“এনডিএ-তে আমরা মনে করি, যত বেশি শরিক, তত ভাল। এনসিপি (এসপি) যে ভাবেই হোক এনডিএ-র সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা স্বাগত জানাব। আমাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। আদর্শ পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম দুই গোষ্ঠী মিশে যাক। কিন্তু ক্ষমতা ভাগাভাগির জটিল কাঠামোর কারণে তা কঠিন হলে আগে আর একটি শরিককে (এনসিপি-এসপি) সঙ্গে নিতে এনডিএ-র কোনও আপত্তি নেই,” নাম প্রকাশ না করার শর্তে বললেন বিজেপির এক প্রবীণ মন্ত্রী।

বিজেপির এক পদাধিকারীর কথায়, “কেন্দ্রে এবং রাজ্যে আমরা বহুদলীয় জোট চালাচ্ছি। জোট সামলাতে আমাদের অনীহা নেই। এনসিপি (এসপি) চতুর্থ শরিক হিসেবে এনডিএ-তে এলে তাদের জায়গা দিতে না পারার কোনও কারণ দেখছি না। সিদ্ধান্ত ওদেরই (এনসিপি-এসপি) নিতে হবে।”

২৮ জানুয়ারি বিমান দুর্ঘটনায় এনসিপি নেতা অজিত পওয়ারের মৃত্যুর পরে যখন সংযুক্তির কথা প্রথম ওঠে, তখন বিজেপি তাতে সায় দেয়নি। আর শরিকের সবুজ সঙ্কেত ছাড়া এনসিপি-র পক্ষে এগোনো সম্ভব ছিল না। এখন সেই ছবি বদলেছে। এনসিপি-র এক প্রবীণ নেতা জানিয়েছেন, দুই দল আদৌ এক হতে পারে কি না, পারলে কী ভাবে, তা খতিয়ে দেখার ছাড়পত্র বিজেপির কাছ থেকে দল পেয়েছে। তাঁর কথায়, “চূড়ান্ত সিদ্ধান্ত দুই দলেরই।”

এনসিপি (এসপি) সূত্রও মেনে নিয়েছে, দীপাবলির আগে ও দীপাবলির সময়ে দলের নেতৃত্ব রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একাধিক বার বৈঠক করেছে। শরদ পওয়ার তখন হাসপাতালে ভর্তি ছিলেন, প্রথমে পুণেতে, পরে মুম্বইয়ে। প্রকাশ্যে অবশ্য দলের দাবি, কোনও প্রস্তাবই নেই। দলের কার্যনির্বাহী সভাপতি তথা পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলের বক্তব্য, “প্রস্তাবই যখন নেই, তখন আমরা মহাযুতিতে যোগ দিচ্ছি কি না, সে বিষয়ে আমি কী মন্তব্য করব?”

শেষ পর্যন্ত সংযুক্তি হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে পওয়ারের উপরে। বিজেপি নেতাদের দাবি, ২০১৯ সালে এনসিপি-র এনডিএ-তে যোগ দেওয়ার চেষ্টা এক বার তিনিই ভেস্তে দিয়েছিলেন।

বিজেপির লাভ কোথায়

সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আলোচনা শেষ করার সুযোগ এনে দিতে পারে সংসদের শীতকালীন অধিবেশন।

বিজেপির কাছে এনসিপি (এসপি)-কে পাশে পাওয়ার আশু কারণ সংখ্যা। এপ্রিলে সরকার একটি আইন-প্যাকেজ এনেছিল। তার কেন্দ্রে ছিল একটি সংবিধান সংশোধনী বিল, যার লক্ষ্য আসন পুনর্বিন্যাসের পথ খোলা এবং মহিলা সংরক্ষণ আইন আগেভাগে কার্যকর করা। সেই সঙ্গে আনা হয়েছিল পুনর্বিন্যাস কমিশন গড়ার জন্য ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। কিন্তু লোকসভায় পাশ হওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে পারেনি সংবিধান সংশোধনী বিলটি। ২৯৮-২৩০ ভোটে তা খারিজ হয়ে যায়।

বিজেপির এক প্রবীণ নেতা বলেন, “আগামী মাসে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল পেশ হবে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন আদায় করে তা নির্বিঘ্নে পাশ করাতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।”

বিজেপি সূত্রের হিসেবে লোকসভায় এনডিএ-র শক্তি ৩২০, রাজ্যসভায় ১৫৫। সব সাংসদ উপস্থিত থেকে ভোট দিলে নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের জন্য দরকার ৩৬০, অর্থাৎ এনডিএ ৪০ জন পিছিয়ে। পূর্ণ শক্তিতে রাজ্যসভায় দুই-তৃতীয়াংশের সংখ্যা ১৬১, সেখানে ঘাটতি ছয়। এনসিপি (এসপি)-র আট জন লোকসভা সাংসদ একা নিম্নকক্ষের এই ফারাক মেটাতে পারবেন না ঠিকই, তবে ব্যবধান কমাতে সাহায্য করবেন।

গত সপ্তাহে সুলে বলেছিলেন, প্রতিটি রাজ্যের আসন সমান ভাবে ৫০ শতাংশ বাড়ানো হলে সংবিধান সংশোধনী বিলে সমর্থনের কথা ভেবে দেখবে দল। তবে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন। রবিবার এনসিপি-র রাজ্য সভাপতি তথা লোকসভা সাংসদ সুনীল তটকরে সুলের মন্তব্যকে স্বাগত জানালেও তা থেকে কোনও সিদ্ধান্তে পৌঁছতে রাজি হননি। তাঁর কথায়, “ডিলিমিটেশন বিলে উনি সমর্থন জানিয়েছেন, এটা স্বাগত পদক্ষেপ। কোনও একটি বিলে সমর্থন মানেই এনসিপি (এসপি) এনডিএ-তে যোগ দিচ্ছে, এমন নয়। অতীতে বহু বার বিল সর্বসম্মতিতে পাশ হয়েছে। এর থেকে রাজনৈতিক অর্থ খোঁজার দরকার নেই।”

এক নেতার কথায়, আশু প্রয়োজনের বাইরে বিজেপির কাছে প্রশ্নটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে এই যে, যে এনসিপি-র শক্তি মাটিতে ক্রমশ ক্ষয়িষ্ণু বলে মনে হচ্ছে, তাদের সঙ্গে ক্ষমতা ভাগ করে চলা আদৌ যুক্তিসঙ্গত কি না, আর সংযুক্তি সেই ক্ষয় রুখতে পারবে কি না।

সংযুক্তির পথে বাধা কী

বিজেপির আশীর্বাদ থাকলেও সংযুক্তি এমন কিছু প্রশ্ন তুলছে, যার উত্তর দুই এনসিপি-র কেউই দেয়নি। সম্ভবত সেই কারণেই দুই পক্ষই প্রকাশ্যে সংযুক্তির প্রশ্ন অস্বীকার করছে বা এড়িয়ে যাচ্ছে।

প্রথম প্রশ্ন, কে কার সঙ্গে মিশবে। দলের নাম, প্রতীক এবং অধিকাংশ জনপ্রতিনিধি সুনেত্রা পওয়ারের দলের হাতে। ফলে সংযুক্তির অর্থ হবে এনসিপি (এসপি)-র আনুষ্ঠানিক ভাবে সেই দলে যোগদান। মহারাষ্ট্র বিধানসভায় এনসিপি-র বিধায়ক ৪১, এনসিপি (এসপি)-র ১০। বিধান পরিষদেও এনসিপি এগিয়ে, তাদের আট জন সদস্য, শরদ পওয়ারের দলের তিন। একমাত্র লোকসভাতেই এনসিপি (এসপি) এগিয়ে, তাদের সাংসদ আট, এনসিপি-র এক। রাজ্যসভায় অবশ্য এনসিপি-র চার জন সাংসদ, শরদ পওয়ারের এক।

দ্বিতীয় প্রশ্ন, নেতৃত্ব দেবেন কে। স্বামীর পরে দলের নেত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুনেত্রা পওয়ার। তিনি কি শরদ পওয়ার শিবিরের কাছে গ্রহণযোগ্য হবেন? অন্যদের জায়গা করে দিতে তিনি এবং তাঁর পুত্র, রাজ্যসভা সাংসদ পার্থ পওয়ার কি ছোট ভূমিকা মেনে নেবেন? সুলের ভূমিকাই বা কী হবে?

তৃতীয় প্রশ্ন এনসিপি-র নিজের প্রবীণ নেতাদের নিয়ে। ১ নভেম্বর তাঁদের ছ’জন, তটকরে, প্রফুল্ল পটেল, ছগন ভুজবল, হাসান মুশরিফ, দিলীপ ওয়ালসে পাটিল ও ধনঞ্জয় মুন্ডে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। দলীয় নেতারা জানাচ্ছেন, সুনেত্রা পওয়ার ও পার্থকে এই বৈঠকের কথা জানানো হয়নি। জানা গিয়েছে, শাহ নেতাদের কথা শোনেন এবং নিজেদের মতভেদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন।

এনসিপি নেতাদের কথায়, পুরনো নেতাদের অভিযোগ, পার্থ তাঁদের সঙ্গে পরামর্শ করেন না, আর তাঁরা আপত্তি তুললে সুনেত্রা ছেলের পক্ষই নেন। এক নেতা জানান, অসন্তোষ আছে, তবে নেতৃত্ব বদলের কোনও উদ্যোগ নেই। সংযুক্তি হলে দল চালানোয় দ্বিতীয় সারির নেতাদের মতামতের গুরুত্ব বাড়তে পারে।

এনসিপি (এসপি)-র কাছে কী বাজি

মহাযুতি ও এনডিএ-তে যোগ দেওয়ার কথা ভাবার নিজস্ব কারণ আছে এনসিপি (এসপি)-রও। ক্ষমতার বাইরে থাকা দলকে নিজের লোকজন ধরে রাখতে হয়। শিবসেনা (ইউবিটি)-র যা হয়েছে, একনাথ শিন্ডের শিবসেনার কাছে সাংসদ হারানো, তা নিয়ে দলের নেতারা সতর্ক, আরও ভাঙনের আশঙ্কাও করছেন।

তবে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, শরদ পওয়ার আদৌ এনডিএ-তে যেতে রাজি কি না। তার পরেই আসবে এনসিপি (এসপি) একা যাবে, না আগে সংযুক্তি হবে, সেই প্রশ্ন। বিজেপির দাবি, পওয়ার আগেও দোলাচলে ভুগেছেন। ২০১৯-এর নভেম্বরে ভোরবেলা দেবেন্দ্র ফডণবীসের মুখ্যমন্ত্রিত্বে অজিত পওয়ারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ এবং কয়েক দিন পরেই তাঁর উল্টো পথে হাঁটা, এই ঘটনার দায় শাসক দলের অনেকেই প্রবীণ নেতার সিদ্ধান্তহীনতার উপরে চাপান। পওয়ার অবশ্য সেই ঘটনায় কোনও ভূমিকার কথা অস্বীকার করেছেন। ২০২৩ সালে তিনি বিজেপির সঙ্গে আলোচনার কথা স্বীকার করেন, তবে জুড়ে দেন যে সেটা ছিল তাঁর ‘গুগলি’, ফডণবীসের মুখোশ খুলে দেওয়ার এবং ক্ষমতার জন্য তিনি কত দূর যেতে পারেন তা দেখানোর জন্য।

এনডিএ-তে যোগ দেওয়ার অর্থ হবে কেন্দ্রে ‘ইন্ডিয়া’ জোট এবং রাজ্যে মহা বিকাশ আঘাড়ি ছেড়ে বেরিয়ে আসা। মহাযুতির ভিতরেও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন নতুন করে উঠবে। মন্ত্রিত্ব নিয়ে নতুন করে দর কষাকষি করতে হবে, এবং জায়গা ছাড়তে কাউকে না কাউকে কিছু ত্যাগ করতেই হবে, তা সে বিজেপি হোক, শিন্ডের শিবসেনা হোক বা সুনেত্রা পওয়ারের এনসিপি।

পওয়ার শিবির আপাতত তাস লুকিয়ে খেলছে। সম্প্রতি অজিত পওয়ারের মৃত্যুর তদন্ত নিয়ে বিধায়ক রোহিত পওয়ার ফডণবীসকে আক্রমণ করলে সুলে দলকে তা থেকে দূরে সরিয়ে নেন। তিনি বলেন, ওই মন্তব্য ‘ব্যক্তিগত, দলের অনুমোদিত নয়’।

এর মধ্যে শনিবার পুণে জেলার ওতুরে মহারাষ্ট্র সত্যশোধক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল শরদ পওয়ারের। জ্যোতিরাও ফুলের আদর্শে প্রোথিত এই সম্মেলন জাতপাত-বিরোধী সমাবেশ। কিন্তু চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দেওয়ায় তাঁকে যাত্রা বাতিল করতে হয়। দলের এক প্রবীণ নেতার কথায়, “ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনাই বুঝিয়ে দেয়, অন্য কারও সঙ্গে জোট বাঁধার জন্য নিজের মূল আদর্শ ছাড়ার কোনও ইচ্ছা ওঁর নেই।”