মালদহ: খোদ বনদপ্তরের চত্বরে ঢুকে নারকেল চুরি করতে গিয়ে বিপত্তি। ধরা পড়ার আশঙ্কায় নারকেল গাছের মগডালে চড়ে বসে রইল চোর। নিচে নামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো বনকর্মী ও দমকল বাহিনীকে। দীর্ঘ টানাপোড়েন ও নাটকীয়তার পর শেষমেশ পরিবারের সদস্যদের হস্তক্ষেপে গাছ থেকে নামিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার দুপুরে মালদহের ইংরেজবাজারের সুভাষপল্লী এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ। এদিন দুপুর আনুমানিক একটা নাগাদ সুভাষপল্লী এলাকায় অবস্থিত বনদপ্তরের কার্যালয় চত্বরে ঢোকে সে। অফিসের ভেতরে থাকা একটি দীর্ঘ নারকেল গাছে নারকেল পাড়তে ওঠে ওই যুবক। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা। তাঁরা গাছ থেকে নেমে আসার নির্দেশ দিতেই বিপত্তি বাঁধে। আকাশ স্পষ্ট জানিয়ে দেয়, নিচে নামলেই তাকে গ্রেফতার করা হবে, তাই কেউ জোর করে নামানোর চেষ্টা করলে সে ওপর থেকেই ঝাঁপ দেবে।

যুবকের এমন হুমকিতে হতচকিত হয়ে পড়েন কর্মীরা। ঝুঁকি না নিয়ে দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকে আকাশ। গাছ থেকে লাফ দেওয়ার ক্রমাগত হুঁশিয়ারি দেওয়ায় জোর করে নামানোর সাহস পাননি উদ্ধারকারীরাও।

পরিস্থিতি জটিল হতে থাকায় এবং বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই খবর পাঠানো হয় আকাশের পরিবারের কাছে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার উৎকণ্ঠা ও আলোচনার পর, পরিবারের লোকজনের অভয় পেয়ে অবশেষে রাত নামার পর গাছ থেকে নিচে নেমে আসে সে। সঙ্গে সঙ্গেই তাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেন বনকর্মীরা। সুরক্ষিত সরকারি চত্বরে দিনের আলোয় এমন দুঃসাহসিক চুরির চেষ্টা ও নাটকীয় উদ্ধারকাজে গোটা এলাকায় ব্যাপক আলোড়ন পড়েছে।