দেশের সবচেয়ে ধনী পরিবারের এক জন পুরুষের কর্মক্ষম বয়সে মৃত্যুর আশঙ্কা দরিদ্রতম পরিবারের পুরুষের তুলনায় ৬২ শতাংশ কম। মহিলাদের ক্ষেত্রেও ফারাকটা প্রায় ততটাই প্রকট। ধনীতম পরিবারের মহিলাদের মৃত্যুঝুঁকি দরিদ্রতম পরিবারের মহিলাদের চেয়ে ৪২ শতাংশ কম।
দু'দশক ধরে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহারের গতিপ্রকৃতি খতিয়ে দেখেছে একটি গবেষণা। সেটি জানাচ্ছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে কে বাঁচবেন আর কে বাঁচবেন না, তা জাত বা ধর্মের চেয়ে অনেক বেশি নির্ভর করে পরিবারের আর্থিক সঙ্গতির উপরে। তফসিলি জাতির মহিলাদের মৃত্যুঝুঁকি এখনও বেশি। অন্য দিকে, উচ্চবর্ণ হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের ঝুঁকি কম।
গবেষণাটি প্রকাশিত হয়েছে সমকক্ষ-পর্যালোচিত পত্রিকা ‘ডেমোগ্রাফিক রিসার্চ’-এ। এটি করেছেন মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ-এর মোরধ্বজ ধাকড় এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস (আইআইপিএস)-এর নন্দিতা সৈকিয়া। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (এনএফএইচএস) তিনটি পর্বের তথ্য থেকে মৃত্যুর ধরন বিশ্লেষণ করেছেন তাঁরা। পর্ব তিনটি ১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালের।
১৫-৫৯ বছর বয়সি প্রতি হাজার পুরুষের মধ্যে দরিদ্রতম পরিবারে মৃত্যুর সম্ভাবনা ২৮০, ধনীতম পরিবারে ১৫৮। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা দরিদ্রতম পরিবারে প্রতি হাজারে ১৫৭, ধনীতম পরিবারে ৮৭।
গবেষকেরা কয়েকটি বিষয় হিসাবে ধরে নিয়ে দেখেছেন ফারাকটা কতটা টিকে থাকে। বিষয়গুলি হল জাত, ধর্ম, গ্রামে না শহরে বাস, এবং রাজ্যভিত্তিক তারতম্য। দেখা গিয়েছে, এই সব সমন্বয়ের পরেও ধনীতম ২০ শতাংশ পরিবারের পুরুষদের মৃত্যুঝুঁকি দরিদ্রতম ২০ শতাংশের তুলনায় ৬২ শতাংশ কম। মহিলাদের ক্ষেত্রে তা ৪২ শতাংশ কম।
জাতপাতের ফারাক: মুসলিম পুরুষদের মৃত্যুঝুঁকি কম
তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতির (এসটি) পুরুষদের মধ্যে মৃত্যুহার বেশি। গবেষণা বলছে, এর মূল কারণ তাঁদের আর্থিক ও ভৌগোলিক পরিস্থিতি।
২০১৯-২১ সালে প্রতি হাজার এসসি পুরুষের মধ্যে মৃত্যুর সম্ভাবনা ছিল ২৫৬, এসটি পুরুষদের মধ্যে ২৫৪। উচ্চবর্ণ হিন্দু পুরুষদের ক্ষেত্রে তা ছিল ১৯৭। এসসি মহিলাদের ছবিটা আলাদা। সম্পদ ও ভৌগোলিক অবস্থান হিসাবে ধরার পরেও উচ্চবর্ণ হিন্দু মহিলাদের তুলনায় তাঁদের প্রাপ্তবয়সে মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ বেশি।
গবেষকেরা আরও দেখেছেন, উচ্চবর্ণ হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের প্রাপ্তবয়সে মৃত্যুর ঝুঁকি সমীক্ষার তিনটি পর্বেই ধারাবাহিক ভাবে কম।
২০১৯-২১ সালে মুসলিম পুরুষদের মৃত্যুঝুঁকি ছিল ২১ শতাংশ কম। পরিবারের আর্থিক অবস্থা, বাসস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্য হিসাবে ধরার পরেও এই হিসাব মিলেছে। সমীক্ষার আগের পর্বগুলিতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।
এই পার্থক্যের দু'টি সম্ভাব্য কারণের কথা বলেছেন লেখকেরা। প্রথমত, মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের প্রবণতা কম। দ্বিতীয়ত, বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নগরায়ণ তুলনায় বেশি। তাঁদের মতে, শহরে বেশি সংখ্যায় থাকার ফলে স্বাস্থ্য পরিষেবাও হয়তো তুলনায় সহজে মেলে।
মুসলিম মহিলাদের মধ্যে অবশ্য এই সুবিধা চোখে পড়েনি। সাম্প্রতিকতম সমীক্ষায় সমন্বয়ের পরে তাঁদের মৃত্যুঝুঁকি উচ্চবর্ণ হিন্দু মহিলাদের থেকে উল্লেখযোগ্য ভাবে আলাদা নয়।
মহিলাদের ক্ষেত্রে উন্নতি দ্রুততর
গবেষণায় আরও দেখা গিয়েছে, এই দু'দশকে পুরুষদের তুলনায় মহিলাদের মৃত্যুহার অনেক দ্রুত কমেছে।
১৫ থেকে ৫৯ বছর বয়সি মহিলাদের মৃত্যুর সম্ভাবনা ১৯৯৮-৯৯ সালে ছিল প্রতি হাজারে ২০৮। ২০১৯-২১ সালে তা নেমে এসেছে ১২৫-এ, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ কমেছে। পুরুষদের ক্ষেত্রে তা প্রতি হাজারে ২৬৮ থেকে কমে হয়েছে ২২১, অর্থাৎ ১৭ শতাংশ কমেছে।
বস্তুত, ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সমীক্ষা পর্বের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের মৃত্যুহার বেড়েছে, প্রতি হাজারে ২০৯ থেকে ২২১। গবেষকেরা এর জন্য মূলত দু'টি কারণকে দায়ী করেছেন। একটি হল কোভিড-১৯ অতিমারিতে পুরুষদের অতিরিক্ত মৃত্যু, অন্যটি পেশাগত ঝুঁকি।
গবেষণাপত্রে বলা হয়েছে, “আর্থিক স্থিতি বাড়ানো এবং দারিদ্র কমানো গেলে সব সামাজিক গোষ্ঠীর মধ্যেই প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর জন্য পদক্ষেপ জরুরি ঠিকই। কিন্তু সেগুলিকে সবচেয়ে কার্যকর করতে হলে পাশাপাশি বৃহত্তর আর্থিক ও স্বাস্থ্যনীতিও প্রয়োজন।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।