জলের সুরক্ষা নিয়ে বিসলেরির বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে চলেছে এফএসএসএআই। তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। নমুনা সংগ্রহের সময়টাও নজর কাড়ছে, কারণ ঠিক তখনই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বোতলবন্দি জলের ব্যবসায় নামছিল।

দেশের শীর্ষ খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) সোমবার (২২ নভেম্বর) ন'টি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এর মধ্যে আছে দেশের বৃহত্তম বোতলবন্দি জল প্রস্তুতকারক বিসলেরির বিরুদ্ধে 'স্যাংশন অব প্রসিকিউশন', অর্থাৎ ফৌজদারি মামলা দায়েরের অনুমোদন।

খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর ৪২ নম্বর ধারায় এই অনুমোদনের কথা বলা আছে। কোনও অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার আগে খাদ্য সুরক্ষা কমিশনারের সরকারি সম্মতি লাগে। একেই বলে 'স্যাংশন অব প্রসিকিউশন'।

সম্প্রতি নতুন দফায় পরিদর্শন হয়েছে, নিয়ম মানা হচ্ছে কি না তা-ও যাচাই করা হয়েছে। তার পরেই এই পদক্ষেপ। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা এই রকম।

বিসলেরির বিরুদ্ধে অভিযোগ কী?
সমাজমাধ্যমে একটি পোস্টে এফএসএসএআই জানিয়েছে, এম/এস বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চত্বর থেকে 'প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার (মিনারেল ওয়াটার ব্যতীত)'-এর একটি নিয়ন্ত্রক নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, নমুনাটি 'ব্রোমেটের নির্ধারিত সীমা মানেনি'। তাই খাদ্য সুরক্ষা আইন, ২০০৬ অনুযায়ী সেটিকে 'অসুরক্ষিত' ঘোষণা করা হয়।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, "খাদ্য ব্যবসায়ী সংস্থা (এফবিও) আপিল করার পরে নমুনাটি রেফারাল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোমাটিক হাইড্রোকার্বন (পিএএইচ) পাওয়া যায়, তাই সেখানেও নমুনাটিকে অসুরক্ষিত ঘোষণা করা হয়। পরীক্ষাগারের ফলে প্রমাণিত হয়েছে যে খাদ্য সুরক্ষা আইন, ২০০৬-এর অসুরক্ষিত খাদ্য সংক্রান্ত নিয়ম ভাঙা হয়েছে। এম/এস বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এই আইনে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।"

ব্রোমেট আর পিএএইচ কতটা বিপজ্জনক?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, প্রকৃতির অপরিশোধিত জলে সাধারণত বেশি মাত্রায় ব্রোমেট থাকে না। পানীয় জল পরিশোধনের সময় জীবাণু মারার প্রক্রিয়ায় উপজাত হিসেবেই এই রাসায়নিক যৌগটি মূলত তৈরি হয়।

ব্রোমেটের সংস্পর্শে এলে নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি থাকে। তাৎক্ষণিক বিষক্রিয়া হতে পারে, আবার দীর্ঘ মেয়াদে ক্যানসারের আশঙ্কাও থাকে।

হু-র তথ্য অনুযায়ী, বেশি মাত্রায় ব্রোমেট পেটে গেলে পেটের তীব্র গোলমাল হয়: বমিভাব, বমি, পেটব্যথা আর ডায়েরিয়া। এ ছাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিস্তেজ হয়ে পড়তে পারে। হতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া, যাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। ফুসফুসে অতিরিক্ত জল জমে পালমোনারি ইডিমাও হতে পারে।

তীব্র বিষক্রিয়া গুরুতর হলে কিডনি চিরকালের মতো বিকল হয়ে যেতে পারে, শ্রবণশক্তিও চলে যেতে পারে। প্রাণীদের উপরে করা গবেষণায় দেখা গিয়েছে, বেশি ব্রোমেট খেলে কিডনি আর লিভারের মারাত্মক ক্ষতি হয়। রক্তে ইউরিয়া নাইট্রোজেন আর লিভার এনজ়াইমের মাত্রা অনেকটা বেড়ে যায়, কিডনির কলায় ক্ষতও দেখা দেয়।

পিএএইচ নিয়ে আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি জানাচ্ছে, এই রাসায়নিক কয়লা, অপরিশোধিত তেল আর পেট্রলে প্রাকৃতিক ভাবেই থাকে। কয়লা, তেল, গ্যাস, কাঠ, আবর্জনা বা তামাক পোড়ালেও পিএএইচ তৈরি হয়।

বিসলেরি কী বলছে?
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "সংবাদমাধ্যমের সাম্প্রতিক কিছু খবরে আমরা জেনেছি যে এফএসএসএআই বিসলেরিকে একটি নোটিস পাঠিয়েছে। বিষয়টি প্রায় ১৪ মাস আগের। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিসলেরির গোয়া কারখানায় তৈরি একটি ব্যাচ নিয়ে এই ঘটনা। আমাদের ১৪৩টি কারখানার একটি এই গোয়া ইউনিট।

"২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই গোয়া কারখানা থেকে ছ'টি নমুনা নেয়। প্রথম পরীক্ষায় পাঁচটি নমুনা সব প্রযোজ্য মান পূরণ করেছিল। ষষ্ঠটিতে ব্রোমেট মেলে প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম। নির্ধারিত সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম।"

২০২৫ সালের ২২ নভেম্বর বিসলেরি আপিল করে। তার পরে এফএসএসএআই নমুনাটি আবার পরীক্ষার জন্য রেফারাল ল্যাবরেটরিতে পাঠায়। সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। তবে সেই পরীক্ষায় নমুনায় আলাদা করে পিএএইচ ধরা পড়ে।

বিসলেরির বক্তব্য, দুই পরীক্ষার ফলে এই ফারাক প্রশ্ন তোলে এবং এর ব্যাখ্যা দরকার। তাই সংস্থাটি একই নমুনা এফএসএসএআই-অনুমোদিত একটি পরীক্ষাগারে আলাদা ভাবে পরীক্ষা করায়। সংস্থার দাবি, সেখানেও ব্রোমেট নির্ধারিত সীমার মধ্যেই ছিল।

সংস্থাটি জানিয়েছে, "২০২৬ সালের ২ ফেব্রুয়ারি আমরা একটি আনুষ্ঠানিক চিঠির সঙ্গে সেই পরীক্ষার ফল এফএসএসএআই-এর পশ্চিমাঞ্চলীয় দফতরে জমা দিই। তার পরে এফএসএসএআই আর কোনও যোগাযোগ করেনি। আমরা ধরে নিয়েছিলাম, বিষয়টি মিটে গিয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "আজ পর্যন্ত বিসলেরি ইমেলে বা কাগজে কোনও নোটিস পায়নি। এফএসএসএআই-এর ওয়েবসাইটেও খবরে বলা নোটিসটি আমরা খুঁজে পাইনি। পানীয় জলের সুরক্ষা বিসলেরির কাছে অগ্রাধিকার। আমাদের উৎপাদনে ১০টি ধাপ আছে, আর সেই প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষা করে আমরা কড়া গুণমান নিয়ন্ত্রণ বজায় রাখি। যথাযথ নিয়ন্ত্রক প্রক্রিয়ায় বিষয়টি মেটাতে আমরা এফএসএসএআই-এর সঙ্গে সহযোগিতা চালিয়ে যাব। বিসলেরি বহু বছর ধরে ভরসার ব্র্যান্ড, এবং এই জল খাওয়া সম্পূর্ণ নিরাপদ।"

পরিদর্শনের সময় নিয়ে প্রশ্ন
বিসলেরি বলছে, পদক্ষেপের ঘোষণা সোমবার হলেও ঘটনাটি গত বছরের। সংস্থার দাবি, গত কয়েক মাসে তারা কোনও নোটিস পায়নি। তাই তারা ধরে নিয়েছিল 'বিষয়টি মিটে গিয়েছে'।

নমুনা নেওয়া হয়েছিল এমন এক সময়ে, যখন এই শিল্পে বড় বদল চলছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এফএমসিজি শাখা রিলায়েন্স কনজ়িউমার প্রোডাক্টস ২০২৫ সালের অক্টোবরে 'ক্যাম্পা শিওর' নামে নতুন প্যাকেজড জল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছিল। নমুনা নেওয়া হয় তার মাত্র কয়েক দিন আগে। ক্যাম্পা শিওর বাজারে আনার দিন ঠিক হয়েছিল কেন্দ্রের ২২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের কয়েক দিন পরে। সেই সিদ্ধান্তে প্যাকেজড জলের উপরে কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। একাধিক পণ্যগোষ্ঠীর করের হার নতুন করে সাজানোর বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল এই সিদ্ধান্ত।

২০২৫ সালের জুনে রিলায়েন্স কনজ়িউমার প্রোডাক্টস জানিয়েছিল, পানীয় উৎপাদন বাড়াতে ১২ থেকে ১৫ মাসে তারা ৮,০০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে। ভারতের বোতলবন্দি জলের বাজার ৩০,০০০ কোটি টাকার। এই বাজারে দাপট পার্লে প্রোডাক্টসের বিসলেরি, কোকা-কোলার কিনলে আর পেপসিকোর অ্যাকোয়াফিনার মতো ব্র্যান্ডের।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে বিসলেরির বার্ষিক বিক্রি ছিল ৩৪৫.৩১ মিলিয়ন ডলার। গত বছর সংস্থাটি সংযুক্ত আরব আমিরশাহিতেও তাদের পণ্য বাজারে আনে। তখন তারা বলেছিল, "এই অঞ্চলে আমাদের ব্র্যান্ড চেনেন এমন প্রবাসী ভারতীয়ের সংখ্যা অনেক। তাই এখানে বাড়ার সম্ভাবনাও অনেক।"