মুম্বই:

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (FRRO)-এর দেওয়া বিতর্কিত ‘লিভ ইন্ডিয়া নোটিস’ (Leave India Notice)-কে চ্যালেঞ্জ করে অভিনেতা ইমরান খানের দায়ের করা মামলায় স্বস্তি মিলল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আদালতে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ার পর বম্বে হাইকোর্ট এই মামলার শুনানি আগামী নভেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত মুলতবি করেছে। আদালতের এই পদক্ষেপে অভিনেতা আগামী ২৮ অক্টোবরের নির্ধারিত ডেডলাইনের পরেও আপাতত ভারতেই থাকতে পারছেন।

গত ১৪ অক্টোবর এফআরআরও (FRRO), মুম্বইয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ডধারী অভিনেতা ইমরান খানকে একটি নোটিস জারি করা হয়। ওই নির্দেশিকায় তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছিল।

এই নির্দেশকে ‘স্বেচ্ছাচারী’ ও ‘আইন বহির্ভূত’ আখ্যা দিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। ইমরানের আইনজীবীদের দাবি, তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই একতরফাভাবে এই নোটিস ধরানো হয়েছে। মাত্র দুই বছর বয়স থেকে ভারতে বসবাস করা এবং দেশের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক ও পেশাগত যোগসূত্র থাকার কথা উল্লেখ করে পিটিশনে আইনি লড়াইয়ের কথা বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি উঠলে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেলের অনুপস্থিতির কারণে অতিরিক্ত সলিসিটর জেনারেল শুনানির সময় বৃদ্ধির আর্জি জানান। পাশাপাশি আদালতের কাছে মৌখিক আশ্বাস দেওয়া হয় যে, আগামী শুনানির আগে ওই নোটিস কার্যকর করা হবে না। আদালত সেই আশ্বাস রেকর্ড করে আগামী ২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।