এক মহিলার সপ্তম প্রাক্তন স্বামীর বিরুদ্ধে দায়ের করা নির্যাতন, মারধর ও ভয় দেখানোর মামলা খারিজ করল কর্নাটক হাই কোর্ট। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর প্রাক্তন স্ত্রী পরিবারে অশান্তি সৃষ্টি করতেন, মামলা দায়ের করতেন এবং পরে টাকার বিনিময়ে আপস করতেন। তাঁর দাবি, ওই মহিলা ন’বার বিয়ে করেছেন।

রাজা হুসেনের আবেদন মঞ্জুর করে বিচারপতি এম নাগপ্রসন্ন ৪ নভেম্বরের আদেশে বলেন, “বর্তমান মামলা দায়েরের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগগুলি একসঙ্গে বিবেচনা করলে আবেদনকারীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যে, অন্য কোনও উদ্দেশ্য সাধনের জন্যই ফৌজদারি কার্যক্রম শুরু করা হয়েছে।”

২০২২ সালে হুসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। বিবাহিত মহিলার উপর নির্যাতন, স্বেচ্ছায় আঘাত করা, অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো অপরাধ-সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলাটি করা হয়।

দু’পক্ষের বক্তব্য

মামলা খারিজের আর্জি জানিয়ে হুসেন দাবি করেন, তাঁর প্রাক্তন স্ত্রীর একাধিক বিয়ের ইতিহাস রয়েছে। তাঁর অভিযোগ, ওই মহিলা পরিবারে বিভেদ তৈরি করতেন, মামলা করতেন এবং পরে টাকার বিনিময়ে মীমাংসা করতেন। হুসেনের দাবি, ৩০ বছর বয়সি ওই মহিলা ন’বার বিয়ে করেছেন এবং প্রতিটি সম্পর্কেই একই ধরনের আচরণ করেছেন।

মামলা খারিজের আবেদনের বিরোধিতা করেন ওই মহিলা। তাঁর বক্তব্য, পণের দাবিতে হুসেন যে নির্যাতন করেছেন, তার পক্ষে প্রচুর তথ্যপ্রমাণ রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করা উচিত নয়। অতীতে একাধিকবার বিয়ে করার কথা অবশ্য স্বীকার করেন তিনি।

‘একই ঘটনার পুনরাবৃত্তি’, পর্যবেক্ষণ আদালতের

অভিযোগকারিণীর বৈবাহিক ইতিহাসের উল্লেখ করে আদালত তার আদেশে বলে, “এতে বিয়ে, দাম্পত্য কলহ, ফৌজদারি মামলা দায়ের এবং শেষ পর্যন্ত আপস-মীমাংসার মাধ্যমে সেই মামলার নিষ্পত্তির একটি পুনরাবৃত্ত ধারা দেখা যাচ্ছে।”

তবে আদালত স্পষ্ট করে দেয়, কোনও ব্যক্তির বৈবাহিক ইতিহাস যতই অস্বাভাবিক মনে হোক না কেন, শুধু তার ভিত্তিতে কোনও অপরাধের অভিযোগ অবিশ্বাস করার আইনি ভিত্তি তৈরি হয় না।

আদালত বলে, “কোনও ব্যক্তি কতবার বিয়ে করেছেন, শুধু সেই সংখ্যা দিয়ে তাঁর চরিত্রকে দোষারোপ করা যায় না, কিংবা তিনি অপরাধমূলক আচরণ করেছেন বলে ধরে নেওয়া যায় না। একইভাবে, কোনও মহিলা তাঁর প্রাক্তন স্বামীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন বলেই, আর কোনও ভিত্তি ছাড়া, তাঁর পরবর্তী অভিযোগকে বিবেচনার অযোগ্য বলা যায় না। প্রতিটি অভিযোগের গ্রহণযোগ্যতা নির্ধারিত হতে হবে সেই অভিযোগের নিজস্ব বক্তব্য এবং তার সমর্থনে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতে।”

আদালত আরও জানায়, “আবেদনকারী অতীতের যে আচরণের উপর নির্ভর করছেন, তা প্রেক্ষাপট বুঝতে সাহায্য করতে পারে। কিন্তু অভিযোগে উল্লিখিত অপরাধগুলি প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে কি না, তা পরীক্ষা করার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, অতীতের আচরণ সেই পরীক্ষার বিকল্প হতে পারে না।”

শেষ পর্যন্ত চার্জশিটের উপাদান এবং অভিযোগপত্র বিবেচনা করে হুসেনের আবেদন মঞ্জুর করে আদালত। তার পর্যবেক্ষণ, “অভিযোগগুলি সুনির্দিষ্ট বিবরণহীন ও ঢালাও বলেই মনে হচ্ছে। ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার জন্য যে নির্দিষ্ট তথ্যগত ভিত্তি প্রয়োজন, তা এগুলিতে নেই।”