২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানো। খুন করা হয়েছিল তাঁর পরিবারের সাত জনকে। সেই মামলায় দোষী সাব্যস্ত দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে মঙ্গলবার তিনি ‘যন্ত্রণা, আঘাত ও অবিশ্বাস’ প্রকাশ করলেন। জানালেন, তিনি ‘আবার ভয় পাচ্ছেন’। এই আদেশের বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়ে বিলকিসের অভিযোগ, আদালত তাঁকে কিছু জানায়নি, তাঁর বক্তব্যও শোনেনি।
ওই দু’জন—বিপিনচন্দ্র কানাইয়ালাল জোশী এবং প্রদীপ রমনলাল মোধিয়া এই মামলায় দোষী সাব্যস্ত ১১ জনের মধ্যে রয়েছেন। গত ২৮ অক্টোবর এক আদেশে সুপ্রিম কোর্ট তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রেখে জামিন দেয়।
প্রবীণ আইনজীবী শোভা গুপ্তের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বিলকিস বলেন, “যন্ত্রণা, আঘাত আর অবিশ্বাসে নতুন করে চোখের জল ঝরছে। কথা আসছে ধীরে ধীরে। তবু এই বিবৃতি দিচ্ছি। এখনও বিশ্বাস করতে পারছি না, আবারও, এই নিয়ে দ্বিতীয় বার, আমাকে না ডেকে, আমার বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট একটি আদেশ দিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আমি সে কথা জানতে পারলাম।”
তিনি বলেন, “আমি তখন মাত্র ১৯ বছরের একটি মেয়ে। আমার পৃথিবী, আমার শিশুকন্যা, আমার পরিবার, আমার ঘর, মানবতার প্রতি আমার বিশ্বাস—সব কিছু নির্মমভাবে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই দিনের পর দীর্ঘ ২৪ বছর ধরে আমি ন্যায়বিচারের জন্য লড়তে উঠে দাঁড়িয়েছি—নিজের জন্য এবং সর্বত্র সব নারীর জন্য। বারবার, বারবার। এই ২৪ বছর ধরে নিজের ভিতরে এমন সাহসের ভাণ্ডার খুঁজে পেয়েছি, যার অস্তিত্ব আমার নিজেরই জানা ছিল না। পেরেছি শুধু এই কারণে যে, অগণিত মানুষের সমর্থন আর সংহতির কণ্ঠস্বর আমার কাছে পৌঁছেছিল।”
২০০২ সালে বিলকিসের পরিবারের যে সাত জনকে খুন করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিল তাঁর তিন বছরের মেয়েও।
বিলকিস বলেন, “আমি একের পর এক আদালতের দ্বারস্থ হয়েছি। প্রতিবার আমার ন্যায়ের দাবি স্বীকৃতি পেলে কৃতজ্ঞ হয়েছি; প্রতিবার ন্যায়বিচারের ধারণার প্রতি আমার বিশ্বাস ফিরে এসেছে। পরিবার ও বন্ধুদের ভালবাসায় নিজের জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার জীবন গড়ে তুলেছি। শান্তি চেয়েছি। হাসতে শিখেছি। অথচ আজ মনে হচ্ছে, এত কঠিন লড়াই করে যে ন্যায়বিচার অর্জন করেছিলাম, সেটাই হারিয়ে ফেলছি। পুরনো, চেনা ভয়গুলো আবার ফিরে আসছে। আমি আবার ভয় পাচ্ছি। নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। আর ভয় পাচ্ছি, ন্যায়বিচারের প্রতি বিশ্বাস আবারও হারিয়ে ফেলব।”
তাঁর প্রশ্ন, “যে লোকগুলো আমার সঙ্গে এ সব করেছে, মাননীয় সুপ্রিম কোর্ট কী করে এভাবে তাদের সাজা স্থগিত করে দিতে পারে? আমাকে জানানোর প্রয়োজনটুকুও কী করে মনে হল না? আদালতকক্ষে আমার কথাও শোনা হচ্ছে কি না, সেটুকু নিশ্চিত করার প্রয়োজনও কী করে মনে হল না?”
বিলকিস বলেন, “এই আদেশের বিরুদ্ধে আমি লড়ব। আমাকে লড়তেই হবে। আমার সন্তানদের জন্য আমি এই লড়াই করছি। এই ভয় আর ক্ষতের স্মৃতি বয়ে সারা জীবন কাটাতে তারা বাধ্য হবে কেন?… সর্বত্র সব নারীর জন্য আমি এই লড়াই করছি। কারণ কোনও নারীকে, কোনও নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষকে, কোনও নাগরিককে এই সমাজে তাঁরও স্থান আছে এবং তিনিও সমান অধিকারী—তা প্রমাণের এমন অন্তহীন পরীক্ষা দিয়ে যেতে হওয়া উচিত নয়। ন্যায়বিচারের জন্য কাউকে সারাটা জীবন লড়তে হওয়া উচিত নয়।”
যোগাযোগ করা হলে প্রবীণ আইনজীবী শোভা গুপ্ত জানান, বিলকিস এগিয়ে যাওয়ার এবং আদালতের আদেশকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “প্রথমে আমাদের দোষীদের দায়ের করা আবেদনের একটি প্রতিলিপি পেতে হবে। সেটা পেলেই বুঝতে পারব, ওরা ঠিক কী করেছে, কতটা তথ্য গোপন করেছে, কতটা বিভ্রান্ত করেছে। তারপর সুপ্রিম কোর্টে সাজা স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদন জানাব। পাশাপাশি, ওদের আপিল খারিজের আর্জি জানিয়ে তার জবাবও দাখিল করব।”
গুপ্ত আরও বলেন, “সাজা স্থগিত রাখার ক্ষেত্রে বিধানটি অত্যন্ত স্পষ্ট। কেউ যদি আদালতের সঙ্গে প্রতারণা করে বা তাকে বিভ্রান্ত করে কোনও আদেশ আদায় করে, তা হলে সেই আদেশ বাতিল বা প্রত্যাহারের আবেদন করা যায়… তাই সাজা স্থগিত রাখার আদেশ বাতিলের আবেদন আমাদের সামনে থাকা একটি আইনি প্রতিকার… আমরা অবিলম্বে তা করার পরিকল্পনা করছি।”
তবে তিনি জানান, দোষীদের আবেদনের প্রতিলিপি হাতে পাওয়ার পরেই কীভাবে এগোনো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইনি দল।
গত ২৮ অক্টোবরের আদেশে সুপ্রিম কোর্ট বলেছিল, “পক্ষগুলির বক্তব্য শোনার পর আপাতত এটুকু বলাই যথেষ্ট যে, আপিলকারীরা ১৭ বছরের বেশি সময় কারাবন্দি রয়েছেন। এটাও সত্য যে, তাঁদের এক জনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। এই আপিলে তথ্য ও আইন—উভয় দিক থেকেই কিছু প্রশ্নের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। উপরোক্ত পরিস্থিতি এবং আপিলে উত্থাপিত বিষয়গুলি বিবেচনা করে আমরা সাজা স্থগিত রাখছি এবং সংশ্লিষ্ট বিচারিক আদালত যে শর্তাবলি নির্ধারণ করবে, তার ভিত্তিতে আপিলকারীদের জামিন দিচ্ছি।”
২০০৮ সালের জানুয়ারিতে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত ওই ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ২০১৭ সালের মে মাসে বম্বে হাই কোর্ট সেই রায় বহাল রাখে।
বম্বে হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই দু’জনের আপিলে তাঁদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, তাঁদের এক জনের নাম এফআইআরে ছিল না এবং প্রায় তিন বছর পরে তাঁকে মামলায় জড়ানো হয়।
২০২২ সালের অগস্টে গুজরাত সরকার সাজা মকুব ও মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির নীতির আওতায় ওই ১১ জনকে মুক্তি দিয়েছিল। কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট সেই সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। সর্বোচ্চ আদালত জানায়, এমন আদেশ দেওয়ার এক্তিয়ার গুজরাত সরকারের ছিল না।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।