গৌতম চক্রবর্তী, মালদহ:
মালদহ শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর করতে এবং শহরকে যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনিক অভিযানে নামল ইংরেজবাজার পুরসভা। সোমবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার প্রধান সচেতক (চিফ হুইপ) এবং স্থানীয় বিধায়ক অম্লান ভাদুড়ী নিজে রাস্তায় নেমে এই অভিযানের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন মালদহ সদর মহকুমা শাসক সম্যদীপ সরকার, ইংলিশবাজার থানার আইসি পঙ্কজ সিং সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
এদিন সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ফোয়ারা মোড় থেকে শুরু করে রথবাড়ি মোড় পর্যন্ত পুরো এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন পুরপ্রধান ও প্রশাসনিক দল। অভিযান চলাকালীন ফুটপাত দখল করে ব্যবসা চালানো অস্থায়ী ব্যবসায়ীদের কড়া বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, হকারদের ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। তবে প্রশাসনিক সহানুভূতির কথা মাথায় রেখে হকার ও ব্যবসায়ীদের জন্য বিকল্প পুনর্বাসনের জায়গার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ না হলে পরবর্তীতে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে পুর প্রশাসন স্পষ্ট করে দিয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শহরের লাগামহীন যানজট সামলাতে টোটো চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করেছে পুরসভা। জানানো হয়েছে, শহরের প্রবেশমুখে নির্দিষ্ট কয়েকটি চেক পয়েন্ট তৈরি করা হবে, যা দিয়ে নিয়ন্ত্রিতভাবে টোটো শহরে ঢুকতে পারবে। তাছাড়া সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে শহরের দুটি স্থানে স্থায়ী পার্কিং জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেখানে গাড়ি রেখে নাগরিকেরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও অন্যান্য কাজ সারতে পারেন।
পুরচেয়ারম্যান অম্লান ভাদুড়ী জানান, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য এবং যানজটমুক্ত শহর গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। তবে শহরের এই ফুটপাত দখল ছাড়াও একাধিক সরকারি জমি জবরদখল করে স্থায়ী দোকান এমনকি বহুতল গড়ে তোলার অভিযোগ রয়েছে। এই প্রশাসনিক তৎপরতায় সরকারি জমি ও ফুটপাত কবে নাগাদ পুরোপুরি দখলমুক্ত হয়, সেদিকেই এখন নজর শহরবাসীর।
সম্পূর্ণ ভিডিওঃ https://youtu.be/whmOXxMycAY