পাখিদের মধ্যে বার্ড ফ্লুর মারাত্মক সংক্রমণ ঘটায় যে এইচ৫এন১ ভাইরাস, তার বিরুদ্ধে মুরগির জন্য দেশের প্রথম স্বদেশি টিকা তৈরি করলেন ভোপালের বিজ্ঞানীরা। তাঁরা ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেসের গবেষক। টিকার প্রতি ডোজের দাম মাত্র এক থেকে দুই টাকা।

শুক্রবার ভোপালে এক অনুষ্ঠানে টিকাটি জাতির উদ্দেশে উৎসর্গ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “এই টিকা ভারতের আত্মনির্ভরতার উদাহরণ। বার্ড ফ্লুতে একসঙ্গে বহু মুরগি মারা যায়। পোলট্রি খামারিদের বিপুল আর্থিক ক্ষতি হয়। দেশি টিকা ভারতে বার্ড ফ্লু নিয়ন্ত্রণের কাজ আরও জোরদার করবে, মুরগিকেও সুরক্ষা দেবে।”

দেশীয় প্রযুক্তিতে টিকা তৈরির গবেষণায় এই সাফল্যের ফলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমতে পারে। দাম কম হওয়ায় খামারিদের পক্ষেও মুরগিকে টিকা দেওয়া সহজ হতে পারে।

অনুষ্ঠানে প্রাণীর রোগ নিয়ে গবেষণার জন্য ৩০০ কোটি টাকার একটি অত্যাধুনিক গবেষণাগার গড়ার কথা ঘোষণা করেন চৌহান। তাঁর কথায়, ভোপালের এই প্রতিষ্ঠান ভারতের বৈজ্ঞানিক সামর্থ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রস্তাবিত গবেষণাগারটি তৈরি হলে প্রাণীর দেহে রোগ সৃষ্টিকারী উচ্চঝুঁকির জীবাণু নিয়ে গবেষণা ও টিকা তৈরির পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

টিকা তৈরির সঙ্গে যুক্ত আট বিজ্ঞানীর নিষ্ঠার প্রশংসা করেন কৃষিমন্ত্রী। গবেষকদলে ছিলেন ড. এস নাগরাজন, ড. মনোজ কুমার, ড. সি তোশ, ড. এইচ ভি মুরগকর, ড. অনিকেত সান্যাল, ড. সেন্থিল কুমার ডি, ড. নবীন কুমার ও ড. যোগীশারাধ্য আর। মন্ত্রী জানান, মাসের পর মাস তাঁরা সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিনেও কাজ করেছেন। জৈবসুরক্ষার কড়া বিধি মেনে গবেষণাগারে কাজের আগে ও পরে তাঁদের জীবাণুমুক্ত হওয়ার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হত। গবেষণা চলাকালীন বাড়িতে পোষ্য রাখা থেকেও তাঁদের বিরত থাকতে হয়েছিল।

চৌহান বলেন, গ্রামীণ পরিবারের নিয়মিত আয়ের বড় ভরসা গবাদি পশু ও হাঁস-মুরগি পালন। সরকারি হিসাব উদ্ধৃত করে তিনি জানান, ক্ষুরারোগ, লাম্পি স্কিন ডিজিজ, ব্রুসেলোসিস এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ মিলিয়ে দেশে বছরে প্রায় ৫৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

মন্ত্রী জানান, জাতীয় প্রাণীরোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে ক্ষুরারোগ প্রতিরোধে বিনামূল্যে ১৪৭.১৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ২০২২ সালে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাবের পরে দেশে ‘লাম্পি-প্রোভ্যাকইন্ড’ টিকা তৈরির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে কংগ্রেসকেও আক্রমণ করেন চৌহান। রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, “যাঁরা বিদেশে গিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, বিজ্ঞানী ও সেনাবাহিনীর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের ভারতের এই সাফল্য দেখা উচিত। আজকের আত্মনির্ভর ও উন্নত ভারতকে গোটা বিশ্ব দেখুক। দেশের সামর্থ্যকে ছোট করে দেখার পাপ যেন আমরা না করি।”