গোপন সূত্রে খবর পেয়ে ভুটানি মার্কেট–বটতলা এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছ’টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। বটতলা টিআরটিসি কমপ্লেক্সের একটি গ্যাস এজেন্সির সামনে থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ জানায়, অস্ত্র হস্তান্তরের সম্ভাব্য খবর পেয়ে ওই এলাকায় ফাঁদ পাতা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সন্দেহভাজন দু’জনকে আটক করে তল্লাশি চালানো হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের পর তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) পান্নালাল সেন জানান, ধৃতেরা ত্রিপুরার বাসিন্দা নন এবং বুধবারই ট্রেনে রাজ্যে এসেছিলেন।
পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধলিঙ্গাপ্পা কে পুজার জানান, ধৃতেরা নিজেদের বিহারের বাসিন্দা বলে দাবি করছেন। তাঁদের আসল পরিচয় ও ঠিকানা যাচাই করা হচ্ছে। অস্ত্রগুলি কাকে পৌঁছে দেওয়ার কথা ছিল, তাও তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের বক্তব্য, উদ্ধার হওয়া পিস্তলগুলি দেখে কারখানায় তৈরি বলে মনে হচ্ছে এবং সেগুলিতে “মেড ইন ইতালি” লেখা রয়েছে। অস্ত্রগুলির প্রকৃত ধরন ও উৎস ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পরই নিশ্চিত করা যাবে। ঘটনায় মামলা রুজু হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজ্যে অস্ত্র পাচারের পিছনে আন্তঃরাজ্য চক্র সক্রিয় থাকতে পারে। ২৭ নভেম্বরের পুরভোটের আগে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে এই অস্ত্র উদ্ধারে নিরাপত্তা ও অবৈধ অস্ত্রের চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে নির্বাচনের সরাসরি যোগের কোনও তথ্য এখনও পুলিশ জানায়নি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।