ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় এশিয়ায় প্রথম বিরাট কোহলি। মার্কেটিং মাইন্ডের প্রকাশ করা ২০২৬ সালের তালিকায় ভারতীয় ক্রিকেটারের পরেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার কে-পপ গোষ্ঠী ব্ল্যাকপিঙ্কের লিসা। প্রায় ৭ কোটি ৮৬ লাখ অনুসারী নিয়ে দশম স্থানে ক্যাটরিনা কাইফ।
বলিউড তারকাদের মধ্যে শ্রদ্ধা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের অনুসারীর সংখ্যা কাছাকাছি। প্রতিবেদনের আনুমানিক হিসাব অনুযায়ী, শ্রদ্ধার অনুসারী ৯ কোটি ৪০ লাখ থেকে ৯ কোটি ৪৭ লাখ। প্রিয়াঙ্কার ৯ কোটি ২০ লাখ থেকে ৯ কোটি ৪৩ লাখ। আলিয়া ভট্টের অনুসারী ৮ কোটি ৫০ লাখ থেকে ৮ কোটি ৬৭ লাখ। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে সংখ্যাটা ৮ কোটি ৩ লাখ থেকে ৮ কোটি ৪ লাখ। ক্যাটরিনার অনুসারীর যে আনুমানিক হিসাব প্রতিবেদনে দেওয়া হয়েছে, তা ৭ কোটি ৮২ লাখ থেকে ৮ কোটি ২ লাখের মধ্যে।
এশিয়ার তালিকায় লিসার পাশাপাশি রয়েছেন ব্ল্যাকপিঙ্কের আরও তিন সদস্য জেনি, রোজে ও জিসু। ভারতীয় বিনোদনজগতে গায়িকা নেহা কক্কর, সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, উর্বশী রাউতেলা ও অক্ষয় কুমারেরও ইনস্টাগ্রামে বিপুলসংখ্যক অনুরাগী রয়েছেন।
অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবেও আন্তর্জাতিক পরিচিতি রয়েছে প্রিয়াঙ্কার। সম্প্রতি তিনি ‘জিমখানা ফাইন ফুডস’-এ বিনিয়োগ করেছেন। লন্ডনের দুই মিশেলিন তারকাপ্রাপ্ত ভারতীয় রেস্তরাঁ ‘জিমখানা’র বিশেষ পদগুলির স্বাদ বিশ্বের নানা প্রান্তের মানুষের ঘরের রান্নায় পৌঁছে দেওয়াই এই সংস্থার লক্ষ্য।
ক্যাটরিনা সম্প্রতি আট বছর পর ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ফিরেছেন। পত্রিকার ২০২৬ সালের নভেম্বর–ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদের জন্য তাঁর পোশাক তৈরি করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা। স্টাইলিং করেছেন রিয়া কাপুর। প্রচ্ছদকাহিনিতে উঠে এসেছে অভিনয়, ব্যবসা ও মাতৃত্ব নিয়ে ক্যাটরিনার অভিজ্ঞতা।
তালিকাটি প্রকাশ করে মার্কেটিং মাইন্ড লিখেছে, “ক্রিকেটের মাঠ থেকে বলিউডের পর্দা, সেখান থেকে আন্তর্জাতিক গানের চার্ট—এশিয়ার বহু বড় নাম ইনস্টাগ্রামে বিপুলসংখ্যক অনুরাগী পেয়েছেন। … ক্রিকেটের কিংবদন্তি, বিশ্বনেতা, বলিউড তারকা ও কে-পপ সুপারস্টারদের এই তালিকা দেখায়, সমাজমাধ্যমে তাঁদের জনপ্রিয়তা কতটা, কত মানুষের কাছে তাঁরা পৌঁছতে পারেন।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।