গোপনীয়তার চুক্তি, আইনি ভয় আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সত্যকে মুছে ফেলার নতুন কৌশল
সারা উইন-উইলিয়ামস
জর্জ অরওয়েল বুঝেছিলেন, অনেক সময় যা চোখের সামনে নেই, তা-ই সবচেয়ে বেশি কথা বলে। তাঁর বিখ্যাত উপন্যাস ‘নাইনটিন এইটি-ফোর’-এ ছিল দেওয়ালের গায়ে একটি ছোট্ট ফোকর, মুখে তারের জাল। নাম ‘মেমরি হোল’, অর্থাৎ স্মৃতিগহ্বর। কোনও নথি শাসকের অস্বস্তির কারণ হলেই সেটি গলিয়ে দেওয়া হত ওই ফোকর দিয়ে। সরকারি ভাষ্যের সঙ্গে না-মেলা কোনও ছবি, পুরনো কোনও প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া সংবাদপত্র কিংবা এমন কোনও নাম, যার আর অস্তিত্ব থাকার কথা নয়—সবই চলে যেত সেই গহ্বরে। গরম হাওয়ার ঘূর্ণিতে পাক খেতে খেতে পৌঁছে যেত এক বিশাল চুল্লিতে। তারপর সব শেষ, পুড়ে ছাই।
ক্ষমতাসীন দল অতীতের সঙ্গে তর্ক করে না, অতীতকেই বদলে দেয়। কারণ, অতীতের উপর নিয়ন্ত্রণই ক্ষমতা ধরে রাখার অন্যতম বড় হাতিয়ার। অরওয়েলের ভাষায়, “যে অতীত নিয়ন্ত্রণ করে, ভবিষ্যৎ তার হাতে; যে বর্তমান নিয়ন্ত্রণ করে, অতীত তার হাতে।”
মানুষ কী মনে রাখবে, কী জানবে, তা নিয়ন্ত্রণ করতে পারলে তারা কী কল্পনা করবে, সেটাও নিয়ন্ত্রণ করা যায়। আর মানুষের কল্পনাশক্তি একবার হাতের মুঠোয় চলে এলে তাদের ভবিষ্যৎও কার্যত ঠিক করে দেওয়া যায়।
জ্ঞান তাই এত গুরুত্বপূর্ণ। আসলে কী ঘটেছিল, তা মানুষের জানা দরকার। অথচ ২০২৬ সালে প্রযুক্তির দুনিয়ায় এক ধরনের নিয়তিনির্ধারকের দম্ভ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এর নাম ‘ম্যানিফেস্ট ডেস্টিনি’। ক্ষমতার শীর্ষে বসে থাকা কিছু মানুষ যেন আগেই ঠিক করে ফেলেছেন, ভবিষ্যৎ কোন পথে এগোবে। তাঁদের সিদ্ধান্তই শেষ কথা, অন্য কোনও সম্ভাবনা নেই। অথচ এই ভবিষ্যতের পক্ষে ভোট দেওয়ার সুযোগ আমাদের কাউকেই দেওয়া হয়নি।
প্রচলিত আখ্যানের উপর এই নিয়ন্ত্রণ চলে নিঃশব্দে, অনেকটা আড়ালে। ক্ষমতার এই কাঠামো প্রকাশ্যে আসে তখনই, যখন কেউ বিকল্প কোনও ভাষ্য তুলে ধরতে চান। তখনই তাঁকে চুপ করানোর তোড়জোড় শুরু হয়। প্রযুক্তির দুনিয়ায় ক্ষমতার আসল লড়াই এখন আর তর্কে জেতার নয়, বরং তর্কের অবকাশটুকুই মুছে দেওয়ার। এমন এক শূন্যতা তৈরি করা, যেখানে কোনও নথি নেই, কোনও রসিদ নেই, সত্য যাচাইয়ের কোনও নির্ভরযোগ্য মাপকাঠি নেই। এমন কোনও অভিন্ন তথ্যভান্ডার নেই, যার নিরিখে ক্ষমতাবানদের বিচার করা যায় কিংবা তাঁদের ব্যর্থতা সামনে আনা যায়।
স্মৃতি ও প্রমাণ না থাকলে প্রতিবাদেরও কোনও ভিত থাকে না। সেই কারণেই স্মৃতি জরুরি, প্রমাণ জরুরি, বই জরুরি।
চুক্তির চুল্লি
স্মৃতিগহ্বর তৈরি করতে এখন আর সত্য মন্ত্রকের দরকার হয় না। একটি চাকরির চুক্তিই যথেষ্ট। একটি এনডিএ (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি) যথেষ্ট। আদালতের একটি নির্দেশই যথেষ্ট। আর আইনি লড়াইয়ের খরচ যদি যথেষ্ট বড়, ভয় ধরানোর মতো এবং অন্তহীন হয়, তা হলে তো কথাই নেই। আধুনিক স্মৃতিগহ্বরে পোড়া কাগজের গন্ধ নেই। আছে প্রিন্টারের টোনার, নতুন কাগজ আর ঘণ্টার পর ঘণ্টা বিল করা আইনজীবীদের সময়ের হিসাব।
মানহানির মামলায় সত্য অনেক সময় আত্মরক্ষার ঢাল। কিন্তু এনডিএ-র আওতায় সেই সত্যই হয়ে উঠতে পারে অপরাধ।
এই চুক্তিতে সই করানো হয় মানুষকে তাঁদের জীবনের সবচেয়ে অসহায় মুহূর্তে। কোনও ঘটনার ধাক্কা তখনও সামলে উঠতে পারেননি, মাথার উপর বাড়ির কিস্তি, আর অফিস ছাড়ার সময় সামনের আসনে পারিবারিক ছবিভরা একটি কার্ডবোর্ডের বাক্স। এই পরিস্থিতিতে সই করতে বাধ্য হন গিগ-কর্মী, ইন্টার্ন, কনটেন্ট মডারেটর, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পাবলিসিস্ট কিংবা স্টাইলিস্টরা। কারও মুখ বন্ধ করার এর চেয়ে কার্যকর উপায় আর কী হতে পারে!
আমাদের বিচারব্যবস্থার অন্যতম মূল ধারণা হল, আলোয় আনলেই অন্ধকারের অনেকটা দূর হয়। অর্থাৎ, সত্য প্রকাশ্যে এলে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। কিন্তু এনডিএ সেই সত্যের মুখ চেপে ধরে। এ এক ধরনের বেসরকারি সেন্সরশিপ, যার হাতিয়ার বেসরকারি সালিশি এবং সরকারি আদালত।
দুর্ধর্ষ আইনি বিভাগ রয়েছে, এমন কোনও প্রতিষ্ঠানের নিশানায় পড়লে একজন সাধারণ মানুষের অসহায়তা সহজেই বোঝা যায়। এক দিকে একা একজন মানুষ, অন্য দিকে আইনজীবীতে ঠাসা গোটা একটি ভবন। তাঁদের কাজই সংস্থার স্বার্থ রক্ষা করা, সত্যের স্বার্থ নয়। কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষমতা যে রাষ্ট্রের ক্ষমতাকেও টেক্কা দিতে পারে, এই লড়াই তারই প্রমাণ।
কর্পোরেট আইনি লড়াইয়ে এই প্রতিষ্ঠানগুলি যথেষ্ট পটু। যাঁদের আত্মরক্ষার জন্য লক্ষ লক্ষ পাউন্ড খরচ করার সামর্থ্য নেই, তাঁরা স্মৃতিগহ্বরের নির্দেশ অমান্য করে মুখ খুলতে গেলেই তাঁদের পিছনে লেলিয়ে দেওয়া হয় আইনি নোটিস ও মামলার হুমকি। এত বাধা পেরিয়ে কেউ সত্যি বলার সাহস দেখালে তাঁকে বলা হয় ‘সাহসী’। অথচ সত্য বলার জন্য কাউকে সাহসী হতে হবে কেন? সাহসী বলা উচিত তাঁর চুলের ছাঁটকে, সত্যি বলাকে নয়।
সবাইকে চুপ করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাতে খরচও অনেক। শুধু একজনকে এমন ভাবে শাস্তি দিতে হয়, যাতে বাকিরা নিজেরাই হিসাব কষে নেন, মুখ খুললে কী হতে পারে। এই চুক্তিগুলির উদ্দেশ্য সত্যকে নীরব করা, আর সেই কাজে তাদের হাতে থাকে মোটা লাঠি। ফলাফল এমন এক সমাজ, যেখানে মানুষ নিজেরাই নিজেদের এমন নিখুঁত ভাবে সেন্সর করেন, যা কোনও সত্য মন্ত্রকের পক্ষেও সম্ভব হত না। কোনও চুল্লির দরকার পড়ে না। অন্ধকারে বসে থাকা ভয়ই ধৈর্য ধরে নিজের কাজ করে যায়।
সম্প্রতি বিনোদন জগতের কয়েকটি পরিচিত মুখকে জবাবদিহির মুখে পড়তে হয়েছে, অন্তত সেই সম্ভাবনা তৈরি হয়েছে মহিলাদের মুখ খোলার পর। রাসেল ব্র্যান্ড দোষী সাব্যস্ত হয়েছেন, অন্য দিকে ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তরুণীদের যৌন উদ্দেশ্যে নিশানা করার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালিয়ামস। দু’টি ক্ষেত্রেই খবর সামনে এসেছে, মহিলাদের মুখ বন্ধ রাখতে এনডিএ ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য যাতে প্রকাশ্যে না আসে, তার ব্যবস্থা করা হয়েছিল।
যে মহিলারা এত বাধা, চাপ এবং অকল্পনীয় মূল্য চুকিয়েও মুখ খোলার সাহস দেখিয়েছেন, তাঁদের দৃঢ়তা ও সাহসকে কুর্নিশ জানাতেই হয়। ‘গার্ডিয়ান’-সহ যে সংবাদমাধ্যমগুলি অনুসন্ধান চালিয়ে এই ঘটনাগুলি প্রকাশ্যে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তারাও স্বীকৃতির দাবিদার।
তবু একটা বিষয় আমার চোখ এড়ায় না। এই জবাবদিহির প্রক্রিয়া শুরু হয়েছে এমন এক সময়ে, যখন অভিযুক্ত ব্যক্তিদের পেশাগত প্রতিপত্তি ইতিমধ্যেই অনেকটা ক্ষয়ে গিয়েছে। প্রশ্ন থেকেই যায়, তাঁদের ক্ষমতা ও প্রভাব যখন তুঙ্গে ছিল, তখন কি এই সত্যগুলি প্রকাশ্যে আনা এতটাই সহজ হত?
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।