মহারাষ্ট্রের জলগাঁও জেলার ভুসাওয়াল বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ১৮৬ জনের নামে ডাকযোগে ফর্ম ৭ জমা পড়েছিল। প্রথমে অভিযোগ উঠেছিল, এ ভাবে ১৪,৫৬২ জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। পরে সরকারি তদন্ত রিপোর্টে জানানো হয়, মোট আপত্তির সংখ্যা ১৪,৫৬৭। সরেজমিনে যাচাই করে প্রশাসন দেখেছে, মাত্র ৭৪ জনের নাম বাদ দেওয়ার কারণ রয়েছে। এই কেন্দ্রের বিধায়ক বিজেপির সঞ্জয় সাভকারে, মহারাষ্ট্রের বস্ত্রমন্ত্রী।
ভোটার তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানাতে বা তালিকায় থাকা কোনও নাম বাদ দেওয়ার আবেদন করতে ফর্ম ৭ ব্যবহার করা হয়। তদন্ত রিপোর্ট অনুযায়ী, বিরোধী কংগ্রেস বিষয়টি উত্থাপন করার পর ১৮৬ জন আপত্তিকারীর মধ্যে অন্তত ২১ জন লিখিতভাবে স্বেচ্ছায় মোট ২,৫৩২টি আপত্তি প্রত্যাহার করেন। এতগুলি আবেদন কী উদ্দেশ্যে জমা পড়েছিল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
রিপোর্টে বলা হয়েছে, বাকি আবেদনগুলির ক্ষেত্রে আপত্তিকারীদের প্রত্যেককে আলাদা করে নোটিস পাঠানো হয়। আপত্তির সপক্ষে প্রমাণ চেয়ে ৫ নভেম্বর সংবাদপত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারেরা (বিএলও) এলাকায় গিয়ে প্রতিটি আবেদন খতিয়ে দেখেন। তার ভিত্তিতে ৭৪ জনের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি আপত্তিগুলিরও নিষ্পত্তি হয়েছে।
মহকুমা আধিকারিক তথা ভোটার নিবন্ধন আধিকারিকের ১৭ নভেম্বরের আদেশে বলা হয়েছে, নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে ১৪,৫৬৭টি আপত্তিরই নিষ্পত্তি করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, “যাঁরা অসৎ উদ্দেশ্যে আপত্তি দাখিল করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ভুসাওয়ালে প্রথম বিষয়টি নজরে আনেন কংগ্রেসের স্থানীয় বুথ লেভেল এজেন্ট (বিএলএ) মুনাওয়ার খান। একসঙ্গে এত ফর্ম কেন গ্রহণ করা হল এবং এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
খান বলেন, “একসঙ্গে এত আবেদন জমা পড়ার কথা আমি জানানোর পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। যাচাই শুরু হয়। যাঁদের নামে আপত্তি জমা পড়েছিল, আমরা তাঁদেরও খুঁজে বার করি। তাঁদের অনেকেই বলেছেন, তাঁরা ফর্ম ৭-এ সই করেননি। আমরা এর বিস্তারিত তদন্ত চাই।”
একসঙ্গে বহু ফর্ম ৭ জমা পড়ায় ভোটারদের ‘অকারণে হয়রানি’ হচ্ছে বলে গত অক্টোবরে আবেদনের সংখ্যায় সীমা বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের সময় দাবি ও আপত্তি জানানোর পর্বে একজন সর্বাধিক ১০টি ফর্ম ৭ জমা দিতে পারেন। অনলাইন ও অফলাইন, দুই ক্ষেত্রেই এই সীমা প্রযোজ্য। বছরের অন্য সময়ে তালিকা হালনাগাদের কাজ চলাকালীন একজন মাসে সর্বাধিক পাঁচটি আবেদন করতে পারেন।
মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “ভুসাওয়ালে ফর্মগুলি এসেছিল ডাকযোগে। জমা নেওয়ার সময় কে আপত্তি জানাচ্ছেন, তা বোঝার উপায় ছিল না। তাই সব ফর্মই নেওয়া হয়েছিল। হাতে পাওয়ার পর আমরা নিয়ম মেনে সেগুলি যাচাই করেছি, শুনানি করেছি। অসৎ উদ্দেশ্যে দাখিল করা আপত্তিগুলি খারিজ হয়েছে। শেষ পর্যন্ত মাত্র ৭৪টি আপত্তি গৃহীত হয়েছে।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।