সমাজমাধ্যমে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে একটি পোস্টে অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অমিতাভ এবং দিল্লির এক ব্যবসায়ীর ওপর হামলার ছক কষা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। সেই তদন্তে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগ থাকার সন্দেহে দুই অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার কয়েক দিনের মধ্যেই এই পোস্ট প্রকাশ্যে এল। পোস্টটি সত্যিই ধিলোঁর কি না, বা তাতে করা দাবিগুলির সত্যতা কতটা, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পোস্টে দাবি করা হয়েছে, বিকাশ ঠাকুর ও দীপক সিংহ গ্রেপ্তার হলেও মুম্বইয়ে অমিতাভের ওপর হামলার পরিকল্পনায় কোনও বদল হবে না। শহরে ধিলোঁর প্রায় ২০০ জন সঙ্গী সক্রিয় বলেও দাবি করা হয়েছে। অমিতাভ ও অভিষেক, দু’জনেরই নাম করে হুমকি দেওয়া হয়েছে, বুলেটপ্রুফ কেবিন তৈরি করেও গুলি এড়াতে পারবেন না তাঁরা। পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও তোলা হয়েছে। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে পোস্টে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার দুই

শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিংহ ওরফে দীপকে গ্রেপ্তার করে। বিকাশ পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা, দীপক তরন তারনের। তদন্তকারীদের সন্দেহ, দু’টি পৃথক হামলার পরিকল্পনার মধ্যে যোগসূত্র থাকতে পারে। এর একটি ছিল মুম্বইয়ে অমিতাভের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ছক।

তদন্ত সূত্রে খবর, তোলা আদায়ের জন্য দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশকে। অভিযোগ, সেই কাজেই তিনি মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন। পরে দীপকেরও তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।

গত এক মাসে বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো তিনটি ইমেলে ‘জলসা’র নাম ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ১ নভেম্বর, রবিবার, অনুরাগীদের অভিবাদন জানাতে এসে অমিতাভকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়াতে দেখা গিয়েছিল।