জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন ও তাদের আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতে বড়সড় সাফল্য পেল পুলিশ। কাশ্মীরের সোপিয়ান জেলা থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT) এবং তার ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF)-কে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ডিজিটাল লেনদেন ও অনলাইন পেমেন্টের সন্দেহজনক হিসেব খতিয়ে দেখার পর এই চক্রটির সন্ধান মেলে। ধৃতরা হলেন—ওয়াইস সফি নাইকু, তাজামুল আহমেদ শাহ, মইজ ইকবাল, ইমদাদ ইউসুফ গনি, শাকিব জাহুর ওয়ানি, আমির আহমেদ গনি, ফিরদৌস ঠোকার, লিয়াকত নাজির লোন, মহম্মদ হানিফ এবং কাজু। তদন্তে প্রকাশ পেয়েছে যে, এরা বিভিন্ন অজুহাতে কাশ্মীর উপত্যকার সাধারণ বাসিন্দাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করত।
সংগৃহীত সেই অর্থ অনলাইন পেমেন্ট অ্যাপ ও বিভিন্ন উপায়ে জঙ্গি সংগঠনগুলির অ্যাকাউন্টে পাঠানো হতো। এমনকি এই টাকা ব্যবহার করে জঙ্গিদের জন্য একাধিক স্মার্টফোন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হতো এবং লভ্যাংশের একাংশ অভিযুক্তরা নিজেদের কাছে রাখত। সোপিয়ান পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও ইউএপিএ-র নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উপত্যকায় এই আর্থিক নেটওয়ার্কের জাল আর কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে লাগাতার তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।