বাড়িতে থাকার অনুমতি মাত্র তিন ঘণ্টা। সেই তিন ঘণ্টার জন্যই সতর্ক গোটা পাঞ্জাব পুলিশ। অসমের জেল থেকে পাঞ্জাবের বাড়ি পৌঁছতে একাধিক উড়ান ধরতে হবে খাদুর সাহিবের সাংসদ তথা ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র নেতা অমৃতপাল সিংকে। এক পিঠের পথই দু’হাজার কিলোমিটারের বেশি। যাওয়া-আসা মিলিয়ে নিরাপত্তার বন্দোবস্ত করতে হচ্ছে প্রায় ৭২ ঘণ্টার জন্য।

ঠাকুমা চরণ কৌরের শেষকৃত্যে যোগ দিতে ২১ নভেম্বর প্যারোলে অমৃতসরের গ্রামের বাড়িতে ফিরবেন অমৃতপাল। গত ৮ নভেম্বর ৮৪ বছর বয়সে চরণ কৌর মারা যান। নাতি যাতে ঠাকুমাকে শেষবারের মতো দেখতে পান, সে জন্য পরিবার এত দিন দাহকার্য স্থগিত রেখেছে। ১৭ নভেম্বর অমৃতসরের একটি আদালত অমৃতপালের প্যারোলের আবেদন মঞ্জুর করে।

২০২৩ সালের ২৩ এপ্রিল জাতীয় নিরাপত্তা আইনে আটক করে খলিস্তানপন্থী এই নেতাকে অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তার পর এই প্রথম তিনি বাড়ি ফিরবেন। এর মধ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জেলে বসেই খাদুর সাহিব আসন থেকে জিতেছেন তিনি।

সামনেই পাঞ্জাব বিধানসভার ভোট। অমৃতপালের দলও নির্বাচনে লড়ছে। তাঁকে ঘিরে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। সম্প্রতি পাঞ্জাবে বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনার সঙ্গে অপরাধী চক্রের যোগের কথা উঠে এসেছে। খলিস্তানপন্থীরাও ওই সব ঘটনার দায় স্বীকার করেছে। পাঞ্জাব সরকার আগেই জানিয়েছিল, আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে অমৃতপালকে বেশি দিন অমৃতসরে রাখা রাজ্যের স্বার্থে সমীচীন হবে না।

নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পাঞ্জাব পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের স্পেশাল ডিজিপি পি কে সিনহা। তাঁর কথায়, উড়ানের সংখ্যা কম। তাই আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অমৃতপালকে শেষকৃত্যে পৌঁছে দেওয়ার বিষয়টি পুলিশকেই নিশ্চিত করতে হবে। অমৃতসর গ্রামীণ পুলিশের এসএসপি কনওয়ালপ্রীত সিং চাহল জানান, প্রয়োজনীয় ব্যবস্থা করতে তাঁরা ডিব্রুগড়ের জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জেল থেকে রওনা হওয়া থেকে সেখানে ফেরা পর্যন্ত অমৃতপাল পাঞ্জাব পুলিশের হেফাজতেই থাকবেন। যাতায়াত ও সঙ্গে থাকা পুলিশকর্মীদের যাবতীয় খরচ তাঁকেই বহন করতে হবে।

অমৃতপালের গ্রামেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। পরিবার পুলিশকে আশ্বাস দিয়েছে, তারা বড় জমায়েত হতে দেবে না। চাহল জানিয়েছেন, গ্রামে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশ রয়েছে। প্রয়োজনে আরও পুলিশ মোতায়েনের ব্যবস্থাও করেছেন ঊর্ধ্বতন কর্তারা। সিনহা বলেন, “আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে এটা শোকের সময়। আশা করি, এই উপলক্ষকে অন্য কোনও কাজে লাগানো হবে না। অমৃতপাল সিংয়ের আইনজীবীরাও আদালতকে এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন।”

অমৃতসরের অতিরিক্ত দায়রা বিচারক পরিন্দর সিং জানিয়েছেন, মানবিক কারণে প্যারোল মঞ্জুর করা হয়েছে। শর্ত অবশ্য কঠোর। নিজের গ্রাম ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না অমৃতপাল। মামলায় সরকারপক্ষের কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সংবাদমাধ্যমে বা জনসমাবেশে বক্তব্য রাখতেও নিষেধাজ্ঞা রয়েছে। পরিবারের সদস্য ছাড়া আর কারও সঙ্গে যোগাযোগের অনুমতি নেই। আদালতের নির্দেশ, রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এমন কোনও কাজ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে করতে পারবেন না তিনি।

২২ ও ২৩ নভেম্বর দাহের পরের আচার-অনুষ্ঠানে অমৃতপাল যাতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে পারেন, পাঞ্জাব সরকারকে সেই ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে জেলবন্দি এক সঙ্গীকে ছাড়াতে অমৃতপাল ও তাঁর সমর্থকেরা আজনালা থানায় হামলা চালান বলে অভিযোগ। মাসখানেক ধরে তল্লাশির পর অমৃতপালকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক রেখে ডিব্রুগড়ে পাঠানো হয়েছিল। ২০২৬ সালের ২২ এপ্রিল ওই আইনে আটকের তিন বছরের মেয়াদ শেষ হয়। তার পর আজনালা থানায় হামলার মামলায় তাঁকে আনুষ্ঠানিক ভাবে ফের গ্রেপ্তার করা হয়।