দিল্লির রেস কোর্স এলাকায় অবস্থিত এয়ার ফোর্স স্টেশনের প্রায় ৪০ একর জমি কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ বা দখলের প্রক্রিয়া ঘিরে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ৩১ অক্টোবর বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার ঠিক প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি লিখে এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন বিদায়ী এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লোককল্যাণ মার্গে অবস্থিত এই কৌশলগত জমিটি বায়ুসেনার হাতছাড়া না করার জোরালো আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে উঠে এসেছে যে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দিল্লির রেস কোর্স এলাকার জমিতে নিয়ন্ত্রণ নেওয়া বা সিল করার প্রক্রিয়া চালু করেছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই বায়ুসেনার ঐতিহাসিক স্পোর্টস কমপ্লেক্স এবং গল্‌ফ কোর্সটি বন্ধ হয়ে গিয়েছে। বিদায়ী বায়ুসেনা প্রধান প্রতিরক্ষামন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে, ১৯৪০-এর দশকে তৈরি এই রেস কোর্স এয়ার ফোর্স স্টেশনটি কেবল খেলাধুলো বা বিনোদনের ক্ষেত্র নয়; এটি বায়ুসেনার প্রধান কার্যালয়ের ৫,০০০-এরও বেশি কর্মীর প্রশাসনিক সহায়তা প্রদান, অগ্নিবীরদের প্রশিক্ষণ, আধুনিক নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলা এবং ড্রোন প্রতিরক্ষা মহড়ার মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামরিক অপারেশনে সরাসরি ব্যবহৃত হয়ে থাকে।

উল্লেখ্য, রেস কোর্সের এয়ার ফোর্স স্টেশনের ৪০ একর জমির পাশাপাশি একই চত্বরে অবস্থিত দিল্লি রেস ক্লাবের ৫৩ একর, দিল্লি জিমখানা ক্লাবের ২৭ একর এবং জয়পুর পোলো গ্রাউন্ডের জমিও কেন্দ্রীয় সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কেন্দ্রীয় ভূমি ও উন্নয়ন দফতরের (L&DO) পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি অবস্থিত এই সমস্ত ‘প্রাইম ল্যান্ড’ বা অতি গুরুত্বপূর্ণ জমিগুলিকে জনস্বার্থে এবং প্রতিরক্ষা-নিরাপত্তার ক্ষেত্রে আরও কার্যকরভাবে ব্যবহারের মাস্টারপ্ল্যান তৈরি করছে কেন্দ্র।