ফ্যাশন ব্যবসার রিয়্যালিটি শো ‘পিচ টু গেট রিচ’-এর দ্বিতীয় সিজনের সেটে করণ জোহর ও মালাইকা অরোরার সঙ্গে দেখা গেল জিনাত আমানকে। তার পর থেকেই জল্পনা, প্রবীণ অভিনেত্রী কি এ বার বিচারকের আসনে বসবেন, নাকি অতিথি পরামর্শদাতা হিসেবে হাজির হবেন? নতুন সিজনে তাঁর ভূমিকা নিয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

ভারতীয় সিনেমা ও জনপ্রিয় সংস্কৃতিতে জিনাতের প্রভাব দীর্ঘদিনের। ফ্যাশনেও একাধিক প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা। তাই এমন একটি অনুষ্ঠানের সেটে তাঁকে ঘিরে কৌতূহলও স্বাভাবিক। এখানে নবীন ডিজাইনার ও উদ্যোক্তারা নিজেদের সংগ্রহ দেখান, তাঁদের ব্র্যান্ডের স্বাতন্ত্র্য কোথায় তা বোঝান এবং বিনিয়োগ পাওয়ার জন্য ব্যবসার পরিকল্পনা তুলে ধরেন। জিনাত বিচারকমণ্ডলীতে যোগ দিলে প্রতিযোগীরা তাঁদের কাজ নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গিও জানতে পারবেন।

ফ্যাশন অন্ট্রেপ্রেনার ফান্ডের সহায়তায় তৈরি ‘পিচ টু গেট রিচ’ দেখা যায় জিওহটস্টারে। অনুষ্ঠানের উদ্দেশ্য, ফ্যাশন ও জীবনশৈলী ব্যবসায় নতুন উদ্যোগের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করা। বিনোদন, ফ্যাশন ও কর্পোরেট জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিদের সামনে নিজেদের ব্যবসার প্রস্তাব পেশ করেন উদ্যোক্তারা। প্রথম সিজনে বিচারকমণ্ডলীতে ছিলেন অক্ষয় কুমার, করণ জোহর, মণীশ মলহোত্র ও মালাইকা অরোরা। তাঁরা প্রতিযোগীদের প্রস্তাব বিচার করার পাশাপাশি ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন।

দ্বিতীয় সিজনে সম্ভাবনাময় দেশীয় ফ্যাশন ও জীবনশৈলী ব্যবসার জন্য বিনিয়োগের প্রতিশ্রুতি বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। নতুন সিজনের শুটিং চলছে। জিনাতকে কোনও বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে, নাকি গোটা সিজনেই তিনি পরামর্শদাতার দায়িত্ব পাবেন, তা এখনও স্পষ্ট নয়।