মধ্যপ্রদেশে রাজ্যসভার উপনির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে প্রার্থী করল বিজেপি। গত ৫ অক্টোবর উত্তরপ্রদেশের জন্য প্রকাশিত দলের রাজ্যসভা প্রার্থী তালিকায় পুরী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মার নাম ছিল না।
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে দলীয় সূত্রের বক্তব্য, রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জাতপাতের ভারসাম্য বজায় রাখা বিজেপি নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ ছিল। উত্তরপ্রদেশের প্রার্থী তালিকায় ছিলেন অন্যান্য অনগ্রসর শ্রেণির তিন জন, দু’জন ব্রাহ্মণ, দু’জন দলিত এবং এক জন ঠাকুর।
অন্যদিকে, দলীয় সূত্রের মতে, পুরী সরকারের অন্যতম যুক্তিনিষ্ঠ ও স্পষ্টবক্তা মন্ত্রী। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতার সমন্বয় তাঁকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই তাঁকে সরকারে রাখা প্রয়োজন বলে মনে করছে দল।
বিশ্বজুড়ে অস্থিরতা ও সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকার মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও পুরীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে ওই সূত্রগুলির দাবি। বিশেষ করে জ্বালানির সরবরাহের পথ সচল রাখতে তাঁর দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্র আরও মনে করিয়ে দিয়েছে, পুরীই কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিখ সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি। আগামী বছর পাঞ্জাবেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগামী ১২ নভেম্বরের রাজ্যসভা উপনির্বাচনে পুরীর অনায়াসে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।