এফআইআর দায়েরের নির্দেশ পালন না করায় এক পুলিশ সুপারকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে জরিমানা করেছিলেন বিহারের এক বিচারবিভাগীয় আধিকারিক। সোমবার সেই বিচারককে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, “বাহুবলী হওয়ার চেষ্টা করবেন না।” বিচারকের আচরণে অসন্তোষ প্রকাশ করলেও পটনা হাই কোর্টকে তাঁর ব্যাখ্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিচারকের আইনজীবীকে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি যেন “বাহুবলী হওয়ার চেষ্টা না করেন।”
মন্তব্যটি করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন। ২০২৬ সালের ৮ অক্টোবর পটনা হাই কোর্ট এই ঘটনাকে “অদ্ভুত” ও “নজিরবিহীন” আখ্যা দিয়ে একটি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে বিচারকের আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে।
ঘটনার সূত্রপাত রোহতাস জেলার সাসারামের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারকের কয়েকটি নির্দেশে। তিনি রোহতাসের পুলিশ সুপারের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরু করেন। তার পরে “ইচ্ছাকৃত ভাবে আদালতের নির্দেশ অমান্য করার” অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৮৪ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রতীকী এক টাকা জরিমানা করেন। নিম্ন আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে একটি মামলার নির্যাতিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৩ ধারায় এফআইআর দায়ের করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিল দায়রা আদালত। তিনি সেই নির্দেশ পালন না করায় তাঁর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু হয়। এফআইআর দায়েরের নির্দেশকে হাই কোর্টে চ্যালেঞ্জ করা হয়। ৮ অক্টোবর হাই কোর্ট মামলার নথি তলব করে এবং রোহতাসের প্রধান জেলা বিচারকের কাছে রিপোর্ট চায়। নিজের নির্দেশে দায়রা আদালত নিম্ন আদালতের নির্দেশের প্রতি আইএএস ও আইপিএস পদমর্যাদার আধিকারিকদের কথিত উদাসীনতা নিয়েও মন্তব্য করেছিল। এই আধিকারিকদের গণতান্ত্রিক কাঠামোর প্রতি আরও সংবেদনশীল করে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থা ঢেলে সাজার আর্জিও জানানো হয়েছিল কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রককে।
সোমবার শুনানির সময় বিচারকের আইনজীবী প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের একটি বক্তব্য নিয়ে। হাই কোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, নিম্ন আদালতের পদক্ষেপ “তদন্তের বিষয় হতে পারে।” এর জবাবে বিচারপতি বাগচী বলেন, “অনেক অভিযান হয়েছে।” তিনি জানান, হাই কোর্টের নির্দেশে থাকা মন্তব্যগুলির “ধার কিছুটা কমিয়ে দেবে” সুপ্রিম কোর্ট। তবে আবেদনকারী বিচারককেও এ বার “থামতে হবে।”
বিচারক নিজেই মামলায় পক্ষ হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করে বেঞ্চ। বিচারপতি বাগচী বলেন, “আপনি কে? আপনি এখন মামলার একটি পক্ষ হয়ে গিয়েছেন… আদালতের সামনে সংঘটিত অপরাধ বা লঙ্ঘন সংক্রান্ত আইন নিয়ে আপনার বোধ দেখে আমরা সত্যিই বিস্মিত। আপনার নির্দেশ পালন না করা আদালতের সামনে সংঘটিত অপরাধ নয়। আগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৮৪ ধারা বা ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারার পরিধি ও ব্যাপ্তি বুঝতে হবে। ধরুন, এই আদালতে কেউ কাউকে চড় মারলেন, আদালতকে গালিগালাজ করলেন, কিংবা বেরিয়ে যেতে বলার পরেও এজলাস ছাড়তে অস্বীকার করলেন, সেটা আদালতের সামনে সংঘটিত অপরাধ। কিন্তু আমরা যদি বলি ‘ক’ এফআইআর দায়ের করবেন, আর ‘ক’ তা না করেন, তা হলে সেটা আদালতের সামনে অপরাধ বলে গণ্য হয় না।”
বিচারপতি বাগচী আরও বলেন, “আইন সম্পর্কে আপনার বোধও অত্যন্ত হতাশাজনক। এতটা আগ্রাসী অবস্থান নিয়েছেন! পুলিশ সুপারকে হাজির হতে বললেন, আর সে দিনই তাঁকে দোষী সাব্যস্ত করে জরিমানা করে দিলেন… বিষয়টি হাই কোর্টের উপরে ছেড়ে দিলে ভাল হত।” বিচারকের আইনজীবীকে তিনি বলেন, “আমরা আপনার আবেগ বুঝি। ন্যায়বিচারের জন্য আপনার উদ্যোগকেও আমরা মর্যাদা দিই। কিন্তু বিচারক হিসেবে আমরা কিছু পদ্ধতিগত বাধ্যবাধকতা ও শৃঙ্খলার মধ্যে কাজ করি। সে কথা ভুলে গেলে চলবে না। একজন জেলা বিচারক কি এমন আচরণ করতে পারেন? একটি ফৌজদারি মামলায় রায় দেওয়ার পরে বসে এ সব করবেন? আমরা বলব, এতে হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।”
তিনি আরও উল্লেখ করেন, বিচারক পুলিশ সুপারকে সশরীরে হাজির হতে বলেছিলেন এবং “তিনি হাজির না হওয়ায় সেটাকেই আদালতের সামনে সংঘটিত অপরাধ ধরে নিয়ে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিলেন? আপনি কি নিজের এক্তিয়ার ও অধিকারের মধ্যে ছিলেন?” এর পরেই প্রধান বিচারপতি ‘বাহুবলী’ মন্তব্যটি করেন। বিচারপতি বাগচী যোগ করেন, “বিচারকের নিজের এক্তিয়ারের সীমা জানা উচিত।”
আবেদনের নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “৮.১০.২০২৬ তারিখের সংশ্লিষ্ট নির্দেশে যে মন্তব্যই থাকুক না কেন, আমরা হাই কোর্টকে অনুরোধ করছি, আবেদনকারীর ব্যাখ্যা ও ক্ষমাপ্রার্থনা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বিচারাধীন মামলাটির নিষ্পত্তি করা হোক।”
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।