পুলিশ অনুমতি দেয়নি। তবু বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবসে লখনউয়ে মিছিল করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। বুধবার এ কথা জানিয়েছে দল। মিছিল যাবে গান্ধী ভবন থেকে হজরতগঞ্জে বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের মূর্তি পর্যন্ত। তার আগে শহরে দলের রাজ্য সদর দফতরে হবে 'সংবিধান রক্ষা সম্মেলন'।
নির্ধারিত সূচি মেনেই মিছিল হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র 'মোনা'। তাঁর অভিযোগ, সংবিধান বদলানোর মতো জনাদেশ না পেয়ে বিজেপি এখন নাগরিকদের ভোটাধিকার খর্ব করে সংবিধানের মূল ভাবনাকেই দুর্বল করতে চাইছে। তিনি জানান, বিজেপি সরকারের হাতে সংবিধান ও নাগরিকদের ভোটাধিকারের উপর আঘাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। লখনউয়ের মিছিল তারই অংশ।
কংগ্রেস যে সূচি ঘোষণা করেছে, তাতে দুপুর ১২টা ৪০ মিনিটে লখনউয়ের অম্বেডকর মহাসভায় পৌঁছবেন খড়্গে। সেখানে অম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত 'সংবিধান রক্ষা' মিছিলের নেতৃত্ব দেবেন তিনি।
আরাধনা বলেন, "বাবাসাহেব অম্বেডকরের সংবিধান সমতার সবচেয়ে বড় নিশ্চয়তা দিয়েছে ভোটাধিকারের মধ্যে দিয়ে। কৃষক, যুবসমাজ, দলিত, অনগ্রসর শ্রেণি, আদিবাসী, সংখ্যালঘু আর মহিলারা এই অধিকার প্রয়োগ করেই নিজেদের কথা বলেন।" তাঁর আরও অভিযোগ, ফসলের লাভজনক দাম নিয়ে কৃষকদের দাবি, বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁসের মতো প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার, আর তার ফাঁকে দুর্বল করতে চাইছে নাগরিকদের ভোটাধিকার। দলের কর্মী, শাখা সংগঠন, বিভিন্ন বিভাগ ও সেলের পাশাপাশি কৃষক, যুবক ও সাধারণ নাগরিকদেরও বিপুল সংখ্যায় লখনউয়ে এসে মিছিলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেস।
এর আগে দিনেই প্রবীণ কংগ্রেস নেতা পি এল পুনিয়া জানান, শান্তিপূর্ণ মিছিলের মুচলেকা দেওয়ার পরেও অনুমতি মেলেনি। তাঁর কথায়, "প্রশাসন আমাদের জানিয়েছে, এলাকাটিকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে, তাই পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আমরা আশ্বাস দিয়েছিলাম, কর্মসূচি শান্তিপূর্ণ ভাবেই হবে। এমনকি লিখিত মুচলেকাও দিয়েছিলাম।"
পুনিয়ার অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য আলাদা আলাদা মাপকাঠি নেওয়া হচ্ছে। সম্প্রতি 'লোকতন্ত্র বাঁচাও' কর্মসূচিতে বিজেপিকে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল, সে কথা মনে করিয়ে তিনি বলেন, "বিজেপি অনুমতি পেল, অথচ একই রকম মিছিল আমাদের করতে দেওয়া হল না।" ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সংবিধানকে দুর্বল করতে চাইছে।
পুনিয়া বলেন, "১৯৪৯ সালের ২৬ নভেম্বর এ দেশের মানুষ সংবিধান গ্রহণ করেছিলেন। সেই সংবিধান কৃষক, যুবক, মহিলা, সব জাত ও ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে। এক ব্যক্তি, এক ভোটের নীতি প্রত্যেক নাগরিককে সমান কণ্ঠস্বর দিয়েছে। এই মূল্যবোধ রক্ষা করা আমাদের দায়িত্ব।" তিনি জানান, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সাংবিধানিক মূল্যবোধ রক্ষার আন্দোলন চলবে, আর সেই আন্দোলনে বড় ভূমিকা নেবে উত্তরপ্রদেশ।
আরাধনাও বলেছিলেন, "দুর্ভাগ্যের কথা, বিজেপি সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না। সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সঙ্কল্প নিয়ে আমরা কংগ্রেস কর্মীরা কর্মসূচি সফল করতে দায়বদ্ধ।"
২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে কংগ্রেস যখন রাজনৈতিক প্রচারে আরও ধার আনতে চাইছে, তখনই এই ঘটনা। সংবিধান, ভোটাধিকার আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশ্নকে দল ক্রমশ তাদের রাজনৈতিক বার্তার কেন্দ্রে নিয়ে আসছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।