টিভিএস মোটরের চেয়ারম্যান এমেরিটাস বেণু শ্রীনিবাসনের মেয়ে লক্ষ্মী বেণু মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন। টিভিএস পরিবারের বেণু শ্রীনিবাসন শাখার যৌথ পারিবারিক সম্পত্তি ভাগ করে তাঁর প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পারিবারিক সম্পদের মালিকানা ও বণ্টন নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে বিবাদ চলছিল, এই মামলায় তা আরও তীব্র হল।
গত ১৬ নভেম্বর বাবাকে সম্পত্তি ভাগের নোটিস পাঠিয়েছিলেন লক্ষ্মী। তাতে তিনি সম্পত্তির ন্যায্য ও আইনসম্মত বণ্টন চান। পরিবারের কর্তা হিসেবে বাবাকে তাঁর আস্থাভাজনের দায়িত্ব (ফিডুশিয়ারি ডিউটি) পালন করতে এবং যৌথ পারিবারিক সম্পত্তিতে মেয়ের অধিকার মেনে নিতে বলেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন লক্ষ্মী। বিবৃতি অনুযায়ী, নোটিসের যে জবাব বেণু শ্রীনিবাসন দিয়েছেন, তাতে তিনি নিজের অবস্থান থেকে সরেননি, মেয়ের দাবিও মানেননি।
বিবাদটা পারিবারিক সম্পদ ও স্বার্থের অর্থনৈতিক মালিকানা নিয়ে, কোনও সংস্থার পরিচালনা বা কাজকর্ম নিয়ে নয়। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নথি ও তথ্য হাতে পেতেও আদালতের সাহায্য চেয়েছেন লক্ষ্মী। তাঁর অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও সেগুলি তাঁকে দেওয়া হয়নি।
এর আগে এক বিবৃতিতে শ্রীনিবাসন বলেছিলেন, ভাগাভাগি হয়েছে "খোলাখুলি, স্বচ্ছ ভাবে, পরিবারকে জানিয়ে এবং তাদের সঙ্গে ভেবেচিন্তে আলোচনা করে"। তাঁর দাবি, ব্যবসা ও সম্পত্তি তাঁর নিজের। পরিবারের সদস্য আর ব্যবসার স্বার্থের কথা মাথায় রেখে সেগুলি নিয়ে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর আছে। তাঁর কথায়, "এই উদ্দেশ্যেই আমি লক্ষ্মী আর সুদর্শনের মধ্যে ভাগ করে দিয়েছি।"
মেয়ের পাশে দাঁড়িয়েছেন বেণু শ্রীনিবাসনের স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন। সম্পত্তির ন্যায্য ভাগের দাবিতে তিনি মেয়েকে সমর্থন করছেন। মল্লিকা বলেন, "দুর্ভাগ্যের বিষয়, লক্ষ্মীর নোটিসের জবাবে তাঁর আইনি অধিকার মানা হয়নি, সৌহার্দ্যপূর্ণ মীমাংসার দিকেও কোনও অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে নিজের অধিকার রক্ষা করতে তিনি আদালতে যেতে বাধ্য হয়েছেন।" তিনি আরও বলেন, "মা হিসেবে আমার কাছে ছেলে আর মেয়ে সব দিক থেকেই সমান। আমি মনে করি, পারিবারিক সম্পত্তিতে লক্ষ্মীর ন্যায্য ভাগ আছে, এবং তা সুদর্শনের ভাগের চেয়ে কম নয়।"
বিবাদের শুরু অক্টোবরে। তখন লক্ষ্মী ও মল্লিকা প্রকাশ্যে বলেন, ২০২০ সালে টিভিএস পরিবারের বৃহত্তর যে ভাগাভাগি স্থির হয়েছিল এবং পরে কার্যকর হয়েছিল, তাতে বেণু শ্রীনিবাসন পরিবারের ভিতরের অর্থনৈতিক স্বার্থের নিষ্পত্তি হয়নি। এক যৌথ বিবৃতিতে তাঁদের যুক্তি ছিল, তাঁদের নিজেদের পরিবারে স্বচ্ছ মূল্যায়ন, আলোচনা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে তেমন কোনও প্রক্রিয়া হয়নি। তাঁদের মতে, পরিচালনার পদ বা দায়িত্বকে পারিবারিক সম্পত্তির মালিকানার সঙ্গে এক করে দেখা যায় না। ২০২০ সালের ব্যবস্থাপনায় ভাগাভাগি হয়েছিল বৃহত্তর পরিবারের মধ্যে। লক্ষ্মী ও মল্লিকার বক্তব্য, তাতে বেণু শ্রীনিবাসন শাখার ভিতরের সম্পত্তির মীমাংসা হয়নি।
অক্টোবরেই বিবাদ আইনি চেহারা নেয়। বেণু শ্রীনিবাসন, মল্লিকা, লক্ষ্মী ও সুদর্শন বেণু, চার জনই চেন্নাইয়ের সিটি সিভিল কোর্ট ও কমার্শিয়াল কোর্টে ক্যাভিয়েট দাখিল করেন। এতেই বোঝা গিয়েছিল, মামলা হলে নিজের নিজের অবস্থান রক্ষার জন্য পরিবারের সদস্যরা তৈরি হচ্ছেন।
লক্ষ্মী টাফে-র ভাইস চেয়ারম্যান এবং সুন্দরম-ক্লেটনের এগজিকিউটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর। সুদর্শন বেণু টিভিএস মোটর কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। মল্লিকা শ্রীনিবাসন টাফে-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। মল্লিকা আগেই স্পষ্ট করে দিয়েছেন, টাফে অ্যামালগামেশনস গোষ্ঠীর সংস্থা। সেটি একটি আলাদা পারিবারিক ব্যবসায়িক গোষ্ঠী, যেখানে তিনি অংশীদার। বেণু শ্রীনিবাসন পরিবারের ভিতরে যে অর্থনৈতিক নিষ্পত্তি চাওয়া হচ্ছে, তার সঙ্গে টাফে-কে গুলিয়ে ফেলা ঠিক নয়।
লক্ষ্মী ও মল্লিকা আগেও বলেছেন, স্বচ্ছ আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ মীমাংসাই তাঁদের পছন্দ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।