কলেজ স্ট্রিটে বইয়ের স্টল লক্ষ্য করে বোমা ছোড়া এবং হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে পথে নামল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। হাতে লেনিন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের বই নিয়ে হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ‘বই মিছিল’ করে এসএফআই, এআইডিএসও, আইসা-সহ ৮টি বাম ছাত্র সংগঠন। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, বইয়ের বিরুদ্ধে কোনো আক্রমণ বা হিংসার জবাব বইয়ের মাধ্যমেই দেওয়া হবে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও জ্ঞানচর্চা রক্ষায় তাঁরা আরও বেশি করে সংগঠিত হবেন।
বৃহস্পতিবারের সংঘর্ষ ও শনিবারের ‘বই মিছিল’
গত বৃহস্পতিবার সকালে পুলিশের অনুমতি নিয়ে কলেজ স্ট্রিটে ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির অঙ্গ হিসেবে বইয়ের দোকান বসিয়েছিল এসএফআই। এর পাল্টা হিসেবে এবিভিপি সদস্যরা সেখানে বামপন্থী বইয়ের স্টল না বসানোর দাবি তোলেন এবং কিছুটা দূরে দুটি টেবিল পেতে নিজেরাও বইয়ের দোকান দেন। অভিযোগ, সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এসএফআই সদস্যদের লক্ষ্য করে ইট, ডিম, জলের বোতল ও চকোলেট বোমা ছোড়া হয়।
এই ঘটনার প্রতিবাদেই শনিবার দুপুর দেড়টার পর হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বই হাতে মিছিল শুরু হয়। মিছিল শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ ও সভা করেন আন্দোলনকারীরা। এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “পরিকল্পিত ভাবে বইয়ের উপরে হামলা চালানোর ও বোমা মারার প্রতিবাদে মানুষ আজ রাস্তায় নেমেছে। এ ভাবে বইয়ের উপরে হামলা চালিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।” ওই সভা থেকেই ঘোষণা করা হয়, আগামী দিনে ফের ওই একই জায়গায় বইয়ের স্টল বসানো হবে।
ট্রাম রাস্তায় বসে বই পড়ে অভিনব প্রতিবাদ
শনিবারের এই প্রতিবাদ কর্মসূচিতে নজর কাড়েন মানিকতলার বাসিন্দা প্রৌঢ় শম্ভু সরকার। দু’দিন আগে যেখানে বোমা পড়েছিল, কলেজ স্ট্রিটের সেই ট্রাম রাস্তার ওপরেই বসে পড়ে তিনি ‘স্বামী বিবেকানন্দ, মার্ক্সবাদীদের দৃষ্টিতে’ বইটি পড়তে শুরু করেন। আদর্শগতভাবে বামপন্থী হলেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানান তিনি।
শম্ভু সরকার বলেন, “আমরা বাঙালি, স্বামী বিবেকানন্দকে যে ভাবে চিনি, সেই চেনা হঠাৎ কেউ বদলে দিতে পারবে না। ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ছোটভাই নিজে ছিলেন বামপন্থী। বাঙালি সে ইতিহাস জানে। তাই এই সময় বই পড়েই প্রতিবাদ করতে হবে।” স্বামীজির মাটিতে মার্কসবাদের স্থান নেই—এই ধারণাকে ভ্রান্ত বলে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের তত্ত্বাবধানে স্বামীজির পৈতৃক ভিটেয় ভূপেন্দ্রনাথ দত্তের বামপন্থী কার্যকলাপের যে নথি রক্ষিত রয়েছে, সেগুলিও কি তবে নষ্ট করা হবে? এই মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি রাস্তায় নেমেছেন বলে জানান।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।