শুক্রবার লখনউয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজেপির জেলা সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর লক্ষ্যমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী। সূত্রের খবর, আগামী এক মাস দল ‘অন্য কোনও কর্মসূচি হাতে নেবে না’; পুরো মনোযোগ দেওয়া হবে ভোটার তালিকা সংশোধনের কাজে। এক নেতার কথায়, “৪০ লক্ষ থেকে ৮০ লক্ষ ভোটারের নামও যদি আমরা ফেরাতে পারি, তা হলেই যথেষ্ট হবে।”

বৈঠকের আলোচনা সম্পর্কে অবহিত নেতারা জানান, এই যোগ্য ভোটারদের নাম তালিকায় ফেরানোর জন্য আগামী এক মাসকে আদিত্যনাথ ‘অন্তিম সুযোগ’ বলে বর্ণনা করেছেন। তাঁর জোরালো নির্দেশ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছে ১৭ নভেম্বর। দাবি ও আপত্তি জানানোর সময়সীমা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ২০২৭ সালের ৪ জানুয়ারি।

কারা বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তা চিহ্নিত করতে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাপ্রাপকদের তালিকার সঙ্গে বিধানসভার ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা তৈরি করে ভারতের নির্বাচন কমিশন। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের তালিকা তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন।

বিজেপি নেতৃত্বের উদ্বেগের কারণ হল, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে দল একাধিক আসনে মাত্র দেড় হাজার থেকে তিন হাজার ভোটের ব্যবধানে জিতেছিল। সূত্রের বক্তব্য, ওই সব কেন্দ্রে ভোটারসংখ্যা পাঁচ হাজার থেকে দশ হাজারও কমে গেলে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ বদলে যেতে পারে।

সূত্রের খবর, বৈঠকে মৌর্য বলেন, ২০১৭ সালে বিজেপি ও সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ১ কোটি ৫৫ লক্ষ। ২০২২ সালে তা কমে হয় ৮৫ লক্ষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর তুলে ধরা সংখ্যাটি দলের উদ্বেগ বাড়িয়েছে।

এক প্রবীণ বিজেপি নেতা বলেন, “১ কোটি ২৭ লক্ষ নামের হিসাব ধরলে, বিধানসভা কেন্দ্রপিছু গড়ে ৩১ হাজার ৫১৩ জন ভোটারের নাম বাদ পড়েছে। এটি উল্লেখযোগ্য সংখ্যা। তাই বাদ পড়া যোগ্য ভোটারদের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রপিছু গড়ে ১০ হাজার থেকে ২৫ হাজার নাম তালিকায় ফেরানোর লক্ষ্য নিয়েছে দল।”

বিজেপি কী করতে চায়

সূত্র জানাচ্ছে, রাজ্যের মধ্যে অন্য বিধানসভা কেন্দ্রে চলে গিয়েছেন অথবা অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন, এমন ভোটারদের উপর বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পাশাপাশি, আরও বেশি মহিলা ও তরুণ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করার উপরও জোর দেওয়া হবে।

বিজেপির এক পদাধিকারী বলেন, “এসআইআর চলাকালীন শহরের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাঁদের নাম গ্রামের ঠিকানায় স্থানান্তর করতে চেয়েছিলেন। এতে শহরাঞ্চলে দলের সমস্যা তৈরি হয়েছে। অথচ শহরই বরাবর আমাদের শক্ত ঘাঁটি। আমরা ওই ভোটারদের সঙ্গে কথা বলব এবং শহরের কেন্দ্রগুলিতে নাম ফিরিয়ে আনতে ফর্ম পূরণে সাহায্য করব। একই ভাবে, যাঁরা অন্য রাজ্যে চলে গিয়ে সেখানকার ভোটার তালিকায় নাম তুলেছেন, তাঁদেরও উত্তরপ্রদেশে নাম ফিরিয়ে আনার অনুরোধ করা হবে।”

তাঁর কথায়, “বর্তমান ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষের অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা ৮৩৪। দলের মূল্যায়ন, এসআইআর চলাকালীন বহু মহিলা বাদ পড়েছেন অথবা নানা কারণে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁরা যোগ্য হলে দল তাঁদের নাম তুলতে সাহায্য করবে।”

ওই নেতা আরও বলেন, “মুসলিম-প্রধান যে আসনগুলিতে আমরা কখনও জিতি না, সেখানে দল খুব বেশি নজর দেবে না। যে সব কেন্দ্রে এসআইআর-এর সময় বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে এবং তাঁদের নাম ফেরানো গেলে আমাদের জেতার সম্ভাবনা রয়েছে, সেখানেই কর্মীদের মোতায়েন করা হবে।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, “তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে কৌশল নিয়ে আলোচনার জন্য ১৯ নভেম্বরের মধ্যে জেলা ও বিধানসভা কেন্দ্রস্তরের বৈঠক করবে বিজেপি। ২০ নভেম্বর থেকে আমাদের নেতা ও বুথস্তরের এজেন্টরা বুথে বুথে পৌঁছে যাবেন।”

৮ নভেম্বর সম্প্রচারিত ‘আজ তক পঞ্চায়েত’ অনুষ্ঠানে আদিত্যনাথ বলেছিলেন, পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর-এর সময় নির্বাচন কমিশনের তৈরি তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম উধাও হয়ে যাওয়ার বিষয়ে বিজেপি কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এই নামগুলি কী ভাবে উধাও হয়ে গেল? এর পিছনে কারা ছিল? এমন ভোটার রয়েছেন ৬৬ লক্ষ। আরও ৫৫ লক্ষ হিন্দু ভোটার সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অথচ ভোটার তালিকায় তাঁদের নাম নেই। আর ১৮–১৯ বছর বয়সি সাড়ে চার লক্ষ ভোটারের নামও তালিকায় নেই।”

কী এই সংশোধন প্রক্রিয়া

বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসএসআর প্রক্রিয়ায় নতুন করে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিদের নাম চালু তালিকায় যুক্ত করা হয়। যাঁরা মারা গিয়েছেন অথবা অন্যত্র চলে গিয়েছেন, তাঁদের নাম বাদ দেওয়া হয়। প্রত্যেক লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে এবং প্রতি বছর এই প্রক্রিয়া চলে। বয়সের যোগ্যতা নির্ধারণের তারিখ ধরা হয় ১ জানুয়ারি। অর্থাৎ, ওই তারিখের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরা এসএসআর-এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার যোগ্য।

গত মাসে নির্বাচন কমিশন ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতা নির্ধারণের তারিখ ধরে এসএসআর-এর সময়সূচি ঘোষণা করেছে। ২০২৫ ও ২০২৬ সালে যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পন্ন হয়েছে, সেখানে এই সংশোধন হবে। অসমেও হবে এসএসআর; সেখানে কমিশন এসআইআর না করার সিদ্ধান্ত নিয়েছিল।

উত্তরপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছিল ২০২৫ সালের ২৭ অক্টোবর। শেষ হয় এ বছরের ১০ এপ্রিল। এসআইআর শুরুর আগে রাজ্যে ভোটার ছিলেন ১৫ কোটি ৪৪ লক্ষ। প্রক্রিয়া শেষে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৩ কোটি ৩৯ লক্ষ।

চলতি মাসের গোড়ায় জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা এবং বিধানসভার তালিকায় গ্রামীণ ভোটারের সংখ্যার মধ্যে প্রায় ২ কোটি ৪০ লক্ষের ফারাক ধরা পড়েছে। এর পরে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, পঞ্চায়েত ও পুরসভার ভোটার তালিকার সঙ্গে বিধানসভার ভোটার তালিকা মিলিয়ে দেখতে।