শরদ পওয়ার তাঁর স্মৃতিকথা ‘লোক মাঝে সাঙ্গাতি’-তে লিখেছেন, বিদেশে জন্মানোর প্রসঙ্গটি সোনিয়া গান্ধী নিজেই তুলেছিলেন। নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনার উপর তার কী প্রভাব পড়তে পারে, তা বিচার করতে বলেছিলেন সহকর্মীদের।

সোনিয়ার স্মৃতিকথায় অবশ্য ঘটনাটি অন্য ভাবে এসেছে। তিনি লিখেছেন, ১৯৯৯ সালের মে মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তিন সহকর্মীর যৌথ স্বাক্ষর করা একটি চিঠি পান তিনি। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন শরদ পওয়ার। চিঠিতে বলা হয়েছিল, বিদেশে জন্মেছেন বলে তিনি ভারতের কোনও উচ্চপদে অধিষ্ঠিত হতে পারেন না। কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বৈঠকেও বিষয়টি ওঠে।

সোনিয়ার কথায়, “আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বৈঠক ছেড়ে বেরিয়ে আসি। পদ আর ক্ষমতা দখল করতে আমি রাজনীতিতে আসিনি। এই সহকর্মীদেরই কেউ কেউ আমাকে রাজনীতিতে যোগ দিতে অনুরোধ করেছিলেন। আর এখন তাঁরাই আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছিলেন… কোনও পদে বসার প্রশ্নটি আমাকে আঘাত করেনি; আমাকে আঘাত করেছিল ভারতের প্রতি আমার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা।”

এর পর ওয়ার্কিং কমিটিকে পদত্যাগপত্র দেন সোনিয়া। তাঁর কথায়, তাতে “আলোড়ন পড়ে যায়”।

তিনি লিখেছেন, “দেশের নানা প্রান্ত থেকে দলে দলে কর্মীরা এসে আমার বাড়ি ঘিরে ফেলেন। পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার জন্য অনুনয় করতে থাকেন। কেউ কাঁদছিলেন, কেউ এমন পরিস্থিতি তৈরি করছিলেন যে অস্বস্তিতে পড়তে হচ্ছিল। সেই চাপ এবং গোটা ওয়ার্কিং কমিটির অনুরোধ আমাকে আত্মসমীক্ষায় বাধ্য করল: যে দায়িত্ব আমি নিয়েছি, তার কী হবে? আমার আহত অনুভূতি কি দলের প্রতি আমার অঙ্গীকারের চেয়েও বড়? আমি দায়িত্বে থেকে যেতে রাজি হলাম।”

সোনিয়ার বয়ান অনুযায়ী, এর পর ওয়ার্কিং কমিটি নিখিল ভারত কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন ডেকে পওয়ার-সহ তিন নেতাকে সাসপেন্ড করে। অন্য দু’জন ছিলেন পি এ সাংমা এবং তারিক আনোয়ার। পরে কংগ্রেস ছেড়ে বেরিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি গঠন করেন পওয়ার।

তিনি আরও লিখেছেন, “মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আমরা আলাদা ভাবে, পরস্পরের বিরুদ্ধে লড়েছিলাম। কিন্তু ফলাফল দেখিয়ে দিল, আমাদের অভিন্ন প্রতিপক্ষকে হারাতে হলে হাত মেলাতে হবে, জোটসঙ্গী হিসেবে একসঙ্গে কাজ করতে হবে। সেই সময়ে সিদ্ধান্তটি মেনে নেওয়া ছিল তেতো বড়ি গেলার মতো। কিন্তু একসঙ্গে আমরা মহারাষ্ট্রে জোট সরকার গড়তে পেরেছিলাম। আর তার পর থেকে আমাদের জোট টিকে রয়েছে।”

শরদ পওয়ারের বয়ান

পওয়ারের রাজনৈতিক আত্মজীবনী ‘লোক মাঝে সাঙ্গাতি’ প্রকাশিত হয় ২০১৫ সালে। বইটি লেখা হয়েছিল মরাঠি ভাষায়। সোনিয়াকে রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে পওয়ার লিখেছেন, সীতারাম কেশরির নেতৃত্বে কংগ্রেস যখন ধুঁকছে, তখন তিনি, এ কে অ্যান্টনি এবং গুলাম নবি আজাদ সোনিয়ার ১০ জনপথের বাড়িতে গিয়েছিলেন। তাঁরা সোনিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানান।

পওয়ারের বক্তব্য, পি সি আলেকজান্ডারও যুক্তি দিয়েছিলেন, গান্ধী পরিবারই কংগ্রেসকে একসূত্রে ধরে রাখার শক্তি। দলকে ঐক্যবদ্ধ রাখতে ওই পরিবারের কোনও সদস্যকে সামনে নিয়ে আসা প্রয়োজন।

১৯৯৭ সালের ২৭ ডিসেম্বর রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন সোনিয়া। ১৯৯৮ সালের ১৪ মার্চ কেশরিকে সরিয়ে দেওয়ার পর তিনি কংগ্রেস সভানেত্রী হন। পওয়ার লিখেছেন, সোনিয়ার আগমনে দলের কর্মীদের মধ্যে উৎসাহ ফিরে এসেছিল। কংগ্রেস থেকে দূরে সরে যাওয়া মুসলিম ও দলিত ভোটারদের একাংশের আস্থাও ফিরতে শুরু করেছিল। যদিও লোকসভায় দলের আসনসংখ্যা বেড়েছিল সামান্যই—১৯৯৬ সালের ১৪০ থেকে ১৯৯৮ সালের নির্বাচনে ১৪১।

পওয়ার লিখেছেন, প্রথম দিকে সোনিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। কিন্তু সোনিয়া দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে মতপার্থক্য দেখা দিতে থাকে। তাঁর অভিযোগ, সোনিয়া ক্রমশ অল্প কয়েক জন উপদেষ্টার উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। দলে পওয়ারের অবস্থান নিয়ে এই উপদেষ্টারা অস্বস্তিতে ছিলেন। গান্ধী পরিবারের সঙ্গে অতীতে তাঁর মতবিরোধের কথাও তাঁরা সোনিয়াকে মনে করিয়ে দিতেন।

লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে তাঁর কর্তৃত্ব খর্ব করা হয়েছিল বলে মনে হয়েছিল পওয়ারের। এর দু’টি উদাহরণ দিয়েছেন তিনি।

প্রথমটি, কংগ্রেস সংসদীয় দলের গঠনতন্ত্রে সংশোধন। সেই সংশোধনের ফলে সংসদের কোনও কক্ষের সদস্য না হয়েও কোনও ব্যক্তির সংসদীয় দলের নেতা হওয়ার সুযোগ তৈরি হয়। পওয়ারের বক্তব্য, সোনিয়াকে ওই পদে বসানোর সুবিধা করে দিতেই সংশোধনটি করা হয়েছিল।

সংসদীয় কমিটিগুলিতে সদস্য মনোনয়ন নিয়েও একটি বিরোধের কথা জানিয়েছেন তিনি। পওয়ারের বয়ান অনুযায়ী, সোনিয়ার অনুমোদন নিয়ে তিনি একটি নামের তালিকা জমা দিয়েছিলেন। কিন্তু তার পর দলের মুখ্য সচেতক অন্য নাম দিয়ে দ্বিতীয় একটি তালিকা পাঠান। পওয়ার সোনিয়াকে দ্বিতীয় তালিকাটি প্রত্যাহার করানোর অনুরোধ জানালে, সোনিয়া উল্টে তাঁকেই নিজের তালিকাটি তুলে নিতে বলেন।

মতপার্থক্য চরমে পৌঁছয় ১৯৯৯ সালের ১৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। পওয়ারের বক্তব্য, সোনিয়া একটি কাগজ বের করে পড়ে শোনান: “আমার জন্ম বিদেশে। নির্বাচনী প্রচারে যদি এটি একটি ইস্যু হয়ে ওঠে, তা হলে দলের ফলাফলের উপর তার কী প্রভাব পড়তে পারে, আমাদের সবাইকে মিলে তা বিবেচনা করতে হবে।”

পওয়ার স্মরণ করেছেন, অর্জুন সিংহ, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ এবং অম্বিকা সোনি সোনিয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু পি এ সাংমা সতর্ক করে বলেন, নির্বাচনী প্রচারে বিজেপি এই প্রসঙ্গ তুলবে। কংগ্রেসকে তার জবাব তৈরি রাখতে হবে। তারিক আনোয়ার সাংমার সঙ্গে একমত হন।

পওয়ার লিখেছেন, কংগ্রেসে গান্ধী পরিবারের অবদান স্বীকার করেও তিনি সাংমার সঙ্গে একমত হয়েছিলেন যে, রাজনৈতিক প্রতিপক্ষ সোনিয়ার বিদেশে জন্মের প্রসঙ্গ অবশ্যই তুলবে।

এ প্রসঙ্গে মুম্বই বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন পওয়ার। সেখানে এক তরুণী ছাত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন: “১০০ কোটি মানুষের দেশে কংগ্রেস কি এমন এক জন নেতাও খুঁজে পায় না, যাঁর জন্ম ভারতে?”

পওয়ারের বক্তব্য ছিল, এই প্রশ্ন থেকেই বোঝা যায়, বিষয়টি সাধারণ মানুষের ভাবনায় ঢুকে পড়েছে।

সোনিয়াকে তিনি, সাংমা ও আনোয়ার যে চিঠি পাঠিয়েছিলেন, সেটিও বইয়ে তুলে দিয়েছেন পওয়ার। চিঠিতে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সোনিয়ার ভূমিকার প্রশংসা করা হয়েছিল। স্বীকার করা হয়েছিল, তিনি ভারতকে নিজের দেশ হিসেবে গ্রহণ করেছেন এবং এ দেশেরই এক জন হয়ে উঠেছেন।

তবে চিঠিতে যুক্তি দেওয়া হয়, বিদেশে জন্মের বিষয়টি নিছক বিজেপির প্রচার নয়। প্রস্তাব দেওয়া হয়, কংগ্রেস যেন সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি দেয়, যাতে কেবল ভারতে জন্মেছেন এমন ব্যক্তিরাই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারেন।

চিঠিতে স্বাক্ষর করেছিলেন পি এ সাংমা, তারিক আনোয়ার এবং শরদ পওয়ার। এর পর কংগ্রেস ওই তিন নেতাকে ছ’বছরের জন্য বহিষ্কার করে। পওয়ারের অভিযোগ, দলে তাঁর ক্রমবর্ধমান প্রভাবের কারণে অর্জুন সিংহই তাঁদের সাসপেনশনের নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন। পরে সাংমা ও আনোয়ারকে সঙ্গে নিয়ে ১৯৯৯ সালের ১০ জুন এনসিপি গঠন করেন তিনি।

সম্পর্কের নানা চড়াই-উতরাই

রাজনীতিতে পরিস্থিতি ও প্রয়োজনই সিদ্ধান্ত নির্ধারণ করে। কংগ্রেস থেকে পওয়ারের বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই তাঁর তৈরি এনসিপি সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলায়। ১৯৯৯ সালের বিধানসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে গড়ে ওঠে দুই দলের জোট সরকার।

২০০৪ সালে জাতীয় স্তরেও একসঙ্গে আসে দুই দল। কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ-তে যোগ দেয় এনসিপি। মনমোহন সিংহের সরকারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হন পওয়ার।

এনডিএ ক্ষমতায় আসার পরবর্তী সময়ে কংগ্রেস ও এনসিপি ‘ইন্ডিয়া’ জোটেও একসঙ্গে আসে। পরে অজিত পওয়ারের বিদ্রোহে এনসিপি ভেঙে যায়। বিভাজনের পর শরদ পওয়ারের নেতৃত্বাধীন অংশ কংগ্রেসের জোটসঙ্গী হিসেবেই রয়ে গিয়েছে। অন্য দিকে, বিদ্রোহী অংশ এনডিএ-তে যোগ দিয়েছে এবং মহারাষ্ট্র সরকারের শরিক হয়েছে।