অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারির কথা ঘোষণা করল মার্কিন লাইফস্টাইল ব্র্যান্ড লন্ডন ফগ ওয়াচেস। ব্র্যান্ডের মুখ হিসেবে বিজ্ঞাপনে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ঘড়ি বিভাগের সহ-সৃজনশীল পরিচালক হিসেবে তিনি সংস্থার ডিজাইন দলের সঙ্গে কাজ করবেন। দু’পক্ষ মিলে সীমিত সংস্করণের একটি ঘড়ির সংগ্রহও তৈরি করবে।
লন্ডন ফগ ওয়াচেসের মালিক আইকনিক্স ইন্ডিয়া, যা আইকনিক্স ইন্টারন্যাশনাল ও রিলায়্যান্স ব্র্যান্ডসের যৌথ উদ্যোগ। ভারতে ব্র্যান্ডটির সহযোগী সংস্থা ব্র্যান্ডজস্টর্ম ইন্ডিয়া মার্কেটিং এই অংশীদারির কাজকর্ম দেখবে।
নতুন ঘড়ির নকশা, সংগ্রহগুলির সৃজনশীল পরিকল্পনা এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগের নানা উদ্যোগে অংশ নেবেন অর্জুন। সীমিত সংস্করণের সংগ্রহটির নকশা থেকে শুরু করে ঘড়িগুলি দেখতে কেমন হবে, তা ঠিক করতেও তাঁর ভূমিকা থাকবে। সংস্থার পরিকল্পনা, লন্ডন ফগের পরিচিত নকশার সঙ্গে অর্জুনের ব্যক্তিগত রুচির ছাপও থাকবে এই সংগ্রহে।
ব্র্যান্ডজস্টর্ম ইন্ডিয়া মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও উজ্জ্বল সরাফ বলেন, “আমরা চেয়েছিলাম, অর্জুনের সঙ্গে এই অংশীদারি প্রচলিত তারকা-প্রচারের গণ্ডি ছাড়াক। ব্র্যান্ডটি কী ভাবে গড়ে উঠবে, তাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকুক। স্টাইল, সংস্কৃতি আর আজকের ভারতীয় ক্রেতা সম্পর্কে তাঁর যে ধারণা, তা আমাদের সৃজনশীল পরিকল্পনা ও পণ্যের নকশায় নতুন দৃষ্টিভঙ্গি আনবে।”
সরাফ আরও বলেন, “ঘড়ি বিভাগের সহ-সৃজনশীল পরিচালক হিসেবে তাঁকে বেছে নেওয়ার উদ্দেশ্যও সেটাই। আমরা চাই, তাঁর ভাবনা আমাদের তৈরি পণ্যে এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ধরনে জায়গা পাক। আজ মানুষ কী ভাবে কেনাকাটা করেন, কী পরেন, কী ভাবে নিজের রুচির প্রকাশ ঘটান, সে সব মাথায় রেখেই ভারতে লন্ডন ফগ ওয়াচেসের এমন একটা নিজস্ব পরিচয় গড়ে তুলতে চাই, যাতে এই ব্র্যান্ডের ঘড়ি পরার ইচ্ছে হয়।”
অর্জুনের কথায়, “আমি বরাবরই মনে করি, ছোটখাটো যে জিনিসগুলি মানুষ নিজের মতো করে বেছে নেন, সেগুলিতেই তাঁর নিজস্ব স্টাইল ধরা পড়ে। হাতঘড়ি তেমনই একটা জিনিস। লন্ডন ফগ ওয়াচেসের নকশায় যে চিরায়ত ছাপ আছে, সেটা আমার ভাল লেগেছে। পণ্য তৈরি ও সৃজনশীল সিদ্ধান্তে নিজের মত দেওয়ার সুযোগ, সেই সঙ্গে ব্র্যান্ড কী ভাবে ক্রেতাদের কাছে পৌঁছবে, তা নিয়েও কাজ করতে পারব। এই জায়গাটাই আমাকে টেনেছে।”
তিনি আরও বলেন, “লন্ডন ফগ ওয়াচেসের নিজস্ব পরিচয় বজায় রেখে তার মধ্যে আমার রুচিটাও ফুটিয়ে তুলতে চাই। সীমিত সংস্করণের সংগ্রহটা সেই সুযোগ দিচ্ছে। খুঁটিনাটি ভেবে এমন কিছু তৈরি করতে চাই, যার আলাদা চেহারা থাকবে, যাতে আমার নিজের স্টাইলটাও চেনা যাবে।”
ভারতে ডিজিটাল মাধ্যম, বড় খুচরো বিপণি ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা বাড়াতে চায় লন্ডন ফগ ওয়াচেস। এই অংশীদারিকে ঘিরে সমাজমাধ্যম থেকে বিক্রয়কেন্দ্র পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রচার চালাবে সংস্থা। সেই প্রচারে দেখা যাবে অর্জুনকে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।