশ্ন। লিখেছেন, নানা ধরনের সম্পর্কের মধ্যে ভারসাম্য থাকলে আমরা বেশি সুখী হই। কিন্তু এ সব নিয়ে ঠিক কতটা হিসেব কষতে হবে?

গ্রান্ট। কে কার কী হই, সব সময় মুখ ফুটে ঘোষণা করার দরকার নেই। কখনও কখনও তাতে হিতে বিপরীত হয়। ‘ভাইব’ বেরোনোর পর থেকে বেশ কিছু মজার কথোপকথন হয়েছে। অনেকে জানতে চেয়েছেন, “আচ্ছা, তোমার কী মনে হয়, আমরা কোন দলে পড়ি?” আবিষ্কার করলাম, আমি যাঁদের একই লক্ষ্যের সাথি ভাবি, তাঁদের অনেকেই আমাকে ভাবেন আনন্দের সঙ্গী।

বইটা লেখার সময় আমার ধারণা ছিল, সুর মেলার অর্থ হল, আপনি আর আমি দু’জনেই একমত যে আমরা কাজের সাথি, কিংবা দু’জনেই মানছি যে আমরা আনন্দের সঙ্গী। এখন বুঝতে পারছি, আর কিছু গবেষণাতেও এর সমর্থন আছে, আমি যদি আপনার কাছে কোনও লক্ষ্য পূরণে সহযোগিতা চাই আর আপনি আমার সঙ্গ চান আনন্দ পাবেন বলে, তাতেও দিব্যি চলে। সম্পর্ক ভাল চলার জন্য একে অন্যের জীবনে দু’জনের ভূমিকা এক হতে হবে না। দু’জনেরই জানা থাকলেই হল, কে কোন ভূমিকায় আছি।

প্রশ্ন। সম্পর্ককে এ ভাবে চিহ্নিত করলে তার বদলানোর বা বেড়ে ওঠার জায়গাটা কোথায়?

গ্রান্ট। মানুষ যখন আশা করে সম্পর্ক একটা বাঁধা পথে এগোবে—প্রথমে অচেনা, তার পর পরিচিত, তার পর বন্ধু, শেষে সবচেয়ে কাছের বন্ধু—তখনই অনেক সময় দেখা যায় দু’জনের ভাবনা দু’দিকে।

একটা ব্যাপার বারবার দেখেছি। ছেলেমেয়ে হওয়ার পর মানুষ আনন্দের সঙ্গীদের হারান। সংসার আর কাজ সামলে স্রেফ আড্ডা দেওয়ার, মজা করার সময় বিশেষ থাকে না। কিন্তু এই কারণে কত সম্পর্ক অকারণেই যে থেমে যায়!

ধরুন, নতুন কারও সঙ্গে আলাপ হল। তাঁকে আপনার ভাল লাগল। মনে হল, দু’জনে মিলে কোনও কাজ করতে পারেন, একে অন্যের কাজে লাগতে পারেন। অথচ আপনার ধারণা, তার আগে তো দু’জনের আড্ডা জমতে হবে। আর আপনার অবসরটুকু পরিবারের জন্য বরাদ্দ। ব্যস, আরও গভীর একটা সম্পর্কের দরজাই বন্ধ হয়ে গেল। অন্য পথও তো ছিল। আপনারা পেশাগত কোনও কাজ একসঙ্গে করতে পারতেন। কিংবা একদিন বসে মন খুলে কথা বলতে পারতেন। তার আগে বারকয়েক একসঙ্গে নৈশভোজ সারতেই হবে কেন?

এ ভাবে ভাবলে কৈশোরের নিয়ম মেনে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার চাপটা থেকে মুক্তি পাওয়া যায়। তখন ব্যাপারটা ছিল, “আমরা এক স্কুলে পড়ি”, তার পর “স্কুলের বাইরেও দেখা করি”, তার পর “আমরা একে অন্যকে সব কথা বলি”।

প্রশ্ন। এতে প্রত্যাশার বোঝাও বোধহয় একটু নামে। ধরুন, আপনি সদ্য মা হয়েছেন। সন্তানের সূত্রে অন্য মায়েদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। পুরনো ‘সত্যিকারের’ বন্ধুদের পাশে এঁদের বসিয়ে হতাশ হওয়ার বদলে তো ভাবতে পারেন, সন্তান মানুষ করার কাজে এঁরা আপনার সাথি।

গ্রান্ট। এই ভাবে দেখলে ছবিটাই বদলে যায়। বড় হওয়ার পর কাদের সঙ্গে সময় কাটাব, সে ব্যাপারে আমরা অনেক বাছবিচার করি। তাই বোধহয় একটা অবাস্তব আশাও জন্মায়—যাঁদের বেছে নিলাম, তাঁদের প্রত্যেকের সঙ্গেই খুব ঘনিষ্ঠ হব। অন্তত আমেরিকায় এখনকার হাওয়াটা এই রকম। মনে হচ্ছে ব্যক্তিগত স্তরে কোনও অর্থপূর্ণ টান নেই? তা হলে বন্ধুতালিকা থেকে বাদ দাও, আনফলো করো, কিছু না বলে সাড়া দেওয়া বন্ধ করো, যোগাযোগ তুলে দাও। অথচ একই লক্ষ্যের সাথি বা পারস্পরিক প্রয়োজনে যাঁদের সঙ্গে যোগাযোগ, তাঁরাও আমাদের জীবনে বড় ভূমিকা নিতে পারেন। যেমন আমাদের ছেলেমেয়েদের বন্ধুদের বাবা-মায়েরা। হয়তো আমরা তাঁদের কাছে মনের কথা বলব না, অবসরে আড্ডাও দেব না। অথচ আমাদের সন্তানরা তাঁদের দেখেই অনেক কিছু শিখতে পারে।

আবার উল্টো দিকটাও আবিষ্কার করলাম। বাবা হওয়ার পর থেকে এমন অনেককে খেয়ালই করিনি যাঁদের সঙ্গে আমার দিব্যি আনন্দের বন্ধুত্ব হতে পারত। নিছক আড্ডা দেওয়া আর মজা করারও যে আমার জীবনে কোনও মূল্য আছে, সেটাই আর ভাবতাম না। অথচ এমন কিছু মানুষ জীবনে থাকা কী সুখের, যাঁদের কাছ থেকে আপনার কিছু দরকার নেই, তাঁরাও আপনার কাছ থেকে কিছু চান না। দু’জনে দেখা করেন স্রেফ দেখা হলে ভাল লাগে বলে।

প্রশ্ন। বন্ধুত্ব নিয়ে আপনার এই ভাবনা থেকে একটা গোষ্ঠী গড়ে উঠতে পারে কী ভাবে?

গ্রান্ট। এক সময় আমাদের সামাজিক সম্পর্কগুলো ছিল ঘন জালের মতো। এক জনের সঙ্গে আর এক জনের, তাঁর সঙ্গে আরও অনেকের চেনাজানা। এখন যেন প্রত্যেকে একটা চাকার মাঝখানে বসে আছি। সেখান থেকে শিকগুলো চার দিকে ছড়িয়েছে, কিন্তু বাইরের প্রান্তে একটার সঙ্গে আর একটার যোগ নেই। বইয়ে সাইকেলের চাকার ছবি এঁকে বোঝানো হয়েছে। বাস্তবে অমন চাকা ভেঙে পড়বে। শিকগুলো যে অন্য প্রান্তে কোথাও আটকানোই নেই!

নিজের চারপাশে একটা পাড়া গড়ে তুলতে চাইলে, একটা গোষ্ঠীর অংশ বলে সত্যিই অনুভব করতে চাইলে, প্রথম যে কাজটা করতে পারি, তা হল নিজের বন্ধুদের পরস্পরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া। বন্ধন মজবুত করার এই উপায়টার কথা আমরা প্রায় ভাবিই না। অথচ এতে আলাদা আলাদা দু’জনের সম্পর্ক থেকে একটা গোটা দলের মধ্যে আপন ভাব গড়ে ওঠে।

অনেকেই এখন নিজের দলটা খুঁজে পাচ্ছেন না। বাড়ি আর কর্মস্থলের বাইরে এমন জায়গা আগের চেয়ে কম, যেখানে লোকে নিয়মিত মিলিত হতে পারে। যেগুলো আছে, সেখানেও আমরা আর আগের মতো যাই না। আমার মনে হয়, নিজের দল খুঁজে না পেলে নিজেই গড়ে নিন।

প্রশ্ন। মিম, রিল আর লিঙ্ক পাঠানোও যে যোগাযোগ টিকিয়ে রাখার কাজের উপায়, আপনার এই কথাটা শুনে অনেকেই খুশি হবেন।

গ্রান্ট। এতে তেমন পরিশ্রম নেই বলে অনেকে এই আদানপ্রদানকে তুচ্ছ মনে করেন। কখনও কখনও অবশ্য ইন্টারনেটের যা-তা জিনিস পাঠিয়ে আমরা পরস্পরের ফোন ভরিয়ে দিই। কিন্তু বিশেষ এক জনের কথা ভেবে যখন একটু সময় নিয়ে কিছু পাঠান, কারণ মনে হয়েছে তাঁর ভাল লাগবে বা তাঁর কাছে জিনিসটার আলাদা অর্থ আছে, তখন সেটা যত্নের প্রকাশ। তাঁর সঙ্গে যোগ গড়ার, হয়তো নতুন করে যোগ গড়ার একটা চেষ্টা। আপনি যেন তাঁকে বলছেন, “তুমি কী ভালবাসো আমার মনে আছে। তোমার আগ্রহের কথাগুলো আমি মন দিয়ে শুনেছিলাম। আর এটা দেখে তোমাকেই দেখাতে ইচ্ছে করল।” স্রেফ “কী হে, কেমন আছ?” বলার চেয়ে এতে অনেক বেশি বোঝানো যায় যে তাঁর কথা আপনার মনে পড়েছে।

একে বলে ‘পেবলিং’। কিছু প্রজাতির পেঙ্গুইন সম্ভাব্য সঙ্গীকে উপহার দেবে বলে নুড়ি কুড়োয়। নামটা সেখান থেকেই এসেছে। প্রথম কাজটা হল এমন একটা ‘নুড়ি’ বেছে নেওয়া, যেটার দাম সেই মানুষটি বুঝবেন। কখনও তা পুরনো দিনের স্মৃতি, একসঙ্গে কাটানো কোনও মুহূর্ত। যেমন, “হঠাৎ আমাদের দশ বছর আগের এই ছবিটা পেলাম। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, জানাতে মন চাইল।”

প্রশ্ন। এক দিকে এই টুকটাক খোঁজ নেওয়া, অন্য দিকে সময় নিয়ে দেখা করা, মন দিয়ে কথা বলা। দুটোর ভারসাম্য রাখব কী করে?

গ্রান্ট। এ নিয়ে আরও ভাল তথ্যপ্রমাণ থাকলে খুশি হতাম। আমার অনুমান, অনেকটাই নির্ভর করে সম্পর্কটা কী ধরনের, তার ওপর।

সম্পর্ক টিকিয়ে রাখতে কত ঘন ঘন কথাবার্তা হচ্ছে, সেটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিই। বহু দিন যোগাযোগ নেই, এমন মানুষও জীবনে ফিরে এসে খুব আপন হয়ে উঠতে পারেন। শেষ কথা হওয়ার পর কয়েক মাস, এমনকি কয়েক বছর পেরিয়ে গেলেও পারেন। কাছের মানুষ হয়ে থাকতে গেলে সারাক্ষণ যোগাযোগ রাখতে হবে—এই প্রত্যাশার বাঁধন থেকে মানুষকে একটু মুক্তি দিতে চাই।

আমার কলেজের এক ঘরসঙ্গীর কথাই বলি। কলেজ ছাড়ার সময় দু’জনে একটা চুক্তি করেছিলাম। ছ’মাস পরের একটা দিন ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখলাম। শর্ত ছিল, যে কেউ যে কোনও সময় সেই দিনটা বাতিল করতে পারবে। তবে আর একটা দিন ঠিক করতেই হবে। এ ভাবেই আমাদের বন্ধুত্ব অটুট আছে—বাপ রে, তেইশ বছর হয়ে গেল!

প্রশ্ন। সম্পর্ক আরও ভাল করার জন্য আর একটা কাজ যদি করতে বলেন, কী বলবেন?

গ্রান্ট। গবেষণাগুলো পড়তে গিয়ে দেখেছি, বন্ধুত্ব কেমন হওয়া উচিত বা অন্য মানুষটি আমার কাছে কী চান, তা নিয়ে আমরা মনে মনে কত কিছু ধরে নিই। মুখ ফুটে সে সব কখনও বলি না। এক জন হয়তো ভয়ে আছেন, অন্য জন বুঝি আশা করছেন প্রতি সপ্তাহে ফোন করতে হবে, মাসে একবার একসঙ্গে দুপুরের খাওয়া সারতে হবে। অথচ অন্য জন মনে মনে ভাবছেন, “আমার তো বছরে একবার দেখা হলেই বেশ চলে।” কেউই বুঝতে পারছেন না যে দু’জনেরই পছন্দ একটু কম ঘন ঘন দেখা হোক, কিন্তু যখন হবে, ভাল করে কথা হোক।

এ সব নিয়ে যতটা খোলাখুলি কথা হওয়া দরকার, ততটা হয় না। অথচ যে সম্পর্কে মনের কথা সোজাসুজি বলা যায় না, সে সম্পর্ক তো আসলে অভিনয়। মানুষ ভুল করে ভাবে, মতের অমিলটুকু সন্তর্পণে এড়িয়ে গেলেই শান্তি বজায় থাকবে। আসলে তাতে অন্য মানুষটিকে দূরে সরিয়ে রাখা হয়।

মতবিরোধ আমাদের আরও কাছেও আনতে পারে। একটা ফলাফল দেখে আমি চমকে গিয়েছিলাম। বারোটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়া হয়েছিল, কোনও বন্ধু, আত্মীয় বা সহকর্মীকে এমন একটা সত্যি কথা মুখোমুখি বলুন, যা এত দিন চেপে রেখেছেন। দেখা গেল, এক কি দু’সপ্তাহ পরে অধিকাংশ মানুষই অনুভব করছেন, যাঁকে কথাটা বলেছেন, তিনি এখন আরও কাছের। যিনি কথাটা শুনেছেন, তাঁরও একই অনুভূতি।

শুরুটা নিজেই করতে পারেন। বলতে পারেন, “আমার কোনও কথায় বা কাজে কখনও যদি তোমার মন খারাপ হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকো, আমি সেটা জানতে চাই।” অস্বস্তির কথাও আমরা তুলতে পারি, আর তার পরেও একে অন্যের ওপর ভরসা বরং বাড়ে—দু’জনে যখন নিজেদের অভিজ্ঞতায় সেটা টের পাই, তখনই তো সময়ের সঙ্গে সম্পর্ক সত্যি মজবুত হয়।

সুত্র: দ্য গার্ডিয়ান | ১৮ নভেম্বর ২০২৬