নয়াদিল্লি: সরকারি বা স্পর্শকাতর তথ্য আদানপ্রদানে হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলার পরামর্শ দিল কেন্দ্র। বিশেষত অফিসের, ভাগাভাগি করে ব্যবহার করা বা সর্বজনীন কম্পিউটারে এই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে। কেন্দ্রের সতর্কবার্তা, হোয়াটসঅ্যাপ ওয়েবের কোনও সক্রিয় সেশন খোলা থাকলে সেই সুযোগে সাইবার অপরাধীরা অ্যাকাউন্টের দখল নিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার অপরাধ দমন শাখা প্রতি বার ব্যবহারের পরে নিজে হাতে লগ-আউট করারও পরামর্শ দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) এবং তার ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট নতুন একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের চালু সেশন কাজে লাগিয়ে কেউ বেআইনি ভাবে অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। সে ক্ষেত্রে দুষ্কৃতীরা মেসেজ পড়তে পারে, অ্যাকাউন্টের মালিক সেজে অন্যদের বার্তা পাঠাতে পারে, কন্ট্যাক্ট তালিকা ও গ্রুপের কথোপকথন দেখে নিতে পারে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর প্রতি অন্যদের আস্থাকে কাজে লাগিয়ে প্রতারণা, ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলাও চালাতে পারে তারা।

নির্দেশিকায় আই৪সি আরও জানিয়েছে, ব্রাউজ়ারের উইন্ডো বা ট্যাব বন্ধ করে দিলেই লগ-ইন করা সেশন শেষ হয়ে যায় না। প্রতি বার ব্যবহারের পরে ব্যবহারকারীকে নিজেকেই লগ-আউট করতে হবে। নির্দেশিকার বক্তব্য, “হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষত অফিসের কম্পিউটার, একাধিক জনের ব্যবহার করা যন্ত্র, সর্বজনীন কম্পিউটার বা অন্যেরা হাত দিতে পারেন এমন যে কোনও ডিভাইসে। হোয়াটসঅ্যাপ ওয়েবে সরকারি বা স্পর্শকাতর কাজ এড়িয়ে চলুন। সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও স্পর্শকাতর তথ্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আদানপ্রদান না করাই বাঞ্ছনীয়।”

ভাগাভাগি করে ব্যবহার করা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতেই হলে ঝুঁকি কমাতে ব্রাউজ়ারের ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজ়িং মোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আই৪সি। সাইবার ক্যাফে, সর্বজনীন কিয়স্ক, হোটেলের বিজ়নেস সেন্টার, ধার করা ল্যাপটপ বা অন্য কোনও অচেনা কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে লগ-ইন না করতেও বলা হয়েছে।

এর পাশাপাশি নির্দেশিকায় ডিভাইস, অপারেটিং সিস্টেম ও ব্রাউজ়ার সুরক্ষিত রাখা এবং নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত আপডেট করার কথা বলা হয়েছে। সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল এবং ক্র্যাক করা সফটওয়্যার থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে আই৪সি।