ছটপুজো এবং বিহারের মহিলাদের নিয়ে মঞ্চে রসিকতা করে আইনি জালে জড়ালেন দিল্লির স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ মহেশ্বরী। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি অনুষ্ঠানের ভিডিয়োয় অশ্লীল ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাটনা সাইবার থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশের বক্তব্য, ওই মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। সেই আশঙ্কা থেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২৪ নভেম্বর মামলাটি দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১), ৭৯, ৩৫১ ও ৩৫২ ধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(সি) এবং ৬৬(ডি) ধারাও যোগ করা হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানান, সমাজমাধ্যমেই প্রথম অভিযোগ আসে। তাতে বলা হয়, মহেশ্বরীর চ্যানেলে বিহারের মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে তাঁদের মর্যাদাহানির চেষ্টা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে পুলিশের মনে হয়েছে, ওই বিষয়বস্তু থেকে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। সাইবার পুলিশ আপাতত বিষয়টি খতিয়ে দেখছে।
বিতর্কের সূত্রপাত ২১ নভেম্বর। সেদিন দিল্লির হাইডআউট কমেডি ক্লাবে রেকর্ড করা ‘মরালি কোয়েশ্চনেবল’ নামের একটি অনুষ্ঠান নিজের চ্যানেলে তোলেন মহেশ্বরী। তাতে বিহার, সেখানকার মহিলা এবং ছটপুজোর রীতিনীতি নিয়ে একাধিক রসিকতা ছিল। সবচেয়ে বেশি ক্ষোভ ছড়িয়েছে ছটব্রতী বিবাহিত মহিলাদের কপাল থেকে নাক পর্যন্ত টানা কমলা সিঁদুর নিয়ে তাঁর যৌন ইঙ্গিতপূর্ণ তুলনা। স্বামীর দীর্ঘায়ু কামনায় পালিত এই ব্রতের সঙ্গে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের মানুষের গভীর আবেগ জড়িয়ে আছে। অনুষ্ঠানের টুকরো ক্লিপ দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণ ব্যবহারকারীদের একাংশ এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠন পুলিশি পদক্ষেপের দাবি তোলে।
বিতর্কে রাজনৈতিক শিবিরের বিভাজন প্রায় মুছে গিয়েছে, যা বিরল। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি এক্স-এ লেখেন, ছটের সিঁদুর নিয়ে বিদ্রুপ আসলে ‘কমেডি’র মোড়কে সাংস্কৃতিক ও নারীর মর্যাদার উপর আঘাত। সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে দায়িত্বও থাকে, এই কথা মনে করিয়ে দিয়ে বিহার ও দিল্লি পুলিশকে আইনানুগ কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। বিজেপি নেত্রী ঋতু জয়সওয়াল আরও এক ধাপ এগিয়ে বিহারের প্রতিটি জেলায় ওই কমেডিয়ানের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তোলেন। তাঁর বক্তব্য, এই উৎসবের বিশ্বাস ও পরিচিতিকে কালিমালিপ্ত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমের মতে, ধর্মবিশ্বাস ও মহিলাদের সম্মান নিয়ে উপহাসকে মতপ্রকাশের স্বাধীনতার নামে সমর্থন করা যায় না।
চারদিক থেকে চাপ বাড়তেই ইউটিউব থেকে বিতর্কিত ভিডিয়োটি সরিয়ে নেন মহেশ্বরী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করে দেন। মঙ্গলবার রাতে ‘বিহারের সকল মানুষের কাছে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা’ শিরোনামে একটি নতুন ভিডিয়ো প্রকাশ করেন তিনি। তাতে স্বীকার করেন, বিহারের সংস্কৃতি নিয়ে তাঁর মন্তব্য অনুচিত ছিল। তাঁর দাবি, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় তাঁর ছিল না, তবে কথাগুলি ভুলভাবে পৌঁছেছে এবং মানুষ আপত্তি তুলেছেন, সে জন্য তিনি দুঃখিত। ভবিষ্যতে বিষয়বস্তু নির্বাচনে আরও সতর্ক থাকবেন এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন বলেও জানিয়েছেন।
তবে ক্ষমাপ্রার্থনায় আইনি প্রক্রিয়া থামছে না। পাটনা পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।