মাংস উৎপাদন শুধু আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত নয়, তার প্রভাব পড়ে গোটা পৃথিবীর পরিবেশেও। ২০২১ সালের একটি গবেষণায় দেখা গিয়েছিল, খাদ্য উৎপাদন থেকে নির্গত মোট গ্রিনহাউস গ্যাসের প্রায় ৬০ শতাংশের জন্য দায়ী মাংস উৎপাদন। ২০২৫ সালের আর একটি প্রতিবেদনের হিসাব বলছে, মানুষের কর্মকাণ্ডের ফলে বিশ্বে যত গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, তার ১২ থেকে ১৯ শতাংশ আসে পশুপালন থেকে।

রাষ্ট্রপুঞ্জের মতে, ব্যক্তিগত কার্বন নিঃসরণ কমানোর অন্যতম কার্যকর উপায় হল পাতে মাংসের পরিমাণ কমিয়ে উদ্ভিজ্জ খাবার বাড়ানো। কথাটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে কতটা মেনে চলা যায়? আমেরিকা ও ব্রিটেনে নিজেদের নিরামিষাশী বা ভিগান বলে পরিচয় দেন এমন প্রাপ্তবয়স্কের সংখ্যা ৫ শতাংশেরও কম। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হল, অনেকেই মনে করেন উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া বেশ কঠিন।

পুষ্টিবিদ অ্যালিসা ফন্টেন নিজে ভিগান এবং আমেরিকা ও কানাডার ‘প্ল্যান্ট-বেসড ডায়েটিশিয়ানস’ সংস্থার প্রতিষ্ঠাতা। তাঁর কথায়, “সারা জীবন এক ভাবে খাওয়াদাওয়া করেছেন। হঠাৎ গোটা খাদ্যাভ্যাসটাই বদলে ফেলতে হবে ভাবলে ভয় লাগতেই পারে।”

ফন্টেনের অভিজ্ঞতায়, মানুষের মনে মূলত দু’টি প্রশ্ন ঘোরে। শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি কি মিলবে? আর এত দিনের প্রিয় খাবার, রান্না কিংবা পারিবারিক খাদ্যসংস্কৃতিকে কি বিদায় জানাতে হবে? বিশেষজ্ঞদের আশ্বাস, কোনওটিই বাধ্যতামূলক নয়। বরং চেনা খাবার দিয়েই শুরু হতে পারে বদল।

পাতে উদ্ভিদ, বুঝলেন?

সহজ কথায়, যে খাদ্যাভ্যাসে উদ্ভিদ থেকে পাওয়া খাবারই পাতে বেশি জায়গা পায়, তাকেই বলে উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস। ফল, শাকসবজি, ডাল, বিনস, বাদাম, গোটা শস্য থেকে শুরু করে নানা ধরনের বীজ—সবই এর অন্তর্ভুক্ত। যাঁরা এই খাদ্যাভ্যাস পুরোপুরি মেনে চলেন, তাঁরা সাধারণত মাংস, মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার-সহ সব ধরনের প্রাণিজ খাবার বাদ দেন।

ভিগান মানেই কি?

একেবারেই নয়। উদ্ভিদভিত্তিক খাবার খেলেই কাউকে ভিগান বলা যায় না। ১৯৪৪ সালে ‘ভিগান’ শব্দটি চালু করে ভিগান সোসাইটি। বিশ্বের প্রাচীনতম ভিগান-সংক্রান্ত দাতব্য সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, ভিগানিজম শুধু খাদ্যাভ্যাস নয়, একটি দর্শন ও জীবনপদ্ধতি। এর মূল লক্ষ্য, যতটা সম্ভব খাবার, পোশাক কিংবা অন্য কোনও প্রয়োজনে প্রাণীর শোষণ ও নিষ্ঠুরতা এড়িয়ে চলা। পাশাপাশি প্রাণী, মানুষ ও পরিবেশের স্বার্থে প্রাণিজ উপাদানের বিকল্প ব্যবহারে উৎসাহ দেওয়া।

দীর্ঘদিনের ভিগান ও পুষ্টিবিদ টেলর উলফ্রামের কথায়, “ভিগানিজমের মধ্যে সামাজিক ন্যায়ের আন্দোলন রয়েছে, রয়েছে কিছু মূল্যবোধ ও বিশ্বাস। অন্যের সঙ্গে কেমন আচরণ করা উচিত, সেই ভাবনায় প্রাণীদেরও জায়গা দেওয়া হয়।”

তাই কেউ সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাবার খেলেও নিজেকে ভিগান বলে পরিচয় নাও দিতে পারেন। কারণ, হয়তো তিনি উলের পোশাক পরেন কিংবা চামড়ার ব্যাগ ব্যবহার করেন।

লাভের অঙ্কটা কী?

উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসের উপকারিতা মূলত তিনটি ক্ষেত্রে—স্বাস্থ্য, পরিবেশ এবং প্রাণীকল্যাণ।

স্বাস্থ্য: উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসের সঙ্গে হৃদ্‌রোগ, টাইপ ২ ডায়াবিটিস এবং প্রস্টেট, স্তন ও বৃহদন্ত্রের ক্যানসার-সহ কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গিয়েছে। এই ধরনের খাবারে সাধারণত সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ কম। অন্য দিকে, খাদ্য-আঁশ, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং উদ্ভিদজাত নানা উপকারী যৌগ বা ফাইটোকেমিক্যাল থাকে বেশি।

যাঁরা এত দিন মাছ-মাংস-সহ সব ধরনের খাবার খেয়েছেন, তাঁদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস বদলালে সবচেয়ে বড় পরিবর্তনগুলির একটি ঘটে খাদ্য-আঁশের পরিমাণে। ফন্টেনের কথায়, “মাংসের বদলে ডাল, বাদাম বা বীজ থেকে প্রোটিন নিলে একই সঙ্গে পাতে আঁশও যোগ হয়। আঁশসমৃদ্ধ খাবার হজমে সাহায্য করে এবং নিয়মিত মলত্যাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।” আমেরিকান গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা অনুযায়ী, ৪০ থেকে ৫০ শতাংশ আমেরিকান হজমসংক্রান্ত নানা সমস্যায় ভোগেন।

পরিবেশ: ভিগান সোসাইটির মুখপাত্র ডেমিয়েন ওয়াটসন ২০২৩ সালের একটি গবেষণার উল্লেখ করেছেন। সেখানে দেখা গিয়েছে, যাঁরা প্রচুর মাংস খান, তাঁদের তুলনায় ভিগানদের খাদ্যাভ্যাসে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৭৫ শতাংশ কম। জীববৈচিত্র্যের ক্ষতি কম ৬৬ শতাংশ এবং জলের ব্যবহার কম ৫৪ শতাংশ।

প্রাণীকল্যাণ: শিল্পের আকারে পরিচালিত পশুখামারগুলিতে প্রাণীদের অমানবিক পরিবেশে রাখার অভিযোগ দীর্ঘদিনের। পরিবেশের ক্ষতির পাশাপাশি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিষয়টিও তাই ভিগান জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনা। উলফ্রামের কথায়, “ভিগান জীবনযাপনের সবচেয়ে বড় প্রাপ্তি হল নিজের মূল্যবোধ মেনে বাঁচতে পারা এবং প্রাণীদের প্রতি সম্মান দেখানো।”

ওয়াটসনের কাছে বিষয়টি আরও সহজ। তাঁর কথায়, “আমার কাছে ভিগান হওয়ার অর্থ, যতটা সম্ভব কারও ক্ষতি না করে বাঁচা। এতে আমার মন ভাল থাকে। আমার শরীরের পক্ষে, অন্য প্রাণীদের পক্ষে এবং যে পৃথিবীতে আমরা সকলে বাস করি, তার পক্ষেও এটি ভাল।”

প্রোটিনের চিন্তা ছাড়ুন

উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলির একটি হল, এতে নাকি পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায় না। ফন্টেনের মতে, এই ধারণা একেবারেই ঠিক নয়।

প্রশ্নটি এত বার শুনেছেন যে ওয়াটসন মজা করে বলেন, “‘প্রোটিন পান কোথা থেকে?’—যত বার এই প্রশ্ন শুনেছি, প্রতিবার যদি এক পাউন্ড করে পেতাম!” তাঁর নিজের প্রোটিনের প্রধান উৎস বিনস, সয়াবিন, টোফু, ডাল, মটরশুঁটি, বাদাম ও ব্রকোলি। তাঁর কথায়, স্বাস্থ্যকর উদ্ভিজ্জ খাবারের তালিকা আরও অনেক লম্বা।

অ্যাকাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকসের মুখপাত্র সু-এলেন অ্যান্ডারসন-হেইসের বক্তব্য, খাবার বাছার ক্ষেত্রে একটু সচেতন হলেই ভিগান বা উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব। তাঁর মতে, খাদ্যাভ্যাসে ভারসাম্য না থাকলে যে কোনও ধরনের খাবার খেয়েই পুষ্টির ঘাটতি হতে পারে।

উলফ্রাম মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বের বহু প্রথম সারির ক্রীড়াবিদও উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস বেছে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফুটবলার অ্যালেক্স মর্গ্যান, ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টন এবং এনবিএ তারকা ক্রিস পল।

শুরুটা হোক সহজে

চেনা রান্নাতেই আনুন বদল: এক দিনে গোটা খাদ্যতালিকা পাল্টে ফেলার প্রয়োজন নেই। উলফ্রামের পরামর্শ, প্রথমে কয়েকটি প্রাণিজ উপাদানের বদলে উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করে দেখুন। যেমন, টাকোয় গরুর মাংসের বদলে কালো বিনসের পুর দিতে পারেন। সকালের সিরিয়ালে গরুর দুধের বদলে ব্যবহার করুন সয়া দুধ। কিংবা এক দিন সবজির সঙ্গে টোফু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট পদ। তাঁর কথায়, “ব্যাপারটাকে জটিল করার কোনও দরকার নেই।”

অ্যান্ডারসন-হেইসেরও পরামর্শ, ছোট ছোট পদক্ষেপে এগোন। প্রথম দিন থেকেই সব কিছু নিখুঁত করতে হবে, এমন কোনও নিয়ম নেই। ধীরে ধীরে অভ্যাস বদলানোই আসল। প্রতিদিন একই রকম খাবার খাওয়ারও প্রয়োজন নেই।

পছন্দের দশ পদ বেছে নিন: খাদ্যাভ্যাস বদলাতে গিয়ে অনেকেই একটা সাধারণ প্রশ্নে আটকে যান—আজ রান্না হবে কী? ফন্টেনের অভিজ্ঞতায়, অধিকাংশ মানুষেরই কয়েকটি বাঁধাধরা প্রিয় পদ থাকে। নতুন খাবারে অভ্যস্ত হতে গেলে প্রথম দিকে নতুন রেসিপি খোঁজা, অপরিচিত উপকরণ চেনা এবং রান্না শেখার জন্য বাড়তি সময় দিতে হয়।

তাই ফন্টেনের পরামর্শ, প্রথমেই নিজের পছন্দের দশটি ভিগান পদ বেছে নিন। ঘুরিয়ে-ফিরিয়ে সেগুলি রান্না করুন। যত দিন না রেসিপি না দেখেই হাত পাকিয়ে যাচ্ছে, তত দিন অভ্যাস চালিয়ে যান। এতে কী রান্না করবেন, বাজারে কী কিনবেন, কিংবা কী ভাবে রান্না করবেন—এই তিনটি চিন্তাই অনেকটা কমে যাবে।

বি১২-র কথা ভুলবেন না: যাঁরা পুরোপুরি ভিগান, তাঁদের খাদ্যতালিকায় বিশেষ নজর দিতে হবে ভিটামিন বি১২-র দিকে। ওয়াটসন বলছেন, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজকর্মের জন্য এই ভিটামিন অত্যন্ত জরুরি। কিন্তু উদ্ভিদ নিজে বি১২ তৈরি করে না। তাই বি১২-সমৃদ্ধ বা এই ভিটামিন যোগ করা খাবার এবং প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টের ব্যবস্থা করা জরুরি।

অ্যান্ডারসন-হেইস আয়োডিনের উৎস হিসেবে খাবার উপযোগী সামুদ্রিক শৈবালের কথা বলেছেন। ভিটামিন ডি ও ক্যালশিয়ামের জন্য বেছে নেওয়া যেতে পারে পুষ্টি উপাদান যোগ করা খাবার। নিউট্রিশনাল ইস্ট কিংবা সয়া দুধ কেনার সময় মোড়কে দেখে নিন, তাতে কোন কোন ভিটামিন ও খনিজ যোগ করা হয়েছে।

বাইরে খাওয়ার পরিকল্পনা করুন: উদ্ভিদভিত্তিক খাবার খেতে গিয়ে রেস্তরাঁয় গিয়ে বিপাকে পড়তে হবে, এমন দিন এখন অনেকটাই অতীত। ওয়াটসনের অভিজ্ঞতায়, বর্তমানে ভিগান খাবার পাওয়া যায় না, এমন রেস্তরাঁ খুঁজে পাওয়াই কঠিন। বেশির ভাগ সুপারমার্কেটেও উদ্ভিদভিত্তিক খাবারের আলাদা বিভাগ থাকে।

অ্যান্ডারসন-হেইসের পরামর্শ, বাইরে খেতে যাওয়ার আগে রেস্তরাঁর মেনু এক বার দেখে নিন। কালো বিনসের বার্গার, বিনস ও ভুট্টার স্যালাড, হুমুস, ফালাফেল কিংবা ফালাফেল বার্গারের মতো পদ বেছে নিতে পারেন।

প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন: ফন্টেনের মতে, উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং দীর্ঘদিন মেনে চলার উপযোগী হতে পারে। তবে প্রত্যেকের শরীর ও পুষ্টির চাহিদা এক নয়। জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনও বদলায়।

তাই নিজের শরীরের প্রয়োজন বুঝে খাবারের তালিকা তৈরি করতে প্রশিক্ষিত পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভাল। সেই খরচ বহন করা কঠিন হলে বিনামূল্যে পাওয়া যায়, এমন নির্ভরযোগ্য পুষ্টি-পরামর্শের উৎসও খুঁজে দেখতে পারেন।

সব মিলিয়ে, উদ্ভিদভিত্তিক খাবার খাওয়া মানেই এক লহমায় মাংস, মাছ বা প্রিয় সব রান্নাকে বিদায় জানানো নয়। বরং চেনা পদের মধ্যেই একটু একটু করে ডাল, বিনস, শাকসবজি ও বাদামের জায়গা বাড়ানো। শুরুটা ছোট হোক, পাতে বদল আসুক ধীরে ধীরে।