ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বা ‘আমাকে যা খুশি প্রশ্ন করুন’ পর্বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, ১ নভেম্বর দুপুর ১২টায় মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে বিরোধী জোটের মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে রামলীলা ময়দানে।

এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গত দশ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী বেশ কয়েক বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তিগুলির অধিকাংশই ছিল ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত।

এদিকে, দিল্লিতে বৃষ্টির কারণে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ‘জনতার দরবারে ইমপিচমেন্ট’ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা শনিবার, ৩১ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার এক্স-এ কংগ্রেসের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, “অবিরাম বৃষ্টির কারণে ইন্ডিয়া জনবন্ধন আয়োজিত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জনতার ইমপিচমেন্ট কর্মসূচি আগামীকাল, ৩১ অক্টোবর, দুপুর আড়াইটেয় অনুষ্ঠিত হবে। এর পরে রবিবার, ১ নভেম্বর, হবে ‘চলো দিল্লি’ রামলীলা মিছিল।”

জয়রামের অভিযোগ, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যুগলের নির্দেশে জ্ঞানেশ কুমার যেভাবে প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ভারতের সংবিধানকে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত করেছেন, তাতে তাঁর বিদায়ের ক্ষণগণনা আরও দ্রুত হচ্ছে।”

বিরোধী জোটের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-ও। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বুধবার এক্স-এ একটি পোস্টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআরের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের সমাবেশে সমর্থন জানান। তাঁর পোস্টে লেখা ছিল, “জ্ঞানুকে যেতেই হবে!”