ট্রেনের কামরায় চড়া গলায় ফোনে কথা বলা বা মোবাইলের স্পিকারে গান বাজানো সহযাত্রীদের কাছে উপদ্রব হয়ে উঠলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। রেল বোর্ডের নির্দেশে শুক্রবার পূর্ব রেল তার সব ডিভিশনকে স্টেশনে ও ট্রেনের কামরায় শব্দের এমন উৎপাত বন্ধ করতে বলেছে।

এক বিবৃতিতে পূর্ব রেল যাত্রীদের অনুরোধ করেছে, মোবাইলের স্পিকারে গান বা ভিডিয়ো চালাবেন না। ফোনে কথা বলার সময় গলা নিচু রাখুন, দীর্ঘক্ষণ কথা বলাও এড়িয়ে চলুন। রিংটোনের আওয়াজ কমিয়ে রাখুন। পূর্ব রেলের বক্তব্য, এ সব কারণে সহযাত্রীদের অসুবিধা হয়, বিশেষ করে শীতাতপনিয়ন্ত্রিত কামরায়।

পূর্ব রেল জানিয়েছে, কোনও যাত্রীর আচরণ উপদ্রবের পর্যায়ে পৌঁছলে ১৯৮৯ সালের সংশোধিত রেল আইনের ১৪৫ ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিবৃতিতে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, ছ’মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় শাস্তির কথা বলা হয়েছে। রেলের বাণিজ্য বিভাগের টিকিট পরীক্ষক বা তার চেয়ে উঁচু পদের কর্মীরা নিজেদের আইনসিদ্ধ ক্ষমতার আওতায় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

যাত্রীদের সচেতন করতে স্টেশনে আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করা হবে। যেখানে সম্ভব, ট্রেনের ভিতরেও ঘোষণা হবে। গান শোনা বা ভিডিয়ো দেখার সময় ইয়ারফোন ব্যবহার করতে বলা হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার কিংবা রিংটোনের আওয়াজ কমিয়ে রাখার অনুরোধও জানানো হবে। স্টেশনে ও কামরায়, বিশেষ করে শীতাতপনিয়ন্ত্রিত কামরায়, যাত্রীদের চোখে পড়ে এমন জায়গায় নোটিস ও স্টিকার লাগানো হবে।

আইনে শাস্তির শর্ত। সংশোধিত ১৪৫(২) ধারায় উপদ্রব সৃষ্টির জন্য এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ক্ষমতাপ্রাপ্ত রেলকর্মী থামতে বলার পরও যাত্রী ওই আচরণ চালিয়ে গেলে ছ’মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। সে ক্ষেত্রে আদালত পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা কারাদণ্ড ও জরিমানা দুই-ই দিতে পারে।