সাড়ে চার বছর আগে ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করলেন, তা ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু অপ্রত্যাশিত ছিল না। রাশিয়া কী পরিকল্পনা করছে, সে বিষয়ে আমেরিকা ও ব্রিটেন বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রকাশ্যে মিত্রদের সতর্ক করে আসছিল। সেই সঙ্গে তারা রাশিয়াকে এমন নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছিল, যা কোনও বৃহৎ শক্তির বিরুদ্ধে আগে কখনও প্রয়োগ করা হয়নি।

পুতিনের বিদেশনীতি দীর্ঘ দিন ধরে বিভ্রান্তি আর অসত্যের উপরে দাঁড়িয়ে ছিল। ব্রিটেন ও আমেরিকা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিল, তিনি ঠিক কী করতে চলেছেন তা তাদের জানা। এতে তাদের দুটো আশা ছিল। প্রথমত, তাঁর চেনা ধোঁয়াশার আড়ালটা কেড়ে নেওয়া যাবে। দ্বিতীয়ত, তাঁর চারপাশের লোকজনের উপরে চাপ তৈরি হবে, যাতে তাঁরা তাঁকে থামান। কারণ, যুদ্ধ বাধলে লন্ডনের সবচেয়ে অভিজাত পাড়াগুলিতে লুকিয়ে রাখা তাঁদের লুটের সম্পদ হাতছাড়া হবে।

আলেকজান্দ্রা প্রোকোপেনকোর চমৎকার নতুন বইটি(‘From Sovereigns to Servants’)আমাদের রুশ অভিজাতমহলের অন্দরে নিয়ে যায়। পুতিনের 'বিশেষ সামরিক অভিযান'-এর আগে ও পরে সেখানে কী ঘটেছিল, তা দেখিয়ে বইটি বুঝিয়ে দেয় ব্রিটেন-আমেরিকার কৌশল কেন ব্যর্থ হল। পশ্চিমের নীতিনির্ধারকেরা ভেবেছিলেন, পুতিনের ঘনিষ্ঠেরা লোভী, নিষ্ঠুর, স্বার্থপর চৌর্যতন্ত্রী। বিদেশে রাখা সম্পদ বাঁচাতে তাঁরাই পুতিনের যুদ্ধ থামাবেন। কিন্তু এই হিসাবে তোষামুদেদের এই মিছিলের গুণকে বাড়িয়ে ধরা হয়েছিল। চূড়ান্ত মুহূর্তে নিজেদের স্বার্থের পক্ষে মুখ খোলার সাহসটুকুও তাঁদের হয়নি।

পুতিন নিজের আদলে যে শাসনব্যবস্থা গড়েছেন, তা নিয়ে মূল্যবান বিশ্লেষণের একটি ধারা আছে। 'ফ্রম সভরেনস টু সারভেন্টস' সেই ধারার সাম্প্রতিকতম সংযোজন। এক দশক আগে পিটার পোমেরান্তসেভ কাটাছেঁড়া করেছিলেন ক্রেমলিনের কৌতুকপ্রিয়, উত্তর-আধুনিক প্রচারযন্ত্রকে, যা তাদের আসল অভিসন্ধি আড়াল করে রাখত। পাঁচ বছর আগে ক্যাথরিন বেল্টন খুঁজে দেখেছিলেন, কোন অর্থে ক্রেমলিনের ক্ষমতা চলে। এ বার প্রোকোপেনকো তাঁদের কাজকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি দেখিয়েছেন, এই শাসনকে বেঁধে রাখার মতো কোনও সীমা আর অবশিষ্ট নেই, তা সে যুক্তির হোক, অর্থের হোক বা নৈতিকতার। পুতিন যা চান, তা-ই পান, তা যা-ই হোক না কেন।

রাশিয়ার অন্তঃপুর প্রোকোপেনকোর ভাল করেই চেনা। তিনি ক্রেমলিনের সংবাদদাতা দলে কাজ করেছেন, যা এক রকম আধা-সরকারি পদ। পরে রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের উপদেষ্টা ছিলেন, ২০২২ সালে দেশ ছাড়া পর্যন্ত। এখন তিনি বার্লিনের একটি থিঙ্কট্যাঙ্কে কাজ করেন। তাঁর বইয়ের ভিত্তি মস্কোর অভিজাতমহলের বহু সদস্যের সঙ্গে কয়েক ডজন কথোপকথন। তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি।

যাঁরা আজ রাশিয়া চালান, তাঁদের অস্তিত্বের একটিই উদ্দেশ্য। পুতিন যা শুনতে চান তা-ই তাঁকে শোনানো, তিনি যা করতে চান তা-ই করা। আর এর পরিণতি দেশের উপরে, ইউক্রেনীয়দের উপরে বা গোটা বিশ্বের উপরে কী হবে, তা উপেক্ষা করা। মাঝে মাঝেই কোনও সতীর্থ গ্রেফতার হন, কেউ বা জানলা থেকে রহস্যজনক ভাবে পড়ে যান, আর তাতে এঁরা আতঙ্কিত হন। ক্ষমতার সিঁড়িতে নিজের জায়গা হারানোর দুশ্চিন্তাও তাঁদের তাড়া করে। অন্য কিছু করার মতো সাহস এঁদের নেই।

পরিহাস এই যে, পুতিনের সর্বনাশা খেয়াল পূরণে সবচেয়ে কাজের মদতদাতাদের অনেকেই তাঁর শাসনের প্রথমার্ধে পশ্চিমপন্থী বলে পরিচিত ছিলেন। সাংবাদিক হিসাবে আমরা এই পুরুষদের (এবং কখনও-সখনও মহিলাদের) বুদ্ধিমান, চিন্তাশীল, পরিশ্রমী পেশাদার বলেই চিনতাম। সোভিয়েত আমলের নড়বড়ে মন্ত্রকগুলিকে তাঁরা দক্ষ যন্ত্রে পরিণত করতে চাইছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, শেষ পর্যন্ত তাতে কোটি কোটি সহনাগরিকের জীবন ভাল হবে। সেই তাগিদ আজ পুরোপুরি উবে গিয়েছে। তার জায়গা নিয়েছে ভীরু আনুগত্য।

প্রোকোপেনকো লিখেছেন, "তাঁরা শুধু রাজনৈতিক পদক্ষেপের অভ্যাসই হারাননি, রাজনৈতিক চিন্তার অভ্যাসটুকুও হারিয়েছেন। একটি উন্নততর পৃথিবী, কিংবা একটি স্পষ্ট বিজয় আসলে দেখতে কেমন হবে, তা কল্পনা করার ক্ষমতাও তাঁদের আর নেই। নিজে অংশ নিলে সংঘাতের অবসান কাছে আসতে পারে, এই ধারণাটাই তাঁদের কাছে অবাস্তব মনে হত।"

বইটি পড়ে গভীর অস্বস্তি হয়, কিন্তু এটি সুলিখিত এবং তথ্যনিষ্ঠ। ইউক্রেনের উপরে নেমে আসা বিপর্যয় যিনি বুঝতে চান, তাঁর কাছে বইটি অপরিহার্য। ইতিহাস রুশ শাসকশ্রেণিকে সর্বতো ভাবে ধিক্কার জানাবে। অবশ্যই নিরপরাধ ইউক্রেনীয়দের উপরে তাঁরা যে মৃত্যু আর দুর্দশা চাপিয়ে দিয়েছেন, তার জন্য। কিন্তু নিজেদের দেশে তাঁরা যে ধ্বংস ডেকে এনেছেন, তার জন্যও। রেখে যাচ্ছেন একটি পঙ্গু প্রজন্ম, কালিমালিপ্ত ভাবমূর্তি আর চিনা সরকারের কাছে বন্ধক রাখা এক ভবিষ্যৎ। আর এ সবই এমন এক মানুষের সেবায়, যাঁকে দেখে মনে হয় না তিনি নিজের কাজটা আর উপভোগও করছেন।