সকালের জলখাবারকে বলা হয় ‘দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার’। তাই সকালটা কী দিয়ে শুরু করবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। পুষ্টিবিদদের পছন্দের তালিকায় বারবার উঠে আসে দুটি খাবার—ডিম ও ওটস। দুটিই সহজে তৈরি করা যায়, পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু প্রশ্ন হল, দুটির মধ্যে কোনটি বেশি উপকারী? কোলেস্টেরল নিয়ন্ত্রণ, প্রোটিনের জোগান, অন্ত্রের স্বাস্থ্য কিংবা রক্তে শর্করার মাত্রা—কোন ক্ষেত্রে এগিয়ে ডিম, আর কোন ক্ষেত্রে ওটস?
আসলে দুটির পুষ্টিগুণ একেবারেই আলাদা। ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, কিন্তু খাদ্যআঁশ নেই। অন্য দিকে, ওটস খাদ্যআঁশের দারুণ উৎস হলেও প্রোটিনের পরিমাণ তুলনায় কম। তাই আপনার শরীরের প্রয়োজন এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করবে কোনটি বেশি উপযোগী।
এলিজাবেথ ক্লিংবাইল, নিবন্ধিত পুষ্টিবিদ এবং অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের সহকারী অধ্যাপক, জানাচ্ছেন, দুটির মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং খাদ্যতালিকায় দুটিই রাখলে একটির পুষ্টিগত ঘাটতি অন্যটি অনেকটাই পূরণ করতে পারে।
কোলেস্টেরলে কার পাল্লা ভারী?
রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে ওটমিল বিশেষভাবে উপকারী হতে পারে। এর কৃতিত্ব ওটসে থাকা বিটা-গ্লুকান নামের এক ধরনের দ্রবণীয় খাদ্যআঁশের। মাশরুম ও বার্লির মতো খাবারেও এই উপাদান পাওয়া যায়।
ক্লিভল্যান্ডের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির প্রশিক্ষক ও নিবন্ধিত পুষ্টিবিদ লিন্ডসে ম্যালোনের ব্যাখ্যা, এই আঁশ পরিপাকনালিতে পিত্তের সঙ্গে যুক্ত হয়। ফলে শরীরকে নতুন করে পিত্ত তৈরি করতে হয়। আর সেই প্রক্রিয়ায় যকৃৎ রক্ত থেকে কোলেস্টেরল ব্যবহার করে। এ ভাবেই কমতে পারে এলডিএলের মাত্রা। একটি গবেষণাতেও দেখা গিয়েছে, ওটসের বিটা-গ্লুকান সাপ্লিমেন্ট গ্রহণের চার সপ্তাহের মধ্যে অংশগ্রহণকারীদের এলডিএল কমেছে।
অন্য দিকে, ডিমে প্রোটিনের পাশাপাশি ফ্যাটও রয়েছে। যার বেশির ভাগই অসম্পৃক্ত ফ্যাট। খাদ্যতালিকায় সম্পৃক্ত ফ্যাটের বদলে অসম্পৃক্ত ফ্যাট রাখলে এলডিএল কমাতে সাহায্য পাওয়া যায়।
তবে ডিমের কুসুমে কিছুটা সম্পৃক্ত ফ্যাটও থাকে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। তাই যাঁদের এলডিএল বেশি, পরিবারে হৃদ্রোগের ইতিহাস রয়েছে কিংবা যাঁরা হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক, তাঁরা ডিমের সাদা অংশ বেশি এবং কুসুম তুলনায় কম খেতে পারেন। ক্লিংবাইলের পরামর্শ, মাখনের পরিবর্তে অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেলে ডিম রান্না করাও ভাল বিকল্প।
ডিমে থাকা কোলেস্টেরল নিয়েও অবশ্য কিছু ভুল ধারণা রয়েছে। খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করা কোলেস্টেরল যে সরাসরি রক্তের কোলেস্টেরল বাড়াবেই, এমন নয়। ম্যালোনের কথায়, এর প্রভাব ব্যক্তিভেদে আলাদা হতে পারে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, পরিমিত পরিমাণে ডিম হৃদ্স্বাস্থ্যের উপযোগী খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে যাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক, বিশেষত যাঁদের ডায়াবেটিস বা হার্ট ফেলিয়োরের ঝুঁকিও রয়েছে, তাঁদের বেশি কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
প্রোটিনে ডিমের জয়
প্রোটিনের বিচারে ডিমের ধারেকাছে নেই ওটস। দুটি বড় ডিমে প্রায় ১২ গ্রাম প্রোটিন থাকে। অন্য দিকে, আধ কাপ শুকনো রোলড ওটসে প্রোটিনের পরিমাণ প্রায় পাঁচ গ্রাম।
ডিমের প্রোটিন ও ফ্যাট দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ওটসের খাদ্যআঁশও খিদে নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে ওটসের সঙ্গে দুধ, দই বা অন্য কোনও প্রোটিনসমৃদ্ধ খাবার মেশালে জলখাবার আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে।
ডিমের আর একটি বড় সুবিধা হল, এতে রয়েছে শরীরের প্রয়োজনীয় ন’টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডই। শরীর নিজে এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমে তা পেতে হয়। এই কারণেই ডিমকে সম্পূর্ণ প্রোটিনের উৎস বলা হয়। ওটসে কয়েকটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তুলনায় কম থাকলেও দৈনিক প্রোটিনের চাহিদা পূরণে তারও ভূমিকা রয়েছে।
ভিটামিন ও খনিজের হিসাবেও দুটির মধ্যে রয়েছে কিছু পার্থক্য। ডিমে ফোলেটের পরিমাণ বেশি, অন্য দিকে ওটসে বেশি আয়রন। এ ছাড়া ডিমে রয়েছে ভিটামিন ডি, যা শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত রাখে। ভিটামিন এ ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি ডিমে রয়েছে লুটেইন নামের একটি ক্যারোটিনয়েড, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।
তবে পুষ্টির এই তালিকায় ডিমের একটি বড় ঘাটতি রয়েছে—এতে খাদ্যআঁশ একেবারেই নেই। সেই জায়গায় ওটস অনেকটাই এগিয়ে।
অন্ত্রের বন্ধু ওটস
অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে ডিমের তুলনায় ওটমিল বেশি উপকারী। কারণ, ওটসে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের খাদ্যআঁশই।
দ্রবণীয় আঁশের কিছু অংশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। অন্য দিকে, অদ্রবণীয় আঁশ মলের পরিমাণ বাড়ায় এবং নিয়মিত মলত্যাগে সাহায্য করে।
কোন ধরনের ওটসে কতটা আঁশ থাকবে, তা নির্ভর করে ব্র্যান্ড এবং প্রক্রিয়াকরণের পদ্ধতির উপর। তবে স্টিল-কাট, রোলড কিংবা কুইক—সব ধরনের ওটসেই কমবেশি দুই রকমের আঁশ থাকে বলে জানাচ্ছেন ক্লিংবাইল।
উদাহরণ হিসেবে, আধ কাপ শুকনো রোলড ওটসে প্রায় চার গ্রাম খাদ্যআঁশ পাওয়া যায়। আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-র দৈনিক নির্দেশক পরিমাণ ২৮ গ্রামের প্রায় এক-সপ্তমাংশ এটি।
ওটসের সঙ্গে বেরি-জাতীয় ফল, বাদাম বা বীজ মেশালে আঁশের পরিমাণ আরও বাড়ানো যায়। অন্য দিকে, সকালের জলখাবারে ডিম রাখতে চাইলে তার সঙ্গে ফল, সবজি কিংবা গোটা শস্যের পাউরুটি খেয়ে খাদ্যআঁশের ঘাটতি পূরণ করতে পারেন।
শর্করা নিয়ন্ত্রণে কে এগিয়ে?
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডিম ও ওটসের প্রভাব এক নয়। শুধু ডিম খেলে রক্তে শর্করার মাত্রায় তাৎক্ষণিক পরিবর্তন খুব সামান্য হয়। কারণ, ডিমে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম।
অন্য দিকে, ওটমিল খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। বিশেষ করে তাতে অতিরিক্ত চিনি বা মিষ্টি উপাদান মেশানো থাকলে। তবে ওটসের খাদ্যআঁশ শর্করা শোষণের গতি কিছুটা ধীর করতে সাহায্য করে।
ক্লিংবাইলের পরামর্শ, ওটমিল খেতে চাইলে চিনি ছাড়া সাধারণ ওটস বেছে নেওয়াই ভাল। তার সঙ্গে দুধ, গ্রিক ইয়োগার্ট কিংবা অন্য কোনও প্রোটিনসমৃদ্ধ খাবার যোগ করতে পারেন। এতে জলখাবারের পুষ্টিগুণ বাড়বে এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতাও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এক পাতে দুই বন্ধু
ডিম না ওটস—এই দ্বন্দ্বে না গিয়ে দুটিকেই সকালের জলখাবারে জায়গা দিতে পারেন। বরং একসঙ্গে খেলে পুষ্টির ভারসাম্য বজায় রাখা সহজ হয়।
ডিমের অমলেট বা ভুর্জির সঙ্গে পালংশাক, ব্রকোলির মতো সবজি যোগ করলে বাড়বে খাদ্যআঁশ ও ভিটামিনের জোগান। পাশে রাখতে পারেন ফল কিংবা গোটা শস্যের পাউরুটির টোস্ট।
আবার ওটমিলের প্রোটিন বাড়াতে দুধ দিয়ে রান্না করতে পারেন। চাইলে তাতে গ্রিক ইয়োগার্ট মেশাতে পারেন কিংবা উপরে দিয়ে খেতে পারেন। বাদাম ও বীজ যোগ করলে মিলবে স্বাস্থ্যকর ফ্যাটও।
ডিম ও ওটস একসঙ্গে খাওয়ারও রয়েছে মজার উপায়। ম্যালোনের পছন্দের একটি পদ্ধতি হল, ওটমিল রান্নার শেষ দিকে ডিমের সাদা অংশ ফেটিয়ে মিশিয়ে দেওয়া। এর পর আঁচে রেখে ক্রমাগত নাড়তে হয়, যতক্ষণ না ডিমের সাদা অংশ পুরোপুরি সেদ্ধ হচ্ছে। এতে ওটসের প্রোটিনের পরিমাণ বাড়ে, পাশাপাশি পরিজের গঠনও হয় হালকা ও ফেনার মতো। তবে কুসুম মেশালে স্বাদ ও গঠন অনেকটা ডিমের ভুর্জির মতো হয়ে যেতে পারে।
ব্যস্ত সকালে সময় বাঁচাতে আগে থেকে ওভেনে বেক করা ওটমিলও তৈরি করে রাখা যায়। এই ধরনের রান্নায় সাধারণত গোটা ডিম ব্যবহার করা হয়। ফলে কুসুমের পুষ্টিগুণও পাওয়া যায়।
সব শেষে পুষ্টিবিদদের পরামর্শ, সকালের জলখাবার এমন হওয়া উচিত, যা খেতে আপনার ভাল লাগে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টিও জোগায়। ক্লিংবাইলের কথায়, “মানুষ যা খাচ্ছেন, তা যেন নিজের ইচ্ছেতে খেতে চান। শুধু তাঁকে খেতে বলা হয়েছে বলেই যেন না খান।”
তাই অল্প মাখন দিয়ে অমলেট হোক কিংবা ওটমিলের উপর সামান্য ম্যাপল সিরাপ—পরিমিত পরিমাণে দুটিই থাকতে পারে আপনার খাদ্যতালিকায়। কারণ, ভাল জলখাবারের কাজ শুধু পেট ভরানো নয়, শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া এবং দিনের শুরুটা আনন্দদায়ক করে তোলাও।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।