অল্পের জন্য রক্ষা টাইগার শ্রফের, চালক-সহ আহত দুই; আটক এক সন্দেহভাজন। দ্রুত তদন্ত ও কড়া পদক্ষেপের নির্দেশ ফডণবীসের। চলচ্চিত্রজগতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অশোক পণ্ডিতের।
মুম্বই, ১৮ অক্টোবর: কাজ সেরে বেরোতেই গুলির শব্দ! রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় গুলিচালনার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা টাইগার শ্রফ। তবে এই হামলায় তাঁর গাড়িচালক ফিরদৌস-সহ দু’জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।
ডেপুটি পুলিশ কমিশনার মোহিত গর্গ জানিয়েছেন, সন্ধ্যা সাতটা নাগাদ কাজ শেষ করে ওই এলাকা থেকে বেরোচ্ছিলেন টাইগার। সেই সময়ই গুলিচালনার ঘটনা ঘটে। তাঁর গাড়িচালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লাগে। চৌহান নামে আরও এক ব্যক্তি আহত হন। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ দিকে, সমাজমাধ্যমে একটি অপরাধী চক্র এই হামলার দায় স্বীকার করে পোস্ট করেছে বলে খবর। যদিও ওই পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি গর্গ।
ঘটনার পরেই তৎপর হয় মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকে ফোন করে দ্রুত তদন্ত শেষ করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ‘দ্য হিন্দু’কে বলেন, “মুম্বইয়ের নাগরিকদের নিরাপদ রাখাই আমাদের অগ্রাধিকার। আমাদের চলচ্চিত্রজগৎকে ভয় দেখানোর চেষ্টা করছে যারা, তাদের কাউকে ছাড়া হবে না। এ বার তাদের ভাষাতেই তাদের জবাব দেওয়ার সময় এসেছে।”
তিনি আরও বলেন, “নয়ের দশকে মুম্বই অপরাধী গোষ্ঠীগুলির সংঘর্ষের যুগ দেখেছে। মুম্বই পুলিশ তা থামিয়েছিল। এ ধরনের অপরাধী চক্রকে আমরা বরদাস্ত করব না। ঘটনাটি দুর্ভাগ্যজনক।”
রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ও ফরেন্সিক দল। গুলিচালনার সূত্র খুঁজতে প্রমাণ সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা শুরু হয়েছে।
ফডণবীস ও শিন্ডে দু’জনেই টাইগার শ্রফের সঙ্গে কথা বলে তাঁকে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। রাজ্যে আইনভঙ্গকারীদের মনে আদৌ আইনের ভয় রয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছে তারা।
চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিতের বক্তব্যেও ধরা পড়েছে বলিউডের উদ্বেগ। ‘দ্য হিন্দু’কে তিনি বলেন, “এটা উদ্বেগের বিষয়। সাম্প্রতিক কয়েক মাসে এই নিয়ে দ্বিতীয় বার এমন গুলিচালনার ঘটনা ঘটল। কয়েক মাস আগেই রোহিত শেট্টির বাংলোয় গুলি চলেছিল। আজ যেখানে গুলি চলেছে, সেখান থেকে ওই বাংলো মাত্র দু’টি গলি দূরে।”
ঘটনাস্থলের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পণ্ডিত। তাঁর কথায়, জায়গাটি একটি স্কুলের কাছে খেলার মাঠ। সেখানে শিশু, প্রবীণ এবং তারকারা নিয়মিত যাতায়াত করেন।
তিনি আরও বলেন, “আমাদের চলচ্চিত্রজগতের তরফে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা সকলে শ্রফ পরিবারের পাশে আছি। তাঁর গাড়িচালকের সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি। একটা ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। কাল রাস্তায় যে কেউ যে কাউকে গুলি করতে পারে।”
মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পণ্ডিত বলেন, “তা না হলে সেই পুরনো দিন ফিরে আসবে, যখন আমাদের চলচ্চিত্রজগৎ আতঙ্কের মধ্যে দিন কাটাত।”