নতুনতম জিএলপি-১ ওষুধ শুধু খিদে নয়, হাঁটুর অবস্থাও বদলে দিতে পারে।

রেটাট্রুটাইড নিয়ে নতুন দু’টি বৃহৎ পরীক্ষার সম্মিলিত ফলাফল থেকে এমনই এক কৌতূহলোদ্দীপক সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। এখনও পর্যন্ত তৈরি হওয়া জিএলপি-১ রিসেপ্টর সক্রিয়কারী ওষুধগুলির মধ্যে রেটাট্রুটাইডই সবচেয়ে শক্তিশালী।

রবিবার অরল্যান্ডোয় আমেরিকান কলেজ অব রিউম্যাটোলজির বার্ষিক সম্মেলনে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে তা প্রকাশিত হয়েছে ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ। গবেষণায় অংশ নিয়েছিলেন স্থূলতা এবং যন্ত্রণাদায়ক হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত এক হাজারেরও বেশি নারী-পুরুষ। তাঁদের কাউকে সপ্তাহে একবার বিভিন্ন মাত্রায় রেটাট্রুটাইডের ইঞ্জেকশন দেওয়া হয়, কাউকে দেওয়া হয় প্লাসিবো—অর্থাৎ সক্রিয় ওষুধবিহীন ইঞ্জেকশন। গবেষণার অর্থ জুগিয়েছে ওষুধটির প্রস্তুতকারক সংস্থা এলি লিলি অ্যান্ড কোম্পানি।

অন্তত ৬৮ সপ্তাহ পরে রেটাট্রুটাইড নেওয়া প্রায় প্রত্যেকেই জানান, তাঁদের হাঁটুর ব্যথা অনেকটা কমেছে। সপ্তাহে ১২ মিলিগ্রামের মতো বেশি মাত্রা কিংবা তুলনায় কম, ৪ মিলিগ্রাম মাত্রা—দু’ক্ষেত্রেই এই সুফল দেখা গিয়েছে।

ওষুধ নেওয়া ব্যক্তিদের ওজনও যথেষ্ট কমেছে। কারও কারও শরীরের ওজন কমেছে ২৪ শতাংশ পর্যন্ত।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের স্নায়ুরোগ ও অস্থিরোগের সহকারী অধ্যাপক জয় কারি বলেন, “এই পরীক্ষাগুলি নিশ্চিত করছে যে, জিএলপি-১-এর মতো শক্তিশালী ওজন কমানোর ওষুধ স্থূলতা ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত মানুষকে অন্তত আমাদের বর্তমানে ব্যবহৃত সেরা ওষুধগুলির সমান ব্যথা উপশম দিতে পারে।” জিএলপি-১ ও বাতরোগ নিয়ে গবেষণা করেছেন কারি, তবে নতুন পরীক্ষাগুলির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।

রেটাট্রুটাইডের এই গবেষণা অন্য ধরনের জিএলপি-১ ওষুধ নিয়ে সাম্প্রতিক গবেষণার পরিধি আরও বাড়িয়েছে। সেই সব গবেষণায় দেখা গিয়েছে, এই ওষুধগুলি শরীরের সামগ্রিক স্বাস্থ্য ও বিপাকক্রিয়ায় বহুবিধ সুফল দিতে পারে। হৃদ্‌রোগ, ঘুমের মধ্যে শ্বাস বারবার বন্ধ হয়ে যাওয়া বা স্লিপ অ্যাপনিয়া এবং কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি, এখন সেই তালিকায় যুক্ত হল বাতের ব্যথা কমানোর সম্ভাবনাও।

তবে এই ফলাফল বেশ কিছু জরুরি নতুন প্রশ্নও তুলেছে। বিশেষ করে, রেটাট্রুটাইড এবং অন্য জিএলপি-১ ওষুধ কী ভাবে হাঁটুর ব্যথা কমায়? মূলত ওজন কমানোর মাধ্যমেই কি তারা কাজ করে, নাকি সরাসরি হাঁটুর ভিতরেও পরিবর্তন ঘটাতে পারে? আর বাতের সমস্যায় ভোগা মানুষের কাছে সেই উত্তরের তাৎপর্যই বা কী?

রেটাট্রুটাইড কী?

বিজ্ঞানীদের পরিভাষায় রেটাট্রুটাইড হল তিনটি হরমোনের রিসেপ্টর সক্রিয়কারী ওষুধ। সহজ করে বললে, ওজন কমানোর সঙ্গে সম্পর্কিত তিনটি হরমোনের কাজ অনুকরণ করে এটি। ওই তিনটির মধ্যে একটি হল জিএলপি-১, যার পুরো নাম গ্লুকাগন-লাইক পেপটাইড-১।

রেটাট্রুটাইড এখনও পরীক্ষাধীন। অর্থাৎ, মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ এখনও এর অনুমোদন দেয়নি। বেশ কয়েকটি বৃহৎ পরীক্ষায় জিএলপি-১-সম্পর্কিত ওষুধগুলির মধ্যে শরীরের ওজন সবচেয়ে বেশি কমাতে পেরেছে যে ওষুধগুলি, রেটাট্রুটাইড তার অন্যতম।

কিন্তু হাঁটুর ব্যথাও কি কমাতে পারে এটি? অন্য গবেষণায় দেখা গিয়েছিল, আগের প্রজন্মের জিএলপি-১ ওষুধ মানুষের হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করেছে। স্থূলতা ও হাঁটুর বাত রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে এই ওষুধ ব্যবহারের সঙ্গে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের প্রয়োজন কম হওয়ার সম্পর্কও পাওয়া গিয়েছিল।

প্রাণীদের উপর গবেষণায় এমন ইঙ্গিতও মিলেছিল যে, স্থূল ইঁদুরকে জিএলপি-১ ওষুধ দিলে তাদের হাঁটুর স্বাস্থ্যের উন্নতি হয়—ওজন কমুক বা না-কমুক।

তবে সেই গবেষণাগুলিতে অত্যন্ত শক্তিশালী রেটাট্রুটাইড ব্যবহার করা হয়নি।

হাঁটুর ব্যথায় বিভিন্ন মাত্রার পরীক্ষা

নতুন গবেষণার জন্য তাই বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এমন কয়েকশো নারী-পুরুষকে বেছে নেন, যাঁদের স্থূলতা ও মাঝারি মাত্রার হাঁটুর বাত রয়েছে, কিন্তু ডায়াবেটিস নেই। দৈবচয়নের ভিত্তিতে তাঁদের কাউকে প্লাসিবো, কাউকে বিভিন্ন মাত্রায় রেটাট্রুটাইড দেওয়া হয়।

চূড়ান্ত গবেষণাপত্রে পৃথক দু’টি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষার তথ্য তুলনা করে একত্রে বিশ্লেষণ করা হয়েছে। এফডিএ কোনও ওষুধের অনুমোদন দেওয়ার আগে এই পর্যায়ের পরীক্ষায় তার কার্যকারিতা যাচাই করা হয়।

অংশগ্রহণকারীরা তাঁদের জন্য নির্ধারিত মাত্রার ইঞ্জেকশন নেন ৬৮ অথবা ৮০ সপ্তাহ ধরে। এই সময় বিজ্ঞানীরা নির্দিষ্ট বিরতিতে তাঁদের ওজন, হাঁটুর ব্যথা, শারীরিক কাজকর্মের ক্ষমতা এবং বিপাকীয় স্বাস্থ্যের বিভিন্ন দিক পরীক্ষা করেন। শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্যে ছিল, যেমন, মেঝে থেকে কত সহজে উঠে দাঁড়াতে পারছেন বা সিঁড়ি ব্যবহার করতে পারছেন তাঁরা।

পরীক্ষার শেষে দেখা যায়, রেটাট্রুটাইডের যে কোনও মাত্রা নেওয়া ব্যক্তিদেরই ওজন যথেষ্ট কমেছে। কমেছে হাঁটুর ব্যথাও।

গবেষণার প্রধান, শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফাইনবার্গ স্কুল অব মেডিসিনের বাতরোগ বিশেষজ্ঞ টমাস শ্নিৎজার বলেন, দু’টি ক্ষেত্রেই ওষুধটি “অত্যন্ত কার্যকর” হয়েছে।

তিনি জানান, পরীক্ষা শেষে ওষুধ নেওয়া প্রায় প্রত্যেকেরই চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মের ক্ষমতা বেড়েছিল। উচ্চ রক্তচাপ এবং প্রদাহের সঙ্গে সম্পর্কিত প্রোটিনের মাত্রাসহ বিপাকীয় স্বাস্থ্যের বহু সূচকেও উন্নতি দেখা গিয়েছে।

কিছু ফলাফলের ব্যাখ্যা সহজ নয়

তবে কিছু ফল গবেষকদের ধন্দেও ফেলেছে। সাধারণ ভাবে, যাঁরা ওষুধের সর্বোচ্চ মাত্রা নিয়েছেন, তাঁদের ওজন বেশি কমেছে। কিন্তু হাঁটুর ব্যথার উন্নতি হয়েছে মোটামুটি একই পরিমাণে, ওষুধের মাত্রা যা-ই হোক না কেন।

অনেকে আবার জানিয়েছেন, পরীক্ষা মোটামুটি অর্ধেক পথ পেরোনোর সময়ই হাঁটুর উপকারের মাত্রা একটি জায়গায় এসে থেমে যায়। অথচ তার পরেও আরও কয়েক মাস তাঁদের ওজন কমতে থাকে।

কারি বলেন, “ব্যথা আর ওজনের এই অসামঞ্জস্য কৌতূহলোদ্দীপক।” তবে এর ব্যাখ্যা করাও কঠিন। তিনি মনে করিয়ে দেন, গবেষণার শুরুতে অধিকাংশ অংশগ্রহণকারীর বাতের ব্যথা ছিল মাঝারি মাত্রার। ফলে ব্যথা আরও কতটা কমতে পারে, তার সুযোগই হয়তো সীমিত ছিল।

অথবা এমনও হতে পারে, অস্থিসন্ধিতে ওষুধের প্রভাব পড়ার সময়ক্রম এবং শরীরের ওজন কমার সময়ক্রম আলাদা।

হাঁটুতে কী পরিবর্তন ঘটাল ওষুধ?

এই ফলাফলের সবচেয়ে আকর্ষণীয় অনুত্তরিত প্রশ্ন সম্ভবত এটিই: হাঁটুর উপকার কি ওজন কমার ফল, নাকি ওজন কমার বাইরেও ওষুধটির কোনও স্বতন্ত্র প্রভাব রয়েছে?

শরীরের ভার কম বহন করতে হচ্ছে বলেই কি হাঁটুর ব্যথা কমেছে? নাকি রেটাট্রুটাইড কোনও ভাবে সরাসরি অস্থিসন্ধির ভিতরে কাজ করেছে—হয়তো প্রদাহ কমিয়েছে, অথবা অন্য কোনও উপায়ে তরুণাস্থির স্বাস্থ্য রক্ষা করেছে?

শরীরের ওজনের উপর প্রভাবের বাইরে গিয়ে ওষুধটি যদি সরাসরি হাঁটুর ব্যথা কমায়, তবে ভবিষ্যতে বাতের রোগীদের চিকিৎসায় এটি একটি বিকল্প হয়ে উঠতে পারে—তাঁরা ওজন কমাতে চান বা না-চান।

জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বাতরোগ বিশেষজ্ঞ ক্রিস্টেন ম্যাথিয়াস বলেন, ধারণাটি “জৈবিক দিক থেকে সম্ভব”। তিনি অস্থিসন্ধির রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা করেন, তবে নতুন গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না।

ম্যাথিয়াস জানান, হাঁটুর মধ্যে এমন রিসেপ্টর রয়েছে, যা জিএলপি-১ হরমোনে সাড়া দেয়। ইঁদুরের উপর সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, জিএলপি-১ রিসেপ্টর সক্রিয়কারী ওষুধ বাতগ্রস্ত হাঁটুর তরুণাস্থি ও অন্য কলার স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে। ওষুধ নেওয়ার পরেও প্রাণীগুলির ওজন না-কমলেও এই উপকার পাওয়া গিয়েছে।

তিনি আরও জানান, তীব্র ব্যথাযুক্ত হাঁটুর বাতের রোগীদের হাঁটুর ভিতরে সরাসরি একটি জিএলপি-১ ওষুধের ইঞ্জেকশন দেওয়ার প্রভাব নিয়ে গবেষণাকে সম্প্রতি দ্রুত অগ্রগতির বিশেষ মর্যাদা দিয়েছে এফডিএ। ওই ওষুধটি অবশ্য রেটাট্রুটাইড নয়। এই গবেষণার ফল থেকে বোঝা যাওয়ার কথা, জিএলপি-১ ওষুধের সুফল সরাসরি নির্দিষ্ট অস্থিসন্ধিতে সীমাবদ্ধ রাখা সম্ভব কি না। তবে দ্রুত অগ্রগতির মর্যাদা পাওয়া সত্ত্বেও পরীক্ষাটি শেষ হতে সম্ভবত কয়েক বছর লাগবে।

এদিকে শ্নিৎজার বলেন, রেটাট্রুটাইড ঠিক কী ভাবে হাঁটুর ব্যথা কমিয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন গবেষণাটি পরিকল্পিত হয়নি। যদিও তাঁর কথায়, “এমনটা অবশ্যই সম্ভব” যে, ওজন কমানো এবং হাঁটুর ভিতরের পরিবেশ বদলানো—দু’ভাবেই ওষুধটি কাজ করেছে।

তিনি জানান, ওষুধটি অস্থিসন্ধির গঠনে কোনও পরিবর্তন এনেছে কি না, তা দেখার জন্য গবেষণায় অংশগ্রহণকারীদের হাঁটুর স্ক্যান করা হয়নি। রেটাট্রুটাইড এবং অন্য জিএলপি-১ রিসেপ্টর সক্রিয়কারী ওষুধ ঠিক কী ভাবে কাজ করে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

আগামী বছরের গোড়ায় রেটাট্রুটাইডের অনুমোদন চেয়ে এফডিএ-র কাছে আবেদন করতে পারে এলি লিলি। স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার চিকিৎসায় ওষুধটির অনুমোদন চাওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেই তালিকায় থাকবে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসও—জিএলপি-১ রিসেপ্টর সক্রিয়কারী ওষুধের শ্রেণিতে যা হবে প্রথম।