চুল প্রতিস্থাপনের জন্য ৪০ হাজার টাকা দিয়েছিলেন ৫০ বছর বয়সি এক ব্যক্তি। কিন্তু থাইরয়েড পরীক্ষায় টিএসএইচের মাত্রা বেশি থাকায় অস্ত্রোপচার করা যায়নি। তা সত্ত্বেও টাকা ফেরত দিতে অস্বীকার করে ক্লিনিক। সেই ঘটনায় উপভোক্তা মামলায় জিতে টাকা ফেরত, ক্ষতিপূরণ ও মামলার খরচ মিলিয়ে মোট ৬৫ হাজার টাকা পাওয়ার নির্দেশ পেলেন তিনি।
তেলঙ্গানার হায়দরাবাদ–৩ জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন জানিয়েছে, ছাপানো বিলে টাকা ফেরতযোগ্য নয় বলে একটি শর্ত জুড়ে দিলেই পুরো অর্থ আটকে রাখা যায় না। বিশেষত, যে অস্ত্রোপচার এবং অস্ত্রোপচারের পরে ছ’টি পিআরপি বা প্লেটলেট-রিচ প্লাজমা থেরাপির জন্য টাকা নেওয়া হয়েছিল, তার কোনওটিই যখন করা হয়নি।
কমিশনের সভাপতি এম রাম গোপাল রেড্ডি এবং সদস্য জে শ্যামলা মামলাটির শুনানি করেন। অভিযোগকারী পেশায় আইনজীবী। ২০২২ সালের জানুয়ারিতে তিনি ওই ক্লিনিকে চুল প্রতিস্থাপনের জন্য বুকিং করেছিলেন।
৩ নভেম্বরের নির্দেশে কমিশন বলেছে, “অভিযোগকারী নির্দিষ্ট চিকিৎসা ও সৌন্দর্যবর্ধক পরিষেবার জন্য টাকা দিয়েছিলেন। সেই পরিষেবাগুলি দেওয়া না হলে, কেবল টাকা ফেরতযোগ্য নয়—এমন একটি ঢালাও শর্তের উপর নির্ভর করে বিবাদীপক্ষ অর্থাৎ ক্লিনিকের শাখা ও প্রধান কার্যালয় পুরো টাকা রেখে অন্যায্যভাবে লাভবান হতে পারে না।”
অভিযোগকারীর বক্তব্য, ইন্টারনেটে চুল প্রতিস্থাপন সম্পর্কে খোঁজখবর করার পরে তিনি ওই ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করেন এবং ২০২২ সালে সেখানে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার ও পরবর্তী থেরাপির জন্য তিনি মোট ৪০ হাজার টাকা দিয়েছিলেন বলে জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের আগে ক্লিনিক তাঁকে কয়েকটি রক্ত পরীক্ষা করিয়ে রিপোর্ট আনতে বলে।
সেই রিপোর্টে তাঁর টিএসএইচের মাত্রা বেশি ধরা পড়ে। প্রথমে ওষুধ খেয়ে তা স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।
অভিযোগকারী জানান, এর পরে তিনি ভেষজ চিকিৎসা শুরু করেন। ক্লিনিকের পরামর্শে ২০২২ সালের অগস্টে ফের রক্ত পরীক্ষা ও থাইরয়েড প্রোফাইল করান। কিন্তু তখনও টিএসএইচের মাত্রা বেশি ছিল। ২০২৩ সালের মার্চে আবার পরীক্ষা করালেও একই পরিস্থিতি দেখা যায়। শেষ রিপোর্টে তাঁর তীব্র উদ্বেগজনিত সমস্যার কথাও উল্লেখ ছিল।
ওই ব্যক্তির বক্তব্য, স্বাস্থ্যগত কারণে চুল প্রতিস্থাপনের অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছিল না। চিকিৎসাও শুরু হয়নি। তাই তিনি ক্লিনিকের কাছে তাঁর দেওয়া ৪০ হাজার টাকা ফেরত চান। তাঁর অভিযোগ, ক্লিনিক টাকা ফেরাতে অস্বীকার করে জানায়, হয় অস্ত্রোপচার করাতে হবে, নয়তো টাকা ছেড়ে দিতে হবে। এর পরেই টাকা ফেরত এবং পরিষেবায় ঘাটতির জন্য ক্ষতিপূরণ চেয়ে তিনি উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন।
ক্লিনিকের হয়ে আইনজীবী সি এইচ বিনোদ যুক্তি দেন, অভিযোগকারীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্লিনিকের দাবি, ওই ব্যক্তি তাঁর চলতি ভেষজ চিকিৎসা এবং থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে না থাকার কথা জানাননি।
ক্লিনিক আরও জানায়, পরামর্শ দেওয়া, চিকিৎসার পরিকল্পনা করা এবং বুকিং নেওয়ার মতো পরিষেবা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ফলে টাকা ফেরতের দাবি গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে টাকা ফেরতযোগ্য নয় বলে যে শর্ত ছিল, সেটিও প্রযোজ্য।
তাদের যুক্তি, চিকিৎসা পিছিয়েছে অভিযোগকারীর শারীরিক অবস্থার জন্য; এতে ক্লিনিকের কোনও দোষ নেই। তিনি যখন চিকিৎসাই করাননি, তখন পরিষেবায় ঘাটতির অভিযোগও তুলতে পারেন না বলে দাবি করে ক্লিনিক।
কমিশন জানায়, ক্লিনিকের বক্তব্য অনুযায়ী, অভিযোগকারীর দেওয়া টাকা কোনও পরিস্থিতিতেই ফেরতযোগ্য নয়। কিন্তু কমিশনের পর্যবেক্ষণ, “ছাপানো বিল বা ঘোষণাপত্রে এমন একটি শর্ত রাখলেই পরিষেবা প্রদানকারী স্বয়ংক্রিয়ভাবে পুরো টাকা রেখে দেওয়ার অধিকার পায় না—যখন যে মূল পরিষেবাগুলির জন্য টাকা নেওয়া হয়েছিল, সেগুলিই দেওয়া হয়নি।”
পরামর্শ দেওয়া, সাক্ষাতের সময় নির্ধারণ, চিকিৎসকের ব্যবস্থা করা এবং আনুষঙ্গিক কাজে খরচ হয়েছে বলে ক্লিনিক যে দাবি করেছে, তার সমর্থনে কোনও নথি পেশ করেনি বলেও জানায় কমিশন।
কমিশনের মতে, ঠিক কোন পরিষেবা দেওয়া হয়েছে এবং কোন খরচ আইনসঙ্গতভাবে কেটে রাখা যেতে পারে, তা প্রতিষ্ঠা না করে শুধু খরচ হয়েছে বলে সাধারণ দাবি তুলে পুরো ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করা যায় না।
সুতরাং, প্রস্তাবিত চিকিৎসা না দেওয়ার পরেও টাকা ফেরতযোগ্য নয় বলে একটি ঢালাও শর্ত দেখিয়ে ক্লিনিক পুরো অর্থ রেখে দিতে পারে না বলে সিদ্ধান্ত নেয় কমিশন।
ক্লিনিককে অভিযোগকারীর দেওয়া ৪০ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন রক্ত ও থাইরয়েড পরীক্ষা এবং মানসিক যন্ত্রণার জন্য আরও ২০ হাজার টাকা দিতে বলা হয়েছে। মামলার খরচ বাবদ দিতে হবে আরও ৫ হাজার টাকা।
এই রায়ের তাৎপর্য হল, যে মূল পরিষেবার জন্য টাকা নেওয়া হয়েছে, সেটি দেওয়া না হলে কেবল ‘টাকা ফেরতযোগ্য নয়’ শর্ত দেখিয়ে পরিষেবা প্রদানকারী স্বয়ংক্রিয়ভাবে পুরো অর্থ বাজেয়াপ্ত করতে পারে না।
উপভোক্তা-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপভোক্তা হেল্পলাইনে অথবা জাতীয় উপভোক্তা হেল্পলাইনের ১৯১৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।